• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনাম
যুক্তরাজ্যে মার্কিন বিমানঘাঁটির আকাশে ড্রোন, বাড়তি সতর্কতা হরমুজে নৌমাইনে আঘাত, আগুনে পুড়ল দুই তেলবাহী জাহাজ টাক মাথা নিয়ে সংকোচ নয়, সৌন্দর্য উদযাপনের দিন আজ আলোচনার মাধ্যমেই শিক্ষকদের দাবি পূরণ করা হবে: হুইপ অপু নাগেশ্বরীতে পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত বিদায়ের পরও অক্ষত থাকবে রোনালদোর স্মৃতি, পাচ্ছেন বিশেষ সম্মাননা শক্তিশালী হচ্ছে লঘুচাপ, তিন বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দিচ্ছে সরকার, ৮০ শতাংশ নারী: জুবাইদা রহমান মণিপুরে যাত্রীবাহী গাড়িতে গুলি, মা-ছেলেসহ নিহত ৪ লক্ষ্মীপুরে নারিকেলের বাম্পার ফলন, বাজারমূল্য ২০০ কোটি টাকারও বেশি

আলোচনার মাধ্যমেই শিক্ষকদের দাবি পূরণ করা হবে: হুইপ অপু

Reporter Name / ১৬ Time View
Update : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

শিক্ষকদের যৌক্তিক দাবি-দাওয়া আলোচনার মাধ্যমে পর্যায়ক্রমে পূরণ করা হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। তিনি বলেছেন, শিক্ষকদের দাবি আদায়ে রাজপথে নামতে হবে না। বর্তমান সরকার গণতান্ত্রিক এবং শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।

শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে নবগঠিত সংগঠন ‘প্রাইমারি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’ (পিট্যাব)-এর প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হুইপ অপু বলেন, শিক্ষকদের উত্থাপিত দাবিগুলো যৌক্তিক। আলোচনার মাধ্যমে একে একে এসব দাবি পূরণ করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

শিক্ষকদের জাতির অভিভাবক উল্লেখ করে তিনি বলেন, একজন শিক্ষকের গুরুত্ব অপরিসীম। শিক্ষার্থীরাই ভবিষ্যতে দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, প্রধান বিচারপতিসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। অভিভাবকেরা দিনের বড় একটি সময় সন্তানদের বিদ্যালয়ে রেখে যান। সেখানে শিক্ষকরা শিক্ষা, আদর ও স্নেহ দিয়ে তাদের দক্ষ ও যোগ্য মানুষ হিসেবে গড়ে তোলেন। এ কারণেই শিক্ষকরা জাতির অভিভাবক।

শিক্ষকদের উদ্দেশে তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শিক্ষকদের যে সম্মান ও মর্যাদার চোখে দেখেন, তা ধরে রাখতে হবে। তাঁর দাবি, বিগত সরকার দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তুলনায় বেসরকারি বিদ্যালয়ে এখন শিক্ষার্থী ভর্তির হার বেশি বলেও মন্তব্য করেন তিনি।

শিক্ষা খাতের বিভিন্ন সমস্যা তুলে ধরে হুইপ অপু বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে মেয়েদের তুলনায় ছেলেদের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে, যা জাতির জন্য উদ্বেগজনক। প্রাথমিক বিদ্যালয়ের আগের গৌরব ফিরিয়ে আনতে শিক্ষকদের নিজস্ব কৌশল ও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। তাঁর মতে, আগামী প্রজন্ম কেমন হবে, তা অনেকাংশেই নির্ভর করছে শিক্ষকদের ওপর।

অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে অধ্যক্ষ সেলিম ভূঁইয়া এমপি বলেন, শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয়, তাহলে শিক্ষকরা সেই শিক্ষার মেরুদণ্ড। শিক্ষকদের সামাজিক মর্যাদা, আর্থিক সচ্ছলতা ও চাকরির নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন। অন্যথায় মেধাবীরা শিক্ষকতা পেশায় আসতে আগ্রহী হবেন না।

তিনি শিক্ষকদের জন্য পৃথক বেতন স্কেল প্রণয়ন, পর্যাপ্ত প্রশিক্ষণের ব্যবস্থা এবং গবেষণায় উৎসাহ দেওয়ার আহ্বান জানান। পাশাপাশি শিক্ষার্থীদের শৃঙ্খলা ফিরিয়ে আনতে শিক্ষকদের প্রয়োজনীয় কর্তৃত্ব ও সম্মান নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন।

প্রাথমিক বিদ্যালয়ের ক্লাসের সময়সূচি নিয়েও প্রশ্ন তোলেন সেলিম ভূঁইয়া। তিনি বলেন, সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ক্লাস চালু রাখা ছোট শিশুদের জন্য কঠিন। অনেক শিক্ষার্থী এত দীর্ঘ সময় বিদ্যালয়ে থাকতে চায় না। তাই প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত করার প্রস্তাব দেন তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে সংসদ সদস্য আনিসুর রহমান তালুদার খোকন বলেন, শহীদ জিয়াউর রহমানের আদর্শ ধারণ করার পাশাপাশি তা বাস্তব জীবনেও প্রতিফলিত করতে হবে। বিএনপির নেতা পরিচয় দিয়ে বিদ্যালয়ে অনুপস্থিত থাকা বা দায়িত্বে অবহেলা করা যাবে না বলে মন্তব্য করেন তিনি।

সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম বলেন, সত্যিকারের মানুষ, সমাজ ও বাংলাদেশ গঠনে শিক্ষকদের অবদান অনস্বীকার্য। নিরক্ষরমুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাজনীতিতে এসেছিলেন এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া প্রাথমিক শিক্ষাকে অবৈতনিক করেছিলেন বলে উল্লেখ করেন তিনি। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন বলে মন্তব্য করেন।

শিক্ষকদের শুধু চাকরিজীবী হিসেবে বিবেচনা না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। শিক্ষার্থীদের জীবনে তাঁদের প্রভাব দীর্ঘস্থায়ী। তাই শিক্ষকদের অবহেলা করা যাবে না। শিক্ষাঙ্গনে রাজনীতি না করে শিক্ষার্থীদের আদর্শবান হিসেবে গড়ে তোলার ওপরও গুরুত্ব দেন তিনি।

পিট্যাবের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মো. শাজাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিভিন্ন স্থান থেকে আসা শিক্ষক প্রতিনিধিরা বক্তব্য দেন।

সূত্রঃ দৈনিক শিক্ষাডটকম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca