• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
শিরোনাম
প্রবাস থেকে ব্যর্থ হয়ে ফিরে ৫০ হাঁসে শুরু, এখন মাসে আয় ৭০ হাজার প্রথমবারের মতো সাফে ভিএআর, ব্যবহার শুরু কখন থেকে? আধুনিকতার ছোঁয়ায় নেত্রকোনায় হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মাটির ঘর সারাদেশে অবৈধ ইটভাটা বন্ধে হাইকোর্টের নির্দেশ মোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালা শীতেও ত্বক থাকবে কোমল ও আর্দ্র, প্রতিদিনের যত্নে ১০ পরামর্শ ৩৫ হাজার নাগরিকের এনআইডি লক, ভোগান্তিতে নাগরিকরা পরিবার নিয়ে চলার জন্য টাইসর, রুমিয়ন নাকি ইনোভা ক্রিস্টা কোন টয়োটা গাড়ি সেরা? গাজার নাসের হাসপাতালে ইসরায়েলি হামলা, নিহত ৬ দুধের সঙ্গে কলা খেলে শরীরে কী হয়, জানুন উপকারিতা ও সতর্কতা

একসঙ্গে পাঁচ সরকারি চাকরি, প্রতারণায় দোষী ব্রিটিশ কর্মকর্তা

Reporter Name / ১৩ Time View
Update : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

যুক্তরাজ্যে একই সময়ে একাধিক সরকারি প্রতিষ্ঠানে পূর্ণকালীন চাকরি করে বিপুল অঙ্কের অর্থ নেওয়ার ঘটনায় দোষী সাব্যস্ত হয়েছেন কাশিম চৌধুরী নামের এক কর্মকর্তা। ২০২০ থেকে ২০২৩ সালের মধ্যে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে চাকরি করে তিনি প্রায় ৩ লাখ ৫০ হাজার পাউন্ড আয় করেন। এর মধ্যে ২ লাখ ৮৪ হাজার পাউন্ডের বেশি অর্থ প্রতারণার মাধ্যমে নেওয়ার অভিযোগে তাঁর বিরুদ্ধে আনা ৯টি অভিযোগের মধ্যে আটটিতে মিথ্যা তথ্য দিয়ে প্রতারণা এবং একটিতে তথ্য গোপনের মাধ্যমে প্রতারণার দায় প্রমাণিত হয়েছে।

পূর্ব লন্ডনের বাসিন্দা ৫৬ বছর বয়সী কাশিমের বিরুদ্ধে মামলার শুনানি শেষে প্রায় সাত ঘণ্টা আলোচনা করে জুরি বোর্ড সর্বসম্মতভাবে তাঁকে দোষী সাব্যস্ত করে। বিচারক জানিয়েছেন, এই অপরাধের জন্য তাঁকে উল্লেখযোগ্য মেয়াদের কারাদণ্ড ভোগ করতে হতে পারে। অপরাধের গুরুত্ব এবং তাঁর নিজের নিরাপত্তার বিষয় বিবেচনায় জামিনের আবেদনও নাকচ করা হয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ থেকে ২০২৩ সালের মধ্যে কাশিমের মোট আটটি পূর্ণকালীন সরকারি চাকরি ছিল। এসব চাকরির সময়সীমা একে অপরের সঙ্গে মিলে যাওয়ায় তিনি একই সময়ে একাধিক প্রতিষ্ঠানে কাজ করতেন। ২০২৩ সালে তিনি একসঙ্গে পাঁচটি সরকারি চাকরি করছিলেন বলে মামলায় উঠে এসেছে। তাঁর কর্মস্থলগুলোর মধ্যে ছিল পরিবেশ, খাদ্য ও গ্রামীণ বিষয়ক বিভাগ (ডেফরা), স্বাস্থ্য ও সামাজিক সেবা বিভাগ, যুক্তরাজ্যের স্বাস্থ্য সুরক্ষা সংস্থা (ইউকেএইচএসএ), ব্যবসা ও বাণিজ্য বিভাগ, খাদ্যমান নিয়ন্ত্রণ সংস্থা এবং স্বরাষ্ট্র দপ্তর।

প্রসিকিউশনের অভিযোগ, চাকরির আবেদনপত্রে নিজের কর্মসংস্থানের অবস্থা সম্পর্কে মিথ্যা তথ্য দিয়েছিলেন কাশিম। আগে থেকেই অন্য সরকারি প্রতিষ্ঠানে চাকরি করার বিষয়টি গোপন করেছিলেন তিনি। নতুন চাকরি পাওয়ার পরও অন্য প্রতিষ্ঠানে কর্মরত থাকার তথ্য নিয়োগকর্তাদের জানাননি। চুক্তি অনুযায়ী, একপর্যায়ে তাঁর সপ্তাহে ১৮৩ ঘণ্টা কাজ করার কথা ছিল, যা সপ্তাহের মোট ১৬৮ ঘণ্টার চেয়েও বেশি।

আদালতে কাশিম দাবি করেন, অতীতে চাকরি হারানোর অভিজ্ঞতা থেকে জীবিকা হারানোর ভয় তাঁকে বারবার নতুন চাকরি নিতে প্ররোচিত করেছিল। ২০১৩ সালে শিক্ষা বিভাগের একটি চাকরি থেকে ছাঁটাই হওয়ার পর তাঁর পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার (পিটিএসডি) শনাক্ত হয়। মানসিক চাপ, উদ্বেগ ও অতীতের অভিজ্ঞতার কারণে চাকরির আবেদন করার সময় তিনি স্বাভাবিকভাবে চিন্তা করতে পারেননি বলেও দাবি করেন।

তবে প্রসিকিউটর লুসি অর্গান আদালতে বলেন, কাশিম সাক্ষ্য দেওয়ার সময় এমনকি শপথের অধীনেও মিথ্যা বলেছেন। তাঁর আচরণ প্রতারণার গভীরতা তুলে ধরে।

আদালতে কয়েকজন ব্যবস্থাপক কাশিমের কর্মদক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন। ডেফরায় তাঁর ব্যবস্থাপক ড্যান ম্যাককার্টনি জানান, কাশিমকে প্রায় সব সময়ই বলে দিতে হতো কী করতে হবে। ভিডিও বৈঠকে তিনি প্রায়ই ক্যামেরা বন্ধ রাখতেন এবং কারিগরি সমস্যার কথা বলতেন। কয়েক মাস এমন চলার পরও আনুষ্ঠানিক কর্মদক্ষতা মূল্যায়নের আওতায় না থাকায় তিনি স্থায়ী চাকরি পান এবং সেখানে প্রায় দুই বছর কাজ করেন।

প্রসিকিউশনের আরও অভিযোগ, একাধিক চাকরির সময়সূচি সামলাতে কাশিম অসুস্থতাজনিত ছুটি ব্যবহার করতেন। ২০২৩ সালের মার্চে তিনি চারটি প্রতিষ্ঠানে অসুস্থতার কারণে ছুটিতে ছিলেন। তবে একই সময়ে স্বরাষ্ট্র দপ্তরে কাজ চালিয়ে গেলেও সেখানে অসুস্থতার কথা জানাননি।

ওই বছরের মে মাসে ইউকেএইচএসএর ব্যবস্থাপক আলিশা অ্যাডামস তাঁর সঙ্গে একটি ভিডিও বৈঠকের আয়োজন করেন। তখন কাশিম প্রায় তিন মাস ধরে অসুস্থতাজনিত ছুটিতে ছিলেন। তাঁকে কাজে ফেরানোর পরিকল্পনা নিয়ে বৈঠকটি ডাকা হয়েছিল। অ্যাডামস আদালতে বলেন, বৈঠকের শুরুতে কাশিমকে প্রচুর কাশতে দেখা যায় এবং তিনি ক্যামেরার সামনে টিস্যু নাড়াচ্ছিলেন। তাঁর মুখে সাদা মেকআপ ছিল বলেও সন্দেহ হয়। বৈঠকের সময় ঘাম ও ঘষার কারণে কপালের মেকআপ উঠে যেতে থাকে। তবে কাশিম মেকআপ ব্যবহারের অভিযোগ অস্বীকার করেন।

বৈঠকের পর অ্যাডামস জানতে পারেন, কাশিম ডেফরার ই-মেইল ঠিকানা ব্যবহার করে ইউকেএইচএসএর বৈঠকে যোগ দিয়েছিলেন। এ বিষয়ে জানতে চাইলে তিনি কারিগরি ত্রুটির কথা বলেন। পরে সন্দেহ বাড়লে অ্যাডামস বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানান।

২০২৩ সালে সরকারের ন্যাশনাল ফ্রড ইনিশিয়েটিভের মাধ্যমে ডেফরার কাছে সন্দেহজনক প্রতারণার তথ্য পৌঁছায়। এরপর তদন্ত শুরু হয়। ওই বছরের জুলাইয়ে কাশিমকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হয় এবং সেপ্টেম্বরে তাঁকে সরকারি চাকরি থেকে বরখাস্ত করা হয়।

এদিকে পারিবারিক সম্পত্তি নিয়ে কাশিমের বিরুদ্ধে আরেকটি পৃথক মামলাও চলছে। তাঁর দুই ভাই ও এক বোনের অভিযোগ, মায়ের মৃত্যুর কয়েক দিন আগে পারিবারিক বাড়ির অর্ধেক অংশ নিজের নামে লিখে নিতে তিনি ‘অযাচিত প্রভাব’ খাটিয়েছিলেন।

হাইকোর্টের মামলায় বলা হয়েছে, তাঁদের মা ফাইজুন নেসা গুরুতর অসুস্থ অবস্থায় কয়েকটি নথিতে স্বাক্ষর করেছিলেন। এর ফলে পূর্ব লন্ডনের চারতলা ও ছয় শয়নকক্ষের বাড়িটির অর্ধেক মালিকানা কাশিমের নামে চলে যায়। বাড়িটির আনুমানিক মূল্য ২১ লাখ পাউন্ড।

ভাই-বোনদের দাবি, ২০২৩ সালের জানুয়ারিতে ফাইজুন নেসার চতুর্থ পর্যায়ের কোলোরেক্টাল ক্যানসার ধরা পড়ে। তিনি প্রায় অন্ধ ছিলেন এবং ইংরেজি বলতে পারতেন না। অথচ সম্পত্তি হস্তান্তরের নথিগুলো তাঁর মাতৃভাষা বাংলায় অনুবাদ করা হয়নি। তবে কাশিম এসব অভিযোগ অস্বীকার করেছেন। সম্পত্তি নিয়ে মামলাটির বিচার এখনো চলছে।

সূত্র: বিবিসি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca