• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন

জিটিএ-৬ ঘিরে মোদির পোস্ট, ‘নতুন খেলা’ খেলছে ভারত

Reporter Name / ২৭ Time View
Update : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

জনপ্রিয় ভিডিও গেম ‘গ্র্যান্ড থেফট অটো-৬’ (জিটিএ-৬) মুক্তিকে কেন্দ্র করে ভারতের গত ১৩ বছরের অগ্রগতির চিত্র তুলে ধরেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গেমটির আগের সংস্করণ ‘জিটিএ-৫’ মুক্তির সময় ২০১৩ সাল থেকে বর্তমান সময়ের তুলনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক গ্রাফিকস প্রকাশ করেছেন তিনি। পোস্টের ক্যাপশনে মোদি লিখেছেন, ‘ভারত এখন সম্পূর্ণ নতুন এক খেলা খেলছে।’

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) মোদির সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টে পোস্টটি প্রকাশ করা হয়। এতে ২০১৩ সালের সঙ্গে বর্তমান সময়ের তুলনায় অর্থনীতি, দারিদ্র্য হ্রাস, পরিচ্ছন্নতা, সৌরবিদ্যুৎ, রেলপথের বিদ্যুতায়ন, মহাকাশ প্রযুক্তি, ইন্টারনেট ও প্রতিরক্ষা খাতের বিভিন্ন অর্জনের কথা তুলে ধরা হয়েছে।

ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, পোস্টটির মাধ্যমে আগের কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারের সময়ের সঙ্গে বর্তমান সময়ের তুলনা করেছেন মোদি। গ্রাফিকসগুলোতে ‘জিটিএ’ গেম সিরিজের প্রচ্ছদ ও প্রচারণায় ব্যবহৃত নকশার আদল রাখা হয়েছে। তরুণ ও গেমপ্রেমীদের সঙ্গে যোগাযোগ তৈরির পাশাপাশি জনপ্রিয় সংস্কৃতির অনুষঙ্গ ব্যবহার করে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরাই ছিল পোস্টটির অন্যতম বৈশিষ্ট্য।

পোস্টে ভারতের অর্থনৈতিক অবস্থার পরিবর্তনের বিষয়টি বিশেষভাবে তুলে ধরা হয়েছে। ২০১৩ সালে ভারতকে ‘ফ্র্যাজাইল ফাইভ’ বা ঝুঁকিপূর্ণ পাঁচ অর্থনীতির একটি হিসেবে উল্লেখ করা হয়েছিল। বর্তমানে দেশটিকে বিশ্বের দ্রুততম বর্ধনশীল বড় অর্থনীতি হিসেবে তুলে ধরেছেন মোদি। ২০১৩ সালের আগস্টে মরগান স্ট্যানলির এক বিশ্লেষক ‘ফ্র্যাজাইল ফাইভ’ শব্দবন্ধটি ব্যবহার করেন। ওই তালিকায় ভারত ছাড়াও ব্রাজিল, ইন্দোনেশিয়া, দক্ষিণ আফ্রিকা ও তুরস্ক ছিল।

দারিদ্র্য কমার বিষয়টিও পোস্টে স্থান পেয়েছে। মোদির প্রকাশিত গ্রাফিকসে চরম দারিদ্র্যের হার ২৭ শতাংশ থেকে কমে ২ দশমিক ৬ শতাংশে নেমে আসার দাবি করা হয়েছে। পরিচ্ছন্নতা খাতে আওতাভুক্তির হার ৩৯ শতাংশ থেকে বেড়ে ১০০ শতাংশ হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে। এসব পরিসংখ্যান পোস্টে সরকারের অর্জন হিসেবে তুলে ধরা হয়েছে।

জ্বালানি ও অবকাঠামো খাতের অগ্রগতির কথাও তুলে ধরেছেন ভারতের প্রধানমন্ত্রী। গ্রাফিকস অনুযায়ী, দেশটির সৌরবিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ২০১৩ সালের ২ দশমিক ৮২ গিগাওয়াট থেকে বেড়ে ১৭৫ গিগাওয়াট হয়েছে। একই সময়ে রেলপথের বিদ্যুতায়নের হার ২০ শতাংশ থেকে বেড়ে ৯৯ দশমিক ৬ শতাংশে পৌঁছেছে বলে পোস্টে দাবি করা হয়েছে।

মহাকাশ প্রযুক্তি খাতের অগ্রগতির চিত্র তুলে ধরে পোস্টে বলা হয়েছে, ভারতে এ খাতে নিবন্ধিত স্টার্টআপের সংখ্যা বেড়ে ৪৪০ হয়েছে। ডিজিটাল যোগাযোগের ক্ষেত্রেও ইন্টারনেট ব্যবহারের খরচ কমার বিষয়টি উল্লেখ করা হয়েছে। পোস্টের তথ্য অনুযায়ী, প্রতি গিগাবাইট ইন্টারনেট ডেটার দাম ৩০৮ রুপি থেকে কমে ৭ দশমিক ৫১ রুপিতে নেমেছে।

এ ছাড়া প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানিতে ভারতের অগ্রগতি এবং মাওবাদী প্রভাবিত জেলার সংখ্যা কমে আসার বিষয়টিও তুলে ধরা হয়েছে। পোস্টে দাবি করা হয়েছে, ভারত এখন ৮০টির বেশি দেশে প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানি করছে। অন্যদিকে মাওবাদী প্রভাবিত জেলার সংখ্যা ১৮২ থেকে শূন্যে নেমে এসেছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, পোস্টটি প্রকাশের ১০ মিনিটেরও কম সময়ের মধ্যে প্রায় ৬০ হাজার লাইক ও দুই হাজারের কাছাকাছি মন্তব্য পড়ে। অনেক ব্যবহারকারী পোস্টটির প্রশংসা করেছেন। জনপ্রিয় সংস্কৃতির বিষয় ব্যবহার করে তরুণদের কাছে পৌঁছানোর চেষ্টা মোদির সামাজিক যোগাযোগমাধ্যমের কার্যক্রমে নতুন নয় বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রসঙ্গত, ‘জিটিএ-৫’ মুক্তি পেয়েছিল ২০১৩ সালে। দীর্ঘ ১৩ বছর পর বৃহস্পতিবার (১৯ নভেম্বর) মুক্তি পেয়েছে সিরিজটির নতুন সংস্করণ ‘জিটিএ-৬’। নির্মাতা প্রতিষ্ঠান রকস্টার গেমস জানিয়েছে, গেমটি প্লেস্টেশন ৫ ও এক্সবক্স সিরিজ এক্স/এসের জন্য বিশ্বব্যাপী উন্মুক্ত করা হয়েছে।

এনডিটিভির প্রতিবেদনে সেন্সর টাওয়ারের তথ্য উল্লেখ করে বলা হয়েছে, গেমটি তৈরিতে ১০০ কোটি ডলারের বেশি ব্যয় হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মুক্তির আগেই আগাম বিক্রি থেকে এর আয় প্রায় ১১০ কোটি ডলারে পৌঁছেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সূত্র: এনডিটিভি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca