• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
শিরোনাম
বৃত্তি পরীক্ষায় কোন ক্যালকুলেটর ব্যবহার করা যাবে, জানাল মাদ্রাসা বোর্ড বয়সভেদে প্রতিদিন কতটুকু প্রোটিন প্রয়োজন, জানুন সঠিক হিসাব টানা পাঁচ মাস বিদ্যুৎহীন বাংলাদেশের ৩৫ গ্রাম, দুর্ভোগে ১০ হাজার মানুষ তারা আরও বলেন, ‘পালপাড়ার সব মানুষের পক্ষ থেকে মির্জা ফয়সল আমিন ও রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।’ কেনাকাটায় নতুন সুবিধা আনল ওপেনএআই, চালু করল চ্যাটজিপিটি ওয়ালেট জমকালো আয়োজনে বর্ণিল অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পন্ন হলো খরগোশ লিও ও পিকুর বিয়ে, দুই পরিবারে আনন্দের বন্যা! সরকারি হওয়ার পথে বরিশালের দুই কলেজ? মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা মাদরাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষককে গণপিটুনি গাজীপুরে ফের শ্রমিক অসন্তোষ, শ্রমিক-পুলিশ পাল্টাপাল্টি ধাওয়া ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সে নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ও ভাতা আকর্ষণীয়

টানা পাঁচ মাস বিদ্যুৎহীন বাংলাদেশের ৩৫ গ্রাম, দুর্ভোগে ১০ হাজার মানুষ

Reporter Name / ১৯ Time View
Update : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

একটানা কয়েক ঘণ্টা বিদ্যুৎ না থাকলেই যেখানে জনজীবনে ভোগান্তি তৈরি হয়, সেখানে টানা পাঁচ মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় দিন কাটাচ্ছেন ফরিদপুরের সদরপুর উপজেলার নারিকেলবাড়িয়া ইউনিয়নের ৩৫টি গ্রামের বাসিন্দারা। পদ্মা নদীর তলদেশ দিয়ে যাওয়া বিদ্যুতের কেবল ছিঁড়ে যাওয়ায় গত ৮ জুন থেকে এসব গ্রামে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এতে অন্তত ১০ হাজার মানুষ বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। বাসাবাড়ির পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছে স্থানীয় ব্যবসা, কৃষি ও শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রম।

শনিবার (১৪ নভেম্বর) পর্যন্ত প্রায় পাঁচ মাস ধরে বিদ্যুৎ না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন এলাকার দেড় হাজারের মতো গ্রাহক। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় ফ্রিজসহ বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহারের সুযোগ হারিয়েছেন বাসিন্দারা। বিকল্প হিসেবে অনেক পরিবার সৌরবিদ্যুতের ব্যবস্থা করলেও তা দিয়ে ফ্রিজ, পানির মোটর কিংবা প্রয়োজনীয়সংখ্যক ফ্যান চালানো সম্ভব হচ্ছে না।

স্থানীয় বাসিন্দা আব্দুল জলিল জানান, বিদ্যুৎ না থাকায় তাঁদের স্বাভাবিক জীবনযাপন কঠিন হয়ে পড়েছে। টেলিভিশন ও ফ্রিজের মতো প্রয়োজনীয় যন্ত্রপাতি ব্যবহার করতে পারছেন না তাঁরা। নিজেদের অবহেলিত মনে হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ২০২১ সালে বিদ্যুৎ সংযোগ পাওয়ার পর চরাঞ্চলের মানুষের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন এসেছিল। কিন্তু বারবার সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় সেই সুবিধা এখন দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

স্থানীয় গৃহিণী শোভা জানান, বিদ্যুৎ পাওয়ার পর পরিবারের জন্য ফ্রিজ কিনেছিলেন। কিন্তু মাসের পর মাস বিদ্যুৎ না থাকায় সেটি অব্যবহৃত পড়ে রয়েছে। সৌরবিদ্যুতের ব্যবস্থা থাকলেও তা দিয়ে প্রয়োজনীয় সব বৈদ্যুতিক যন্ত্র চালানো যায় না। বিশেষ করে গরমের রাতে ঘুমানো কঠিন হয়ে পড়েছে। শিশুদের ভোগান্তি আরও বেশি।

বিদ্যুৎ সংকটের প্রভাব পড়েছে ক্ষুদ্র ব্যবসায়ও। স্থানীয় এক দর্জিকে বিদ্যুৎচালিত সেলাই মেশিনের পরিবর্তে ব্যাটারির ওপর নির্ভর করতে হচ্ছে। এ জন্য নতুন ব্যাটারি কিনতে তাঁকে ১৮ হাজার টাকা ব্যয় করতে হয়েছে। অন্যদিকে, একটি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের গাছের নিচে পাঠদান করতে দেখা গেছে। শিক্ষক ও অভিভাবকদের মতে, দীর্ঘদিন বিদ্যুৎ না থাকায় শিক্ষার্থীদের পড়াশোনাও ব্যাহত হচ্ছে।

ঢাকার দোহার থেকে পদ্মা নদীর তলদেশ দিয়ে প্রায় চার কিলোমিটার বিদ্যুতের কেবল স্থাপন করে নারিকেলবাড়িয়া ইউনিয়নে বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করা হয়েছিল। ২০২১ সালে শতভাগ বিদ্যুতায়ন কর্মসূচির আওতায় ইউনিয়নের চরাঞ্চল গ্রিড বিদ্যুতের আওতায় আসে। তবে সংযোগ চালুর পর গত পাঁচ বছরে চারবার নদীর তলদেশের কেবল বিচ্ছিন্ন হয়েছে।

এর আগে ২০২৩ সালে কেবল ছিঁড়ে যাওয়ায় প্রায় ছয় মাস বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। পরে ২০২৪ সালের ৫ নভেম্বর আবার সংযোগ বিচ্ছিন্ন হলে প্রায় ১৫ মাস বিদ্যুৎ সংকটে থাকতে হয় ইউনিয়নবাসীকে। সর্বশেষ ২০২৬ সালের ৮ জুন নদীর তলদেশের কেবল ছিঁড়ে যাওয়ায় নতুন করে সংকট তৈরি হয়।

এ এলাকার বিদ্যুৎ বিতরণের দায়িত্বে রয়েছে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের অধীন ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২। প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, বর্ষাকালে পদ্মা নদীতে প্রবল স্রোত ও পানির উচ্চতা বেশি থাকায় কেবল মেরামত করা সম্ভব হয়নি। ডুবুরির মাধ্যমে মেরামতের চেষ্টা করা হলেও প্রতিকূল পরিস্থিতির কারণে কাজ করা যায়নি।

কর্মকর্তাদের ভাষ্য, ডুবুরি ও স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে আলোচনার পর নদীর পানি ও স্রোত কমলে মেরামতের পরিকল্পনা ছিল। তবে পরে পুরোনো কেবল জোড়া দিয়ে বিদ্যুৎ সরবরাহ চালু করার সম্ভাবনা কম মনে হওয়ায় নতুন কেবল স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়।

নদীর তলদেশে নতুন করে চার কিলোমিটার কেবল স্থাপনে আনুমানিক আড়াই কোটি টাকা ব্যয় হতে পারে বলে জানিয়েছেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তারা। তাঁদের হিসাবে, কেবল কেনার জন্য প্রায় দুই কোটি ১০ লাখ টাকা এবং স্থাপনকাজে ৩০ লাখ টাকা প্রয়োজন হবে। প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন থাকলে সর্বোচ্চ তিন দিনের মধ্যে কেবল স্থাপন করা সম্ভব।

ইতোমধ্যে চার কিলোমিটার নতুন কেবল সংগ্রহ করা হয়েছে। ঠিকাদার নিয়োগের জন্য দরপত্র প্রক্রিয়া শুরুর প্রস্তুতিও চলছে। সব প্রক্রিয়া শেষ করে আগামী ডিসেম্বরের মধ্যে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালুর লক্ষ্য নির্ধারণ করেছে কর্তৃপক্ষ।

তবে নদীর তলদেশে পলির নিচে থাকার কথা বিদ্যুতের কেবল বারবার কীভাবে বিচ্ছিন্ন হচ্ছে, তার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম (মেইনটেন্যান্স) সবুজ মোল্লা জানান, তদন্তে অবৈধভাবে বালু উত্তোলনের সময় কেবল ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা পাওয়া গেছে। পাশাপাশি নদীর তীব্র স্রোতকেও সম্ভাব্য কারণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

দীর্ঘদিন বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় পল্লী বিদ্যুৎ সমিতির বিরুদ্ধে অবহেলার অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, কর্তৃপক্ষ আন্তরিক হলে আরও আগেই সমস্যার সমাধান করা সম্ভব হতো। পুরোনো কেবল উদ্ধার কিংবা মেরামতের সম্ভাবনা যথাযথভাবে যাচাই করা হয়নি বলেও অভিযোগ তাঁদের। পাঁচ মাস ধরে বিদ্যুৎ বন্ধ থাকলেও দ্রুত সমাধানের দৃশ্যমান উদ্যোগ না থাকায় ক্ষোভ বাড়ছে স্থানীয়দের মধ্যে।

এলাকায় বিদ্যুৎ সরবরাহকে সমিতির জন্য লোকসানি প্রকল্প হিসেবে বিবেচনা করা হয় কি না, এমন প্রশ্নও তুলেছেন কেউ কেউ। তবে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তারা অবহেলার অভিযোগ অস্বীকার করেছেন।

ভোক্তা অধিকার সংগঠন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) উপদেষ্টা ড. এম শামসুল আলম দীর্ঘদিন বিদ্যুৎবিহীন থাকার ঘটনাকে বিস্ময়কর বলে উল্লেখ করেছেন। তাঁর মতে, বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সরকারের জনসেবামূলক দায়িত্ব। প্রাকৃতিক কারণে কোনো সংযোগ বিচ্ছিন্ন হলে দ্রুত তা পুনরুদ্ধার করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব। মাসের পর মাস মানুষকে এভাবে বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত রাখা গ্রহণযোগ্য নয়।

নারিকেলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাসিরউদ্দিন জানান, ইউনিয়নে ভোটার রয়েছেন প্রায় আট হাজার ৫০০ জন। নারিকেলবাড়িয়া ইউনিয়নের পাশাপাশি পাশের চর নাসিরপুর ইউনিয়নের একটি ওয়ার্ডের তিন থেকে চারটি গ্রামসহ মোট প্রায় ৪০টি গ্রামের ১০ হাজারের বেশি মানুষ বিদ্যুৎ সংকটে রয়েছেন।

চেয়ারম্যানের ভাষ্য, ২০২১ সালে বিদ্যুৎ সংযোগ পাওয়ার পর চরাঞ্চলের মানুষের জীবনযাত্রায় পরিবর্তন এসেছিল। ঘরে ফ্যান, টেলিভিশন ও ফ্রিজ ব্যবহারের পাশাপাশি বৈদ্যুতিক মোটরের মাধ্যমে কৃষিকাজে সেচের সুবিধাও তৈরি হয়েছিল। কিন্তু সংযোগ বিচ্ছিন্ন হওয়ার পর এসব সুবিধা আবার বন্ধ হয়ে গেছে। অনেকের বৈদ্যুতিক যন্ত্রপাতিও নষ্ট হচ্ছে।

স্থানীয় বাসিন্দাদের দাবি, সাময়িক মেরামতের পরিবর্তে পদ্মা নদীর তলদেশে বিদ্যুতের কেবল স্থাপনের স্থায়ী সমাধান করতে হবে। অন্যথায় কয়েক মাস পরপর একই সংকট ফিরে আসার আশঙ্কা থেকে যাবে। নতুন কেবল স্থাপনের উদ্যোগ বাস্তবায়ন হলে ডিসেম্বরের মধ্যে বিদ্যুৎ সরবরাহ চালুর যে লক্ষ্য নির্ধারণ করেছে কর্তৃপক্ষ, তা কতটা সময়মতো বাস্তবায়িত হয়, এখন সেদিকেই তাকিয়ে রয়েছেন ভুক্তভোগীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca