• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
শিরোনাম
দৌলতপুরে দু’টি বাড়িতে পাওয়া গেল কাফনের কাপড়, হুমকির চিরকুটসহ অন্যান্য সামগ্রী আমলের বিনিময়ে কি মানুষ জান্নাত পাবে, কী বলেছে কোরআন-হাদিস? টায়ারে নাইট্রোজেন নাকি সাধারণ বাতাস, কোনটি বেশি ভালো? বেরোবির এমসিজে উৎসবে আসছেন বর্ষসেরা ট্যুরিজম কনটেন্ট ক্রিয়েটর সালাহউদ্দীন সুমন ‘নাস্তিক হলে বিয়ে কেন?’ সমালোচকদের প্রশ্নের জবাব পারশার চবির ভর্তি আবেদনের সময় বাড়ল, পরীক্ষা হবে নতুন সূচিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র স্থাপনায় রহস্যময় অস্ত্র, বাড়ছে কৌতূহল নতুন হামলা হলে দূরবর্তী মার্কিন ঘাঁটিও লক্ষ্যবস্তু করবে ইরান নেতানিয়াহুর মতো চেহারা, তেহরানে দোকান বয়কটের মুখে ইরানি ব্যবসায়ী তৃতীয় বিশ্বযুদ্ধ হলে তুলনামূলকভাবে নিরাপদ থাকতে পারে যে ৫ দেশ

শুধু সনদ নয়, কর্মবাজারের উপযোগী দক্ষতা নিয়ে বিশ্ববিদ্যালয় ছাড়তে হবে: ইউজিসি চেয়ারম্যান

Reporter Name / ১৮ Time View
Update : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

শুধু বিশ্ববিদ্যালয়ের সনদ অর্জন করলেই হবে না, কর্মবাজারের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় দক্ষতা অর্জন করেই শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় থেকে বের হতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ডেটা সায়েন্সসহ নতুন প্রযুক্তির দ্রুত বিকাশের সঙ্গে তাল মেলাতে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি ডিজিটাল সাক্ষরতা, যোগাযোগ দক্ষতা ও পেশাগত যোগ্যতা অর্জন জরুরি।

বুধবার (১১ নভেম্বর) ঢাকার পূর্বাচলসংলগ্ন কাঞ্চনে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এসইউবি) স্থায়ী ক্যাম্পাসে আয়োজিত ‘মিট অ্যান্ড গ্রিট ২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি ভর্তি হওয়া শিক্ষার্থীদের বরণ করে নিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নবীন শিক্ষার্থীদের উদ্দেশে ইউজিসি চেয়ারম্যান বলেন, জীবনে সফল হতে মেধার পাশাপাশি পরিশ্রম, অধ্যবসায় ও আত্মবিশ্বাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারি কিংবা বেসরকারি, বড় কিংবা ছোট, পুরোনো কিংবা নতুন—কোন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা হচ্ছে, সেটিই সফলতার প্রধান নির্ধারক নয়। বিশ্ববিদ্যালয়ের পরিচয় নিয়ে হীনম্মন্যতায় ভোগার কোনো কারণ নেই। প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা অর্জন করতে পারলে যেকোনো বিশ্ববিদ্যালয় থেকেই সফল হওয়া সম্ভব।

দেশের অর্থনীতি ও কর্মসংস্থানের সম্ভাবনা তুলে ধরে অধ্যাপক মামুন আহমেদ বলেন, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতিকে এক ট্রিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য রয়েছে। আগামী পাঁচ বছরে দেশে এক কোটি নতুন কর্মসংস্থান সৃষ্টির সম্ভাবনা রয়েছে। এসব কর্মসংস্থানে তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। এ জন্য মানসম্মত শিক্ষার পাশাপাশি সময়োপযোগী দক্ষতা অর্জনের মাধ্যমে নিজেদের প্রস্তুত করতে হবে।

শিক্ষকদের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, শিক্ষার্থীদের শুধু শ্রেণিকক্ষের পাঠদানের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। তাঁদের সহশিক্ষা ও পাঠ্যক্রমবহির্ভূত কার্যক্রমে অংশগ্রহণের পর্যাপ্ত সুযোগ তৈরি করতে হবে। শ্রেণিকক্ষের বাইরের এসব কার্যক্রম শিক্ষার্থীদের নেতৃত্ব, যোগাযোগ, দলগত কাজ ও সমস্যা সমাধানের মতো বাস্তবমুখী দক্ষতা অর্জনে সহায়তা করে।

দেশের উচ্চশিক্ষার মানোন্নয়নে ইউজিসির পরিকল্পনা তুলে ধরে চেয়ারম্যান বলেন, আগামী পাঁচ বছরের মধ্যে দেশের সব বিশ্ববিদ্যালয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে কমিশন কাজ করছে। বিশ্ববিদ্যালয়ে অর্জিত জ্ঞান ও দক্ষতা যেন শিক্ষার্থীরা বাস্তব জীবন ও কর্মক্ষেত্রে কার্যকরভাবে প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে সমন্বিত শিক্ষাব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এ ক্ষেত্রে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো বৈষম্য করা হচ্ছে না।

তিনি আরও বলেন, আগামী পাঁচ বছরে ইউজিসির সহযোগিতায় সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অন্তত দুই হাজার শিক্ষককে দেশে-বিদেশে পিএইচডি করার সুযোগ তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং গবেষণার সুযোগ সম্প্রসারণেও কাজ করছে কমিশন।

গবেষণায় অর্থায়নের বিষয়ে অধ্যাপক মামুন আহমেদ বলেন, সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের গবেষণা প্রকল্পে অর্থায়নের ক্ষেত্রে প্রকল্পের গুণগত মান, দেশের বিদ্যমান সমস্যা সমাধানে সম্ভাব্য অবদান এবং বাস্তবায়নের সক্ষমতাকে গুরুত্ব দেওয়া হবে। মানসম্মত ও সম্ভাবনাময় গবেষণা প্রকল্প থাকলে বিশ্ববিদ্যালয়গুলোকে ইউজিসির সঙ্গে যোগাযোগের আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য (মনোনীত) অধ্যাপক ড. মো. হাসান কাউসার। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের প্রেসিডেন্ট ড. এ এম শামীম ও ভাইস প্রেসিডেন্ট ড. মো. মাহবুবুর রহমান, এমপি।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও ইউজিসির সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের আইন বিভাগের অ্যাডজাঙ্কট প্রফেসর ড. আসিফ নজরুল, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. কে এস সারোয়ার উদ্দিন আহমেদ এবং রেজিস্ট্রার ড. আহমেদ হোসাইন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca