মোঃ রফিকুল ইসলাম নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি।
‘পরিচ্ছন্ন থাকি, সুস্থ থাকি, সবুজ বাংলাদেশ গড়ি’—এই স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের নাগেশ্বরীতে নির্মল বায়ু ও পরিবেশ রক্ষা মঞ্চের উদ্যোগে পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) সকালে নাগেশ্বরী কলেজ মোড়ে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিন।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক সহকারী অধ্যাপক গোলাম রসুল রাজা, সংগঠনের উপদেষ্টা ওমর ফারুক, সভাপতি মো. জাহিদুল ইসলাম খান এবং সাধারণ সম্পাদক মোজাম্মেল হক দুদু।
বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, নির্মল বায়ু নিশ্চিতকরণ এবং সুস্থ ও বাসযোগ্য সমাজ গড়ে তুলতে পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণের বিকল্প নেই। পরিবেশ রক্ষায় শুধু আনুষ্ঠানিক কর্মসূচি নয়, বরং প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এ জন্য যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলা, প্লাস্টিকের ব্যবহার কমানো, বেশি বেশি গাছ লাগানো এবং লাগানো গাছের পরিচর্যা নিশ্চিত করার আহ্বান জানান তাঁরা।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন বলেন, পরিবেশ রক্ষা শুধু প্রশাসনের একার দায়িত্ব নয়। এ কাজে জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সর্বস্তরের মানুষের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন। পরিচ্ছন্ন ও সবুজ নাগেশ্বরী গড়ে তুলতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
উপজেলা বিএনপির আহ্বায়ক সহকারী অধ্যাপক গোলাম রসুল রাজা বলেন, পরিবেশ দূষণ রোধ ও সবুজায়নে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর ও বাসযোগ্য পৃথিবী রেখে যেতে এখন থেকেই পরিবেশবান্ধব কার্যক্রম জোরদার করা জরুরি।
সংগঠনের উপদেষ্টা ওমর ফারুক বলেন, পরিবেশ রক্ষার আন্দোলন একটি দীর্ঘমেয়াদি সামাজিক দায়িত্ব। এ আন্দোলন সফল করতে তৃণমূল পর্যায়ে জনসচেতনতা সৃষ্টি করতে হবে।
সভাপতি মো. জাহিদুল ইসলাম খান বলেন, নাগেশ্বরীকে পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য উপজেলা হিসেবে গড়ে তুলতে নির্মল বায়ু ও পরিবেশ রক্ষা মঞ্চ কাজ করে যাচ্ছে। পরিবেশ সুরক্ষায় এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
সাধারণ সম্পাদক মোজাম্মেল হক দুদু বলেন, শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর পরিচর্যা ও সংরক্ষণও নিশ্চিত করতে হবে। পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে পরিণত করতে সংগঠনের পক্ষ থেকে ধারাবাহিক কর্মসূচি গ্রহণ করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও প্রেসক্লাব নাগেশ্বরীর সভাপতি মো. রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জসিজুল হক লিটন, দপ্তর সম্পাদক মো. আব্দুল আজিজ বাদল, মহিলা বিষয়ক সম্পাদক দুলালী খাতুন, প্রচার সম্পাদক আল আমিন হক রবি এবং সংগঠনের উপজেলা ও শহর শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
কর্মসূচির মাধ্যমে পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে পরিবেশ সুরক্ষায় জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি একটি সবুজ ও বাসযোগ্য নাগেশ্বরী গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।