হাবিবুল বারি হাবিব, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোবারকপুর জোহরপুর এলাকায় পাগলা নদীর ধারে মাটির নীচে ধসে পড়া প্রায় ৩৫ টি বাড়ি ও সেই এলাকা পরিদর্শন করেছেন আওয়ামীলীগ নেতা ইঞ্জিনিয়ার মো: মাহতাব উদ্দীন । বৃহস্পতিবার ২৫ নভেম্বর দুপুরে তিনি এই এলাকা পরিদর্শন করেন । এসময় বিলীন হওয়া বাড়ির লোকজন ও স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকা । চরম আতঙ্কের কথা জানান আশে পাশের বাড়ি ও এলাকার লোকজন । পরিদর্শন শেষে এই ঘটনাকে একটি প্রাকৃতিক দুর্যোগ উল্লেখ করে অসহায় ও বাড়ি হারা নি:স্ব লোকজনের পুনর্বাসন ও সার্বিক সহযোগীতার জন্য সরকারের সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান ইঞ্জিনিয়ার মো: মাহতাব উদ্দীন । উল্লেখ্য, গত কয়েকদিন আগে হঠাত মাটির নিচে দেবে যায় প্রায় ৩৫ টি বসতবাড়ি। বেশকিছু বাড়ির মাঝামাঝি স্থানে দেখা দিয়েছে বিশাল ফাটল। এরইমধ্যে মাটির নিচে বিলীন হয়েছে বেশ কিছু পাকা বাড়ি। বর্তমানে ঘুম হারাম ওই গ্রামের বাসিন্দাদের । অন্যত্র সরিয়ে নেয়া হচ্ছে তাদের । মোবারকপুর ইউনিয়নের জোহরপুর গ্রামে গিয়ে দেখা গেছে, রুপচাঁন হালদার, তপন হালদার, ডাবলু, দয়াল হালদার, নজরুল, জাহাদুর ও রশিদেরসহ বেশ কিছু বসতবাড়িতে এসব ফটল দেখা দিয়েছে ।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ৩০ বছর আগে গড়ে ওঠে এই গ্রাম। কিন্তু এখন হঠাৎ দেখি প্রায় ৩০টি বাড়িতে ফাটল দেখা দিয়েছে । বেশকিছু পাকাঘর মাটির নীচে বিলীন হয়েছে । বাড়ির মালিকরা বলছেন, সারা জীবনের কষ্টার্জিত জমানো টাকা খরচ করে বাড়ি বানিয়েছিলেন। পরিবার পরিজন নিয়ে সুখেই কাটছিল তাদের সাজানো সংসার।
কিন্তু হঠাৎ করে তাদের সে স্বপ্ন চুর্ণবিচুর্ণ হয়ে যাচ্ছে, দেখার কেউ নেই। রূপচাঁন হালদার বলেন, হঠাৎ একদিন সকালে বাড়ির উঠানে একটি ফাটলের দৃশ্য দেখতে পাই। কিন্তু গুরুত্ব দিইনি । হঠাৎ সকালে দেখি আমার একটি ছাদের ঘরসহ টয়লেট ভেঙে নদীতে পড়ে গেছে। আমি একজন জেলে, সারাজীবনের জমানো টাকায় এই বাড়ি বানিয়েছিলাম। এখন আমি কই থাকবো? তপন হালদার বলেন, আমাদের বাড়ির পেছনেই পাগলা নদী আর পাশেই রয়েছে কানসাট স্লুইস গেট ।
কিন্তু এতদিন স্লুইস গেটটি বন্ধ ছিল হঠাৎ গেটটি খুলে দেয়ায় দ্রুত পানি বাইরে চলে যায়, তার সঙ্গে সঙ্গেই আমাদের ঘরবাড়ি ধসে যেতে থাকে। মোবারকপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তৌহিদুর রহমান বলেন, পানি উন্নয়ন বোর্ডের অবহেলার কারণে ৩০টি পরিবার আজ পথে বসতে যাচ্ছে । স্লুইস গেট খোলার আগে পার্শ্ববর্তী বাসিন্দাদের কথা ভাবতে হতো।
শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আল রাব্বি জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঊর্ধ্বতন কৃর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। এদিকে স্থানীয় সদস্য সংসদ সামিল উদ্দিন আহমেদ শিমুল ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদের সাথে কথা বলে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন ।