• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনাম
লেকট্রিক গাড়ি কেনার আগে যে ১০টি বিষয় জানা জরুরি রৌমারীতে সড়ক দুর্ঘটনায় গ্রামীন ব্যাংক কর্মকর্তার মৃত্যু শীত আসতেই বাড়ে নিউমোনিয়ার শঙ্কা, সুরক্ষায় কী করবেন? নেত্রকোনায় ৯০ বছরের মারফত আলীর দুর্দশার খবর পেয়ে ছুটে গেলেন ইউএনও, দিলেন সহায়তা প্রবাস থেকে ব্যর্থ হয়ে ফিরে ৫০ হাঁসে শুরু, এখন মাসে আয় ৭০ হাজার প্রথমবারের মতো সাফে ভিএআর, ব্যবহার শুরু কখন থেকে? আধুনিকতার ছোঁয়ায় নেত্রকোনায় হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মাটির ঘর সারাদেশে অবৈধ ইটভাটা বন্ধে হাইকোর্টের নির্দেশ মোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালা শীতেও ত্বক থাকবে কোমল ও আর্দ্র, প্রতিদিনের যত্নে ১০ পরামর্শ

পে-স্কেলের গেজেটে যেসব পরিবর্তন এলো

Reporter Name / ২৫ Time View
Update : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

সরকারি চাকরিজীবীদের জাতীয় বেতনস্কেল ২০২৬-এর গেজেটে সংশোধনী এনেছে সরকার। পেনশন, আনুতোষিক ও অবসর-উত্তর ছুটির হিসাব নির্ধারণে নতুন ব্যাখ্যা যুক্ত করে অবসর-উত্তর ছুটি শুরুর তারিখ অনুযায়ী সুবিধা নির্ধারণের নিয়ম স্পষ্ট করা হয়েছে। পাশাপাশি ১৮ মাসের লাম্পগ্র্যান্ট, ছুটি নগদায়ন, আগে নিষ্পত্তি হওয়া পেনশন ও আনুতোষিকের দাবি পুনর্নির্ধারণ এবং পারিবারিক পেনশনভোগীদের উৎসব ভাতা বণ্টনের বিষয়েও নতুন নির্দেশনা দেওয়া হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) সরকারি গেজেটের অতিরিক্ত সংখ্যায় সংশোধিত আদেশ প্রকাশ করা হয়। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনটির নম্বর এস.আর.ও. নং ৪০৩-আইন/২০২৬। এতে ‘সরকারি চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’-এর কয়েকটি অনুচ্ছেদ সংশোধন ও নতুন বিধান সংযোজন করা হয়েছে। সংশোধিত আদেশটি ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর বলে গণ্য হবে।

সংশোধনীতে অবসর-উত্তর ছুটি বা পিআরএল শুরুর তারিখ অনুযায়ী কর্মচারীদের জন্য পৃথক বিধান রাখা হয়েছে। যেসব কর্মচারীর অবসর-উত্তর ছুটি ১ জুলাই ২০২৬ তারিখে শুরু হয়েছে, তাঁদের ছুটিকালীন বেতন ও ভাতা জাতীয় বেতনস্কেল ২০১৫ অনুযায়ী বিশেষ সুবিধাসহ দিতে হবে। তবে ছুটি শেষে তাঁদের নিট পেনশন ও আনুতোষিক সংশোধিত আদেশের প্রযোজ্য বিধান অনুযায়ী নির্ধারণ করা হবে।

অন্যদিকে, যেসব কর্মচারীর অবসর-উত্তর ছুটি ২ জুলাই ২০২৬ বা তার পরবর্তী সময়ে শুরু হয়েছে বা হবে, তাঁদের ছুটিকালীন বেতন ও ভাতা জাতীয় বেতনস্কেল ২০২৬ অনুযায়ী নির্ধারণ করতে হবে। ছুটি শেষে তাঁদের নিট পেনশন ও আনুতোষিকও নতুন বেতন আদেশের প্রযোজ্য বিধান অনুসারে হিসাব করা হবে।

যেসব কর্মচারীর অবসর-উত্তর ছুটি ১ জুলাই ২০২৬-এর আগে শুরু হয়েছে এবং ওই তারিখে বা তার পরও চলমান রয়েছে, তাঁদের ক্ষেত্রেও আলাদা ব্যাখ্যা যুক্ত করা হয়েছে। তাঁদের ছুটিকালীন বেতন ও ভাতা জাতীয় বেতনস্কেল ২০১৫ অনুযায়ী বিশেষ সুবিধাসহ দিতে হবে। তবে অবসর-উত্তর ছুটি শেষে নিট পেনশন ও আনুতোষিক নির্ধারণের ক্ষেত্রে জাতীয় বেতনস্কেল ২০২৬-এর সংশ্লিষ্ট বিধান অনুসরণ করতে হবে।

গেজেটে আগে নিষ্পত্তি হওয়া পেনশন ও আনুতোষিকের দাবির বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে। ১ জুলাই ২০২৬ থেকে ১১ নভেম্বর ২০২৬ তারিখে সংশোধনী জারির আগ পর্যন্ত সময়ে জাতীয় বেতনস্কেল ২০১৫ অনুযায়ী আহরিত মূল বেতনের ভিত্তিতে কোনো কর্মচারীর নিট পেনশন ও আনুতোষিকের দাবি নিষ্পত্তি হয়ে থাকলে, প্রযোজ্য ক্ষেত্রে তা পুনর্নির্ধারণ করতে হবে। পুনর্নির্ধারণের ফলে অতিরিক্ত অর্থ পাওনা হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে তা পরিশোধ করতে হবে।

১৮ মাসের লাম্পগ্র্যান্ট বা এককালীন অর্থ নির্ধারণেও নতুন ব্যাখ্যা যুক্ত হয়েছে। যেসব কর্মচারীর অবসর-উত্তর ছুটি ১ জুলাই ২০২৬ তারিখে শুরু হয়েছে, তাঁদের ক্ষেত্রে জাতীয় বেতনস্কেল ২০১৫ অনুযায়ী অবসরকালীন নির্ধারিত মূল বেতনের ভিত্তিতে ১৮ মাসের মূল বেতনের সমপরিমাণ লাম্পগ্র্যান্ট দিতে হবে। আর যাঁদের অবসর-উত্তর ছুটি ২ জুলাই ২০২৬ বা তার পরে শুরু হয়েছে, তাঁদের ক্ষেত্রে জাতীয় বেতনস্কেল ২০২৬ অনুযায়ী অবসরকালীন নির্ধারিত মূল বেতনের ভিত্তিতে এ অর্থ হিসাব করতে হবে। প্রাপ্য লাম্পগ্র্যান্টের সম্পূর্ণ অর্থ একসঙ্গে পরিশোধের বিধান রাখা হয়েছে।

সংশোধিত আদেশে ১ জুলাই ২০২৬ থেকে ৩০ জুন ২০২৭ সময়ের মধ্যে অবসর-উত্তর ছুটি শেষে অবসরে যাওয়া কর্মচারীদের গ্রস ও নিট পেনশন জাতীয় বেতনস্কেল ২০২৬ অনুযায়ী নির্ধারণের বিধানও রয়েছে। তবে যাঁদের অবসর-উত্তর ছুটি ৩০ জুন ২০২৬ তারিখে শেষ হয়েছে এবং ১ জুলাই ২০২৬ তারিখে পেনশন কার্যকর হয়েছে, তাঁদের ক্ষেত্রে জাতীয় বেতনস্কেল ২০১৫ অনুযায়ী নিট পেনশন ও আনুতোষিক নির্ধারণ করতে হবে। তাঁদের নিট পেনশনের শতাংশভিত্তিক বৃদ্ধি ও প্রাপ্যতা নতুন আদেশের সংশ্লিষ্ট বিধান অনুযায়ী নির্ধারিত হবে।

পারিবারিক পেনশনভোগীদের উৎসব ভাতা বণ্টনেও নতুন নিয়ম যুক্ত হয়েছে। কোনো মূল পেনশনভোগীর মৃত্যুর পর একাধিক ব্যক্তি পারিবারিক পেনশন পেলে মূল পেনশনভোগীর প্রাপ্য উৎসব ভাতার ভিত্তিতে বিধি অনুযায়ী আনুপাতিক হারে তাঁদের মধ্যে ভাতা বণ্টন করতে হবে।

১০০ শতাংশ পেনশন সমর্পণকারী ব্যক্তিদের উৎসব ভাতার বিষয়েও বিধান রয়েছে। সংশোধিত আদেশে বলা হয়েছে, তাঁরা যদি ১০০ শতাংশ পেনশন সমর্পণ না করতেন, তাহলে যে পরিমাণ মাসিক নিট পেনশন পাওয়ার যোগ্য হতেন, সেই পরিমাণের ভিত্তিতে প্রতিবছর দুটি উৎসব ভাতা পাবেন।

সংশোধিত গেজেটে নিট পেনশন বৃদ্ধির হার এবং সর্বনিম্ন ও সর্বোচ্চ পেনশনের সীমা আগের আদেশের মতোই রাখা হয়েছে। অর্থাৎ সংশোধনীর মূল লক্ষ্য পেনশনের হার নতুন করে নির্ধারণ নয়; বরং অবসর-উত্তর ছুটির সময়, পেনশন ও আনুতোষিকের হিসাব, লাম্পগ্র্যান্ট এবং আগে নিষ্পত্তি হওয়া দাবির ক্ষেত্রে কোন নিয়ম অনুসরণ করতে হবে, তা স্পষ্ট করা।

গেজেট দেখতে ক্লিক করুন এখানে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca