ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অনলাইন নিউজ পোর্টাল ‘ডিএমপি নিউজ’-এর ওয়েবসাইটে অস্বাভাবিক কনটেন্ট দেখা গেছে। পোর্টালটিতে পুলিশের ছবি, সহিংসতার দৃশ্য এবং আপত্তিকর রাজনৈতিক বার্তাসংবলিত একটি ছবি প্রদর্শিত হয়েছে। এ ঘটনায় ওয়েবসাইটটি সাইবার হামলার শিকার হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
শনিবার (৩১ অক্টোবর) দিবাগত রাতে ওয়েবসাইটটিতে প্রবেশ করে এসব দৃশ্য দেখা যায়। এ সময় পোর্টালটির স্বাভাবিক সংবাদ কনটেন্টের পরিবর্তে ‘পুলিশ-তুমি যতই মারো, ৫ আগস্ট কি ভুলতে পার?’ লেখা একটি ছবি ভেসে উঠছিল। পাশাপাশি ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ডে মিউজিকও শোনা যাচ্ছিল।
ঘটনার পর ডিএমপি নিউজের ওয়েবসাইটে আর প্রবেশ করা যাচ্ছে না। তবে ওয়েবসাইটটি হ্যাক হয়েছে, নাকি অন্য কোনো কারণে এ ধরনের কনটেন্ট প্রদর্শিত হয়েছে, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
ডিএমপি নিউজের ওয়েবসাইটে প্রকাশিত পরিচিতি অনুযায়ী, এটি ঢাকা মেট্রোপলিটন পুলিশের অনলাইন নিউজ পোর্টাল। এতে ডিএমপির বিভিন্ন কার্যক্রম, অপরাধসংক্রান্ত সংবাদ, জনসচেতনতামূলক তথ্য ও পুলিশের বিভিন্ন সংবাদ প্রকাশ করা হয়।
এ বিষয়ে জানতে ডিএমপির মিডিয়া বিভাগের একাধিক কর্মকর্তার সঙ্গে ফোন ও মুঠোফোনে বার্তা পাঠিয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের কারও বক্তব্য পাওয়া যায়নি। সূত্র:যুগান্তর