• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
শাহজালালে সাড়ে ৭ কেজি স্বর্ণের পেস্টসহ আটক ৩ পাগলা মসজিদের দানের অর্থ কোথায় এবং কীভাবে খরচ হয় ইরানে হামলা নিয়ে অবস্থান স্পষ্ট করলেন না ভ্যান্স এনটিআরসিএর বিরুদ্ধে জাল সনদ দেওয়ার অভিযোগ, শিক্ষক নিয়োগে কমিটির পক্ষে সেলিম ভূঁইয়া চাঁদের কৃত্রিম মাটিতে ফলল আলু, মহাকাশে খাদ্য উৎপাদনে নতুন সম্ভাবনা পাকিস্তানে কমল পেট্রোলের দাম শীতের ছোঁয়ায় বদলে যাচ্ছে নোবিপ্রবি, ক্যাম্পাসজুড়ে অন্যরকম আমেজ রিয়াদ লক্ষ্য করে তিন ক্ষেপণাস্ত্র, ধ্বংসের দাবি সৌদির নাচোলে বিএনপির উদ্যোগে মোটরসাইকেল শোডাউন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত আইসিজের রায়ে রোহিঙ্গাদের আশা, প্রত্যাবাসন এখনো অনিশ্চিত

চাঁদের কৃত্রিম মাটিতে ফলল আলু, মহাকাশে খাদ্য উৎপাদনে নতুন সম্ভাবনা

Reporter Name / ৩১ Time View
Update : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

মহাকাশে দীর্ঘমেয়াদি অভিযান ও ভবিষ্যতে চাঁদে মানুষের বসতি স্থাপনের পরিকল্পনায় খাদ্য উৎপাদনের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। প্রথমবারের মতো চাঁদের মাটির আদলে তৈরি কৃত্রিম মাটিতে সফলভাবে আলু উৎপাদন করেছেন যুক্তরাষ্ট্রের একদল বিজ্ঞানী। তাঁদের এ গবেষণা চাঁদে অবস্থানরত নভোচারীদের জন্য স্থানীয়ভাবে খাদ্য উৎপাদনের পথ সুগম করতে পারে।

যুক্তরাষ্ট্রের ওরেগন স্টেট ইউনিভার্সিটির উদ্ভিদবিজ্ঞানী অ্যামেরিক গয়ারের নেতৃত্বে পরিচালিত এ গবেষণায় কৃত্রিম চন্দ্রমাটি ব্যবহার করা হয়। গবেষণাটিতে সহযোগিতা করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। গত বৃহস্পতিবার গবেষণার ফলাফল ‘এনপিজে মাইক্রোগ্র্যাভিটি’ সাময়িকীতে প্রকাশিত হয়েছে।

চাঁদের পৃষ্ঠের মাটিকে বলা হয় ‘লুনার রিগোলিথ’। এটি মূলত পাথরের গুঁড়া ও ধুলাবালুর মিশ্রণ। দীর্ঘ সময় ধরে উল্কাপিণ্ডের আঘাতে চাঁদের পৃষ্ঠে এসব উপাদান তৈরি হয়েছে। পৃথিবীর মাটির মতো এতে প্রয়োজনীয় জৈব পদার্থ ও নাইট্রোজেন নেই। ফলে এই মাটিতে সরাসরি ফসল উৎপাদন করা বেশ কঠিন।

গবেষণার জন্য বিজ্ঞানীরা আগ্নেয়গিরির শিলা ও বিভিন্ন খনিজ পদার্থ গুঁড়ো করে, ছেঁকে এবং তাপ প্রয়োগের মাধ্যমে কৃত্রিম চন্দ্রমাটি তৈরি করেন। বৈজ্ঞানিকভাবে প্রস্তুত করা এই মাটিকে বলা হয় ‘সিমুলেটেড রিগোলিথ’। এরপর এতে বিভিন্ন অনুপাতে জৈব সার মিশিয়ে আলু চাষের পরীক্ষা চালানো হয়।

পরীক্ষায় দেখা যায়, জৈব সার ছাড়া কৃত্রিম মাটিতে আলুগাছের শিকড় কিংবা কন্দ তৈরি হয়নি। তবে ৯৫ শতাংশ কৃত্রিম চন্দ্রমাটির সঙ্গে ৫ শতাংশ জৈব সার মেশানো হলে সেখানে আলুর শিকড় ও কন্দ উৎপন্ন হয়। অন্যদিকে, ৩০ শতাংশ জৈব সার মেশানো মাটিতে উৎপাদিত আলুর আকৃতি ও বাহ্যিক বৈশিষ্ট্য যুক্তরাষ্ট্রের ওরেগন অঞ্চলে উৎপাদিত আলুর সঙ্গে সাদৃশ্যপূর্ণ ছিল।

গবেষণায় দ্রুত ফলনশীল ‘মোডক’ জাতের আলু ব্যবহার করা হয়। গ্রিনহাউসে সূর্যের আলো ও কৃত্রিম আলোর ব্যবস্থায় পরীক্ষাটি পরিচালিত হয়। এ সময় দিনের তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াসে রাখা হয়েছিল।

গবেষকদলের প্রধান অ্যামেরিক গয়ারের মতে, মহাকাশে খাদ্য উৎপাদনের ক্ষেত্রে আলু বেশ কার্যকর একটি ফসল হতে পারে। কারণ, তুলনামূলক কম জায়গায় এটি থেকে প্রচুর ক্যালোরি পাওয়া সম্ভব। পাশাপাশি আলুতে রয়েছে পটাশিয়াম, ভিটামিন সি ও প্রোটিন, যা নভোচারীদের পুষ্টির চাহিদা পূরণে সহায়ক হতে পারে।

তবে গবেষণায় উৎপাদিত আলুর স্বাদ পরীক্ষা করা হয়নি। গয়ার জানিয়েছেন, উৎপাদিত সব আলু পরীক্ষাগারে পাঠানো হয়েছে। সেখানে সেগুলোর পুষ্টিগুণ ও অন্যান্য বৈশিষ্ট্য বিশ্লেষণ করা হবে।

চাঁদে খাদ্য উৎপাদনের সম্ভাবনা যাচাইয়ে বিশ্বের বিভিন্ন দেশে গবেষণা অব্যাহত রয়েছে। এর আগে কৃত্রিম চন্দ্রমাটিতে জৈব সার ব্যবহার করে ছোলা উৎপাদনের গবেষণার তথ্যও প্রকাশিত হয়েছে। পাশাপাশি টমেটো, শাক ও শিমজাতীয় ফসল নিয়েও পরীক্ষা চালাচ্ছেন গবেষকেরা।

বিজ্ঞানীদের এই সাফল্য চাঁদে দীর্ঘমেয়াদি মানব অভিযান ও ভবিষ্যৎ বসতি স্থাপনের পরিকল্পনায় গুরুত্বপূর্ণ সম্ভাবনা তৈরি করেছে। তবে প্রকৃত চন্দ্রপৃষ্ঠের মাটিতে একই পদ্ধতিতে ফসল উৎপাদন সম্ভব কি না এবং উৎপাদিত খাবার মানুষের জন্য নিরাপদ হবে কি না, তা নিশ্চিত করতে আরও গবেষণা প্রয়োজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca