• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম
রেকর্ড গড়ার পর স্বর্ণের বাজারে বড় ধস, আরও কমার শঙ্কা বাংলাদেশের বাইকপ্রেমীদের নজর কাড়বে নতুন Suzuki SV-7S যেসব ফিচার ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ ভবিষ্যতে পানির ঘাটতি এড়াতে যুক্তরাজ্যে বিশাল জলাধার নির্মাণ মালিকপক্ষের মজুরি প্রস্তাবে অসন্তুষ্ট পোশাক শ্রমিকরা, কত টাকা চান তাঁরা? অবিশ্বাস্য কাণ্ড! চাঁদের মাটিতে আলু চাষ, সাফল্যের রহস্য কী? বিরুদ্ধে যশোরে মায়ের সঙ্গে ফোনে কথা বলায় স্ত্রীর কব্জি বিচ্ছিন্নের অভিযোগ স্বামীর বিরুদ্ধে আবারও চালু এনআইডি সংশোধন, কোন ভুল ঠিক করতে পারবেন জেনে নিন ট্রাম্প শিবিরে ধাক্কা, ৩৪ বছরের রেকর্ড গড়ল ডেমোক্র্যাটরা দক্ষিণ আফ্রিকা সিরিজের দল ঘোষণা বাংলাদেশের, ফিরলেন নাঈম ও ইয়াসির

অবিশ্বাস্য কাণ্ড! চাঁদের মাটিতে আলু চাষ, সাফল্যের রহস্য কী?

Reporter Name / ২৭ Time View
Update : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

চাঁদে মানুষের বসতি গড়ার স্বপ্ন বাস্তবায়নে নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে বিজ্ঞানীদের এক গবেষণা। চাঁদের মাটির মতো কৃত্রিম উপাদানে আলু চাষ করে সফল হয়েছেন যুক্তরাষ্ট্রের গবেষকেরা। তাঁদের পরীক্ষায় দেখা গেছে, প্রয়োজনীয় জৈব পদার্থ ও পুষ্টি উপাদান সরবরাহ করা গেলে এই কৃত্রিম মাটিতেও পৃথিবীর উর্বর মাটির কাছাকাছি ফলন পাওয়া সম্ভব।

১৯ নভেম্বর বিজ্ঞান সাময়িকী ‘এনপিজে মাইক্রোগ্র্যাভিটি’তে গবেষণাটির ফল প্রকাশিত হয়। যুক্তরাষ্ট্রের ওরেগন স্টেট ইউনিভার্সিটির গবেষকেরা নাসার অর্থায়নে এ পরীক্ষা চালান। তবে পরীক্ষাটি চাঁদে নয়, বিশ্ববিদ্যালয়টির গ্রিনহাউসে করা হয়েছে। এ জন্য প্রকৃত চাঁদের মাটির পরিবর্তে ব্যবহার করা হয়েছে ‘লুনার রেগোলিথ সিমুল্যান্ট’ বা চাঁদের মাটির বৈশিষ্ট্য অনুকরণ করে তৈরি কৃত্রিম উপাদান।

গবেষণায় ‘মোডক’ জাতের লাল খোসা ও সাদা শাঁসের আলু ব্যবহার করা হয়। বিজ্ঞানীদের সামনে বড় চ্যালেঞ্জ ছিল চাঁদের মাটির মতো উপাদানে জৈব পদার্থের অভাব। চাঁদের পৃষ্ঠ মূলত উল্কাপিণ্ডের আঘাতে তৈরি চূর্ণ পাথর ও ধূলিকণায় গঠিত। পৃথিবীর কৃষিজমির মতো এতে প্রয়োজনীয় জৈব উপাদান থাকে না। ফলে শুধু কৃত্রিম চন্দ্র-মাটিতে আলু চাষের চেষ্টা সফল হয়নি।

এই সমস্যা কাটাতে গবেষকেরা মাটির সঙ্গে মেশান ভার্মিকম্পোস্ট বা কেঁচো সার। পরীক্ষায় দেখা যায়, কেঁচো সারের পরিমাণ বাড়ার সঙ্গে সঙ্গে আলুগাছের বৃদ্ধি ও ফলনও বাড়তে থাকে। বিশেষ করে ৩০ শতাংশ ভার্মিকম্পোস্ট মেশানো কৃত্রিম মাটিতে উৎপাদিত আলুর বৃদ্ধি ও ফলন পৃথিবীর মাটিতে জন্মানো আলুর সমপর্যায়ে পৌঁছায়।

গবেষকেরা আরও পাঁচ ধরনের কৃত্রিম চন্দ্র-মাটিতে আলু চাষের পরীক্ষা চালান। এতে দেখা যায়, মাটির গঠন ও বৈশিষ্ট্যের ওপর নির্ভর করে ফলনের পার্থক্য হয়। কিছু নমুনায় গাছের বৃদ্ধি ও আলুর উৎপাদন তুলনামূলক কম ছিল। তবে উৎপাদিত আলুর পুষ্টিমান পৃথিবীর মাটিতে জন্মানো আলুর কাছাকাছি পাওয়া গেছে। পাশাপাশি আলুতে থাকা গ্লাইকোঅ্যালকালয়েড নামের প্রাকৃতিক উপাদানের মাত্রায়ও উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা যায়নি।

গবেষণাটির নেতৃত্ব দেন উদ্ভিদ জীববিজ্ঞানী আইমেরিক গোয়ার। তাঁর দলের ধারণা, ভবিষ্যতে চাঁদে অবস্থানরত নভোচারীরা নিজেদের খাদ্যবর্জ্য ও উদ্ভিদের অবশিষ্টাংশ ব্যবহার করে জৈব সার তৈরি করতে পারবেন। সেই সার কাজে লাগিয়ে চাঁদের মাটির মতো পরিবেশে খাদ্য উৎপাদনের চেষ্টা করা সম্ভব হতে পারে।

তবে এই গবেষণাকে চাঁদে কৃষিকাজ শুরুর চূড়ান্ত সাফল্য হিসেবে দেখছেন না বিজ্ঞানীরা। সেখানে ফসল উৎপাদনের জন্য এখনো অনেক বড় চ্যালেঞ্জ রয়েছে। পানির জোগান নিশ্চিত করা, তীব্র মহাজাগতিক বিকিরণ থেকে গাছকে রক্ষা করা, কম মাধ্যাকর্ষণ এবং চরম তাপমাত্রার সঙ্গে মানিয়ে নেওয়া—সবই ভবিষ্যতের গবেষণার গুরুত্বপূর্ণ বিষয়।

তারপরও কৃত্রিম চন্দ্র-মাটিতে আলু উৎপাদনের এই পরীক্ষা দীর্ঘমেয়াদি চন্দ্রাভিযানের জন্য গুরুত্বপূর্ণ অগ্রগতি। ভবিষ্যতে চাঁদে মানুষের স্থায়ী বসতি গড়ে উঠলে পৃথিবী থেকে সব খাবার বহন করার প্রয়োজন কমাতে এ ধরনের গবেষণা ভূমিকা রাখতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca