• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনাম
তৃতীয় বিশ্বযুদ্ধ হলে তুলনামূলকভাবে নিরাপদ থাকতে পারে যে ৫ দেশ টাঙ্গাইলে পরিবেশ অধিদপ্তরের অভিযান, শিল্পপ্রতিষ্ঠানকে জরিমানা টাঙ্গাইলে পরিবেশ অধিদপ্তরের অভিযান, শিল্পপ্রতিষ্ঠানকে জরিমানা প্রথম শ্রেণিতে ভর্তির বয়স বাড়ল, দ্বিতীয়-নবম শ্রেণির পরীক্ষা কত নম্বরে শুধু সনদ নয়, কর্মবাজারের উপযোগী দক্ষতা নিয়ে বিশ্ববিদ্যালয় ছাড়তে হবে: ইউজিসি চেয়ারম্যান নোয়াখালীতে আমনের মাঠে পানিসংকট, উৎপাদন কমার আশঙ্কা হামলার পরও মাসে ৫০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করছে ইরান ঢাবির ফল ব্যবস্থাপনায় নতুন অধ্যায়, চালু হলো রেজাল্ট অটোমেশন ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে মাভাবিপ্রবিতে আটক ৩ বহিরাগত মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে এনভিডিয়ার এইচ২০০ চিপ কিনল চীনা বিশ্ববিদ্যালয়

মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে এনভিডিয়ার এইচ২০০ চিপ কিনল চীনা বিশ্ববিদ্যালয়

Reporter Name / ২০ Time View
Update : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

যুক্তরাষ্ট্রের বাণিজ্য নিষেধাজ্ঞার তালিকায় থাকা চীনের সামরিক গবেষণাসংশ্লিষ্ট একটি বিশ্ববিদ্যালয় দেশটির স্থানীয় সরবরাহকারীর কাছ থেকে এনভিডিয়ার দুটি শক্তিশালী কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) চিপ কিনেছে। গত মাসে ৮ লাখ ৭৪ হাজার ৭০০ ইউয়ান বা প্রায় ১ লাখ ২৩ হাজার ডলারে চিপ দুটি কেনে নর্থওয়েস্টার্ন পলিটেকনিক্যাল ইউনিভার্সিটি। যুক্তরাষ্ট্রের রপ্তানি নিয়ন্ত্রণ এড়িয়ে কীভাবে চীনের প্রতিষ্ঠানগুলো উন্নত প্রযুক্তির চিপ সংগ্রহ করছে, এ ঘটনা তা নিয়ে নতুন প্রশ্ন তৈরি করেছে।

বুধবার (১১ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের অনুসন্ধানের বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা। বিশ্ববিদ্যালয়টির ওয়েবসাইটে গত ২১ অক্টোবর প্রকাশিত ক্রয়সংক্রান্ত নথিতে চিপ কেনার তথ্য পাওয়া গেছে।

চীনের প্রতিরক্ষাবিষয়ক বিশেষায়িত সাতটি শীর্ষ বিশ্ববিদ্যালয়ের জোট ‘সেভেন সন্স অব ন্যাশনাল ডিফেন্স’-এর সদস্য নর্থওয়েস্টার্ন পলিটেকনিক্যাল ইউনিভার্সিটি। বিশ্ববিদ্যালয়টির ব্যবস্থাপনা স্কুলের জন্য শানসি বোসুয়ান নেটওয়ার্ক টেকনোলজি নামের একটি প্রতিষ্ঠানের কাছ থেকে চিপ দুটি কেনা হয়। অর্থাৎ সরাসরি এনভিডিয়ার কাছ থেকে চিপ সংগ্রহ করেনি প্রতিষ্ঠানটি।

এনভিডিয়ার এইচ২০০ চিপ উন্নত এআই ব্যবস্থা তৈরি ও পরিচালনায় ব্যবহৃত শক্তিশালী প্রসেসরগুলোর একটি। এসব চিপ রপ্তানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সরকারের লাইসেন্স প্রয়োজন হয়। নিষেধাজ্ঞার তালিকায় থাকা নর্থওয়েস্টার্ন পলিটেকনিক্যালের মতো প্রতিষ্ঠানের কাছে এ ধরনের প্রযুক্তি রপ্তানির অনুমতি সাধারণত দেওয়া হয় না।

নিষেধাজ্ঞার তালিকায় বিশ্ববিদ্যালয়

চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর শিয়ানে অবস্থিত বিশ্ববিদ্যালয়টি সামরিক বিমান, ক্ষেপণাস্ত্র ও স্যাটেলাইট নিয়ে গবেষণা করে। ক্ষেপণাস্ত্র বিস্তার কার্যক্রমে সংশ্লিষ্টতা ও সামরিক গবেষণার অভিযোগে ২০০১ সালে যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয় প্রতিষ্ঠানটিকে ‘এন্টিটি লিস্ট’ বা নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করে। ২০১৯ সালে এর ওপর আরও কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়।

রয়টার্সের পর্যালোচনা করা নথিতে দেখা গেছে, শুধু চিপ কেনাই নয়, চলতি বছর চীনা প্রতিষ্ঠানের কাছ থেকে কম্পিউটিং সক্ষমতা ভাড়াও নিয়েছে বিশ্ববিদ্যালয়টি। পাঁচটি চুক্তির মাধ্যমে এইচ২০০সহ এনভিডিয়ার বিভিন্ন শক্তিশালী প্রসেসরযুক্ত সার্ভার ব্যবহারের সুযোগ পেয়েছে তারা। এর মধ্যে এআই মডেল প্রশিক্ষণের জন্য কম্পিউটিং সক্ষমতা নেওয়ার তথ্যও রয়েছে।

চলতি বছরের ২৬টি ক্রয় ও করপোরেট নথি পর্যালোচনা করে রয়টার্স জানিয়েছে, চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণাপ্রতিষ্ঠান স্থানীয় সরবরাহকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতাভুক্ত এনভিডিয়ার চিপ কিনছে অথবা এসব চিপযুক্ত সার্ভারের কম্পিউটিং সেবা ভাড়া নিচ্ছে। এসব প্রতিষ্ঠানের কয়েকটির সঙ্গে দেশটির প্রতিরক্ষা শিল্প ও সামরিক গবেষণার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন চলতি বছরের জানুয়ারিতে বিশেষ বিবেচনায় চীনে কিছু এইচ২০০ চিপ রপ্তানির অনুমতি দিতে শুরু করে। তবে এ সিদ্ধান্তের ফলে নিষেধাজ্ঞার তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলোর ওপর আগের বিধিনিষেধ প্রত্যাহার হয়নি। চীনের সামরিক সক্ষমতা বাড়াতে উন্নত এআই চিপ ব্যবহারের আশঙ্কায় দেশটির কাছে এসব প্রযুক্তি বিক্রিতে আরও কঠোর নিয়ন্ত্রণের দাবি জানিয়েছেন মার্কিন কংগ্রেসের ডেমোক্র্যাট ও রিপাবলিকান—উভয় দলের সদস্যরা।

জেনসেন হুয়াংকে ঘিরেও বাড়ছে চাপ

এদিকে চীনের কাছে উন্নত এআই চিপ বিক্রির বিধিনিষেধ শিথিলের পক্ষে অবস্থান নেওয়ায় এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা জেনসেন হুয়াংকে ঘিরেও ওয়াশিংটনে আলোচনা বাড়ছে। একই সময়ে চীনা গোয়েন্দা তৎপরতার সঙ্গে কথিত সংশ্লিষ্টতা থাকা অ্যালিস হুয়াংয়ের সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্কের খবর প্রকাশের পর বিষয়টি নিয়ে রাজনৈতিক ও করপোরেট পর্যায়ে প্রশ্ন উঠেছে।

মার্কিন সিনেটের ব্যাংকিং কমিটির রিপাবলিকান সদস্য কেভিন ক্রেমার হুয়াংকে প্রধান নির্বাহীর পদ থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার রাতে পলিটিকোকে দেওয়া বক্তব্যে তিনি বলেন, এনভিডিয়ার চিপের মতো স্পর্শকাতর প্রযুক্তির ক্ষেত্রে ব্ল্যাকমেইলের আশঙ্কা বিবেচনায় হুয়াংয়ের পদত্যাগ করা উচিত।

এ ছাড়া মার্কিন কংগ্রেসের তিনটি রিপাবলিকান কমিটির চেয়ারম্যান আগামী ১৮ নভেম্বর হুয়াংয়ের সঙ্গে বৈঠক করতে চেয়েছেন। অ্যালিস হুয়াংয়ের সঙ্গে তাঁর কথিত যোগাযোগের বিষয়ে তাঁরা ব্যাখ্যা চাইতে পারেন।

রোববার নিজের স্ত্রীর সঙ্গে অবিশ্বস্ত আচরণের কথা স্বীকার করেন এনভিডিয়ার সহপ্রতিষ্ঠাতা জেনসেন হুয়াং। এরপর প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ তাঁর বিরুদ্ধে বিদেশি গোয়েন্দা তৎপরতার কোনো প্রভাব ছিল কি না, তা খতিয়ে দেখতে স্বাধীন তদন্তের ঘোষণা দেয়। তবে এনভিডিয়া জানিয়েছে, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা বা গোপনীয় তথ্যের সুরক্ষা বিঘ্নিত হয়েছে—এমনটা বিশ্বাস করার কোনো কারণ তাদের নেই।

সূত্র: রয়টার্স


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca