• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনাম
স্কুলে ভর্তি ফি আদায়ে নতুন নির্দেশনা, পুনর্ভর্তি ফি নিষিদ্ধ রায়পুরে নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে তাঁতীদলের বিক্ষোভ কক্সবাজারের হোটেলে আগুন, ভেতরে ছিলেন শতাধিক পর্যটক উল্টো পথে বাইক চালালে জরিমানা কত টাকা? আগামীকাল যেসব এলাকায় সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না মোবাইল সিম সচল রাখতে কতদিন পরপর রিচার্জ করা প্রয়োজন? সৌদিতে ব্রিটিশ নাগরিকদের সতর্কতা, মানতে হবে ৩ নির্দেশনা প্রবাসী কার্ড দেওয়ার নামে প্রতারণা, সতর্ক করল মন্ত্রণালয় কুর্মিটোলা জেনারেল হাসপাতাল সাপ্তাহিক বন্ধ কোন দিন? রায়পুরে মাটির নিচে দুধের কৌটায় ১১টি শক্তিশালী আইইডি বোমা, নিষ্ক্রিয় করল ডিএমপির দল

ক্যানসার ও হৃদরোগের চিকিৎসায় বড় পরিবর্তন আনতে পারে এআই, দাবি অ্যানথ্রপিক সিইওর

Reporter Name / ২১ Time View
Update : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অগ্রগতিতে ক্যানসার ও হৃদরোগের মতো জটিল রোগের চিকিৎসায় বড় পরিবর্তন আসতে পারে বলে দাবি করেছেন এআই প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) দারিও আমোদেই। তাঁর ধারণা, আগামী এক দশকেরও কম সময়ের মধ্যে ক্যানসার, আলঝেইমার, হৃদরোগ ও মানসিক অসুস্থতার মতো রোগ অতীতের বিষয় হয়ে যেতে পারে। তবে এ সময়সীমা নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিজ্ঞানী ও ওষুধশিল্পের বিশেষজ্ঞরা।

বুধবার (১১ নভেম্বর) ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

দারিও আমোদেই বলেন, ‘ক্যানসার, আলঝেইমার, হৃদরোগ ও মানসিক অসুস্থতা—আমার ধারণা, এক দশকেরও কম সময়ের মধ্যে এসব রোগ অতীতের বিষয় হয়ে যাবে।’ তাঁর মতে, এসব রোগ লাখো পরিবারের জীবনে প্রভাব ফেলছে এবং চিকিৎসাবিজ্ঞানের সবচেয়ে কঠিন চ্যালেঞ্জগুলোর মধ্যে রয়েছে।

আমোদেইয়ের ভাষ্য, এআইয়ের অগ্রগতি সঠিকভাবে কাজে লাগানো গেলে মানবজাতি হাজার হাজার বছর ধরে সমাধান করতে না পারা সমস্যাগুলোর সমাধানের সুযোগ তৈরি হতে পারে। জীববৈজ্ঞানিক গবেষণা, ওষুধ আবিষ্কার এবং চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতির গতি বহুগুণ বাড়িয়ে দিতে পারে এআই।

এআই প্রযুক্তির অন্য শীর্ষ ব্যক্তিরাও চিকিৎসাবিজ্ঞানে এ প্রযুক্তির সম্ভাবনা নিয়ে আশাবাদী। তাঁদের মধ্যে রয়েছেন ইলন মাস্ক এবং গুগলের এআই বিভাগের প্রধান ডেমিস হাসাবিস। হাসাবিসের ধারণা, এআইয়ের সাহায্যে ওষুধ আবিষ্কারের এক দশকের গবেষণা কয়েক সপ্তাহে সম্পন্ন করা সম্ভব হতে পারে। আগামী এক দশকের মধ্যে সব ধরনের রোগের চিকিৎসা আবিষ্কার বা রোগের অবসান ঘটানোর সম্ভাবনার কথাও বলেছেন তিনি।

এ ক্ষেত্রে গুগলের এআইভিত্তিক প্রকল্প ‘আলফাফোল্ড’-এর সাফল্যের উদাহরণ দিয়েছেন হাসাবিস। এ প্রযুক্তির মাধ্যমে ২০ কোটির বেশি প্রোটিনের গঠন শনাক্ত করা হয়েছে, যা জীববৈজ্ঞানিক গবেষণায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত। তবে এ সাফল্যকে ক্যানসার, আলঝেইমার বা অন্যান্য জটিল রোগের চিকিৎসা আগামী এক দশকের মধ্যে আবিষ্কারের নিশ্চয়তা হিসেবে দেখার সুযোগ নেই।

ইলন মাস্কের দাবি, এআইয়ের অগ্রগতির ফলে বিশ্বের সব মানুষ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মতো উন্নত চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ পাবে।

তবে ওষুধ আবিষ্কারের সঙ্গে সরাসরি যুক্ত বিজ্ঞানী ও ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানের কর্মকর্তারা এসব পূর্বাভাসের সময়সীমা নিয়ে একমত নন। ভার্টেক্স ফার্মাসিউটিক্যালসের নির্বাহী চেয়ারম্যান জেফ লেইডেন এ ধরনের সময়সীমাকে ‘সম্পূর্ণ ভিত্তিহীন’ বলে মন্তব্য করেছেন।

তিনি জানান, তাঁদের প্রতিষ্ঠান ১০ হাজার ওষুধের যৌগ বিশ্লেষণের কাজে প্রায় ৫০টি এআই প্রতিষ্ঠানের প্রযুক্তি পরীক্ষা করেছে। কিন্তু কোনো প্রতিষ্ঠানই নিজে থেকে কার্যকর ওষুধ তৈরি করতে পারেনি।

ওষুধশিল্পের বিশেষজ্ঞদের মতে, এআইয়ের মাধ্যমে ওষুধ তৈরির প্রাথমিক পর্যায়ে সম্ভাবনাময় অণু বা যৌগ শনাক্ত করার কাজ দ্রুত করা সম্ভব। তবে ওষুধের ক্লিনিক্যাল ট্রায়াল, নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন এবং প্রাণী ও মানুষের ওপর পরীক্ষা এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। একটি ওষুধ বাজারে আনতে সাধারণত ১০ থেকে ১২ বছর পর্যন্ত সময় লাগে।

কম্পিউটারে কোনো অণুকে সম্ভাবনাময় মনে হওয়া মানেই সেটি কার্যকর ওষুধ হয়ে যাবে, এমন নয়। প্রথমে পরীক্ষাগারে, পরে প্রাণীর শরীরে এবং সবশেষে মানুষের ওপর ক্লিনিক্যাল ট্রায়ালের মাধ্যমে ওষুধের নিরাপত্তা ও কার্যকারিতা নিশ্চিত করতে হয়। এআই সম্ভাবনাময় চিকিৎসা খুঁজে বের করার গতি বাড়াতে পারে, কিন্তু এসব ধাপ পুরোপুরি বাদ দিতে পারে না।

বিজ্ঞানী গ্যারি মার্কাস এবং হৃদরোগ বিশেষজ্ঞ ও ডিজিটাল চিকিৎসাবিদ্যার গবেষক এরিক টোপলও এআই নিয়ে অতিরিক্ত আশাবাদের বিষয়ে সতর্ক করেছেন। তাঁদের মতে, বর্তমানে প্রচলিত এআই মডেলগুলোর জটিল জৈবিক প্রক্রিয়া ও রোগের প্রকৃত কারণ বোঝার মতো গভীর সক্ষমতা নেই। ফলে এ প্রযুক্তির মাধ্যমে নির্ভরযোগ্যভাবে যুগান্তকারী চিকিৎসা আবিষ্কারের সম্ভাবনা এখনো সীমিত।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, ২০২৬ সাল পর্যন্ত এআইয়ের মাধ্যমে নকশা করা কোনো ওষুধ পূর্ণাঙ্গভাবে চিকিৎসাক্ষেত্রে ব্যবহারের অনুমোদন পায়নি। চিকিৎসাবিজ্ঞানে বড় ধরনের সাফল্যের বিষয়ে অতীতেও অনেক উচ্চাভিলাষী প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, যার সবগুলো বাস্তবে রূপ নেয়নি। এর উদাহরণ হিসেবে ১৯৭০-এর দশকে যুক্তরাষ্ট্রের ‘ক্যানসারের বিরুদ্ধে যুদ্ধ’ কর্মসূচির কথা উল্লেখ করেছেন বিশেষজ্ঞরা।

তাঁদের সতর্কতা, বিজ্ঞান এখনো যে পর্যায়ে পৌঁছায়নি, তার চেয়ে অনেক বেশি প্রত্যাশা তৈরি করতে পারে এ ধরনের পূর্বাভাস। এতে সাধারণ মানুষের মধ্যে অবাস্তব আশা তৈরি হওয়ার ঝুঁকি রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca