সুনামগঞ্জ সদর উপজেলার হালুয়ারঘাট বাজার এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত পরিচালিত এ অভিযানে পৃথক স্থান থেকে তাঁদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের মঙ্গলকাটা গ্রামের মো. আবু হানিফের ছেলে মো. আবু সালেহ (৩০) এবং একই উপজেলার সুরমা ইউনিয়নের মইনপুর গ্রামের মৃত মো. মজিবুর রহমানের ছেলে মো. সাজ্জাদুল (৩৫)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দুপুর দেড়টা থেকে বিকেল তিনটা পর্যন্ত হালুয়ারঘাট বাজার এলাকায় ডিএনসির সুনামগঞ্জ জেলা কার্যালয়ের ‘খ’ সার্কেলের একটি বিশেষ আভিযানিক দল অভিযান চালায়।
অভিযানকালে বাজারের বাদশা মিয়ার ভাতের হোটেলের ভেতর থেকে সন্দেহভাজন হিসেবে আবু সালেহকে আটক করে তল্লাশি করা হয়। এ সময় তাঁর পরিহিত শার্টের বুকের বাঁ পকেট থেকে ইয়াবা উদ্ধার করা হয়। একই বাজারে জাহির মিয়ার চায়ের দোকানের ভেতর থেকে আটক করা হয় অপর সন্দেহভাজন সাজ্জাদুলকে। তল্লাশিকালে তাঁর পরিহিত লুঙ্গির কোচর থেকে ইয়াবা পাওয়া যায়। দুই ব্যক্তির হেফাজত থেকে মোট ১৩ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট জব্দ করে তাঁদের গ্রেপ্তার দেখানো হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিদর্শক (এসআই) মো. আতাউর রহমান সজীব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত ২০২০)-এর ৩৬(১) সারণির ১০(ক) ও ৪১ ধারায় সুনামগঞ্জ সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
অভিযানের সত্যতা নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সুনামগঞ্জের উপপরিচালক মো. আবুল হোসেন জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়েছে। ইয়াবাসহ গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং জেলায় মাদক নিয়ন্ত্রণে নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।