• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনাম
জাকির নায়েকের প্রতিষ্ঠানের নিষেধাজ্ঞা আরও পাঁচ বছর বাড়াল ভারত মণিপুরে স্নাইপার হামলায় চার নাগা নাগরিক নিহত, উত্তেজনা আলাস্কায় মার্কিন সামরিক ঘাঁটির কাছে জেলিফিশ আকৃতির রহস্যময় বস্তু হরমুজে যুদ্ধ শুরুর পর নিহত ২৫ নাবিক, ১৩৪ সামুদ্রিক সংঘাত ঢাবিতে যানবাহন প্রবেশে নিয়ন্ত্রণ, ব্যক্তি ও গাড়িতে তল্লাশির নির্দেশ ২০২৭ সালে ভ্রমণে বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশ কানাডা চর্যাপদ থেকে আধুনিক কবিতা বাংলা কাব্যের দীর্ঘ অভিযাত্রা চীনে ট্রাম্প-পুতিন-শি বৈঠক আগামী বৃহস্পতিবার, আলোচনায় ইরান হরমুজে নৌমাইনে আঘাত, আগুনে দুই তেলবাহী জাহাজ মোংলায় জলবায়ু ন্যায্যতার সংহতি সমাবেশ, ঋণ নয় অনুদানের দাবি

আলাস্কায় মার্কিন সামরিক ঘাঁটির কাছে জেলিফিশ আকৃতির রহস্যময় বস্তু

Reporter Name / ২১ Time View
Update : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

যুক্তরাষ্ট্রের আলাস্কায় একটি সামরিক ঘাঁটির কাছাকাছি আকাশে জেলিফিশের মতো দেখতে রহস্যময় উড়ন্ত বস্তু দেখা গেছে। প্রায় তিন মিনিট আকাশে ভেসে থাকার পর হঠাৎ অদৃশ্য হয়ে যায় সেটি। এক নারীর ধারণ করা ছবি ও ভিডিও প্রকাশ্যে আসার পর ঘটনাটি ঘিরে নতুন করে অশনাক্ত উড়ন্ত বস্তু বা ইউএফও নিয়ে আলোচনা শুরু হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলকে সারা জেন অসবর্ন জানান, গত ১৫ জুন রাত ১০টা ১৩ মিনিটের দিকে আলাস্কার অ্যাঙ্কোরেজ শহরের সিক্সথ অ্যাভিনিউ দিয়ে যাওয়ার সময় তিনি আকাশে রংধনু দেখতে পান। গাড়ির জানালা দিয়ে সেই দৃশ্যের ছবি তুলতে গিয়ে দূরের গাছপালার ওপর কালো রঙের অদ্ভুত একটি বস্তু দেখতে পান। তাঁর ধারণা, বস্তুটি জয়েন্ট বেস এলমেনডর্ফ-রিচার্ডসন নামের মার্কিন সামরিক ঘাঁটির দিকে ছিল।

ওই ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক এফ-২২ র‍্যাপ্টর যুদ্ধবিমান রয়েছে। পাশাপাশি সেখানে আকাশ প্রতিরক্ষা, নজরদারি ও সামরিক বিমান পরিবহনের কার্যক্রম পরিচালিত হয়।

অসবর্নের ভাষ্য অনুযায়ী, রহস্যময় বস্তুটির নিচের দিকে কয়েকটি অংশ ঝুলছিল, যেগুলো আলাদাভাবে নড়াচড়া করছিল। বস্তুটিকে কখনো আকাশে স্থিরভাবে ভেসে থাকতে, আবার কখনো এক পাশ থেকে অন্য পাশে ঘুরতে দেখা যায়। প্রায় তিন মিনিট দৃশ্যমান থাকার পর সেটি হঠাৎ অদৃশ্য হয়ে যায়।

তিনি জানান, প্রথমে বস্তুটিকে দেখে তাঁর মনে হয়েছিল সেটি হয়তো কোনো মশা। পরে ফোনের পর্দার বাইরে তাকিয়ে বিষয়টি ভালোভাবে পর্যবেক্ষণ করেন এবং স্বামী পিটকে দেখান। এরপর কয়েকটি ছবি তোলার পাশাপাশি ভিডিও ধারণ করেন। দ্রুত কয়েকটি ছবি তোলায় বস্তুটির বিভিন্ন অবস্থানের একাধিক স্থিরচিত্রও তাঁর কাছে রয়েছে।

অসবর্ন বলেন, বস্তুটির রং ছিল কালো ও রুপালি। পরিচিত ঘুড়ির মতো উজ্জ্বল রঙের ছিল না সেটি। সেদিন বাতাস থাকলেও ঘুড়ি ওড়ানোর মতো জোরে বাতাস ছিল না বলে দাবি করেন তিনি। বস্তুটির চলাচলও ঘুড়ির স্বাভাবিক গতির সঙ্গে মিলছিল না।

ঘটনার পর অসবর্ন ও তাঁর স্বামী আশপাশের একটি পার্কে গিয়ে খোঁজ করেন, কেউ ঘুড়ি নামাচ্ছেন কি না। কিন্তু কাউকে ঘুড়ি গুটিয়ে নিতে দেখেননি তাঁরা। পরে আর্টিক ভ্যালির দিকেও যান। প্রায় ৩০ মিনিট ধরে আশপাশের এলাকায় খোঁজাখুঁজি করেও বস্তুটির সন্ধান পাননি।

অসবর্নের স্বামীর ধারণা, বস্তুটি তাঁদের অবস্থান থেকে প্রায় তিন মাইল দূরে থাকতে পারে। তবে এ দূরত্ব নিশ্চিত করা সম্ভব হয়নি। কাছাকাছি পাহাড়ের দিকে একটি ছোট বিমানও দেখতে পেয়েছিলেন তাঁরা। সেই বিমানের তুলনায় রহস্যময় বস্তুটিকে অনেক বড় মনে হয়েছিল।

তবে বস্তুটির প্রকৃত দূরত্ব ও আকার সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য নেই। সামরিক ঘাঁটির কাছাকাছি দেখা গেলেও এর সঙ্গে মার্কিন সামরিক বাহিনীর কোনো সম্পর্ক থাকার প্রমাণ পাওয়া যায়নি। এটি ঘুড়ি, ড্রোন কিংবা অন্য কোনো উড়ন্ত বস্তু ছিল কি না, তা-ও নিশ্চিত হওয়া যায়নি। ভিনগ্রহের প্রাণীর সঙ্গে এর কোনো সম্পর্ক থাকারও প্রমাণ মেলেনি।

অসবর্ন নিজেও বস্তুটি ড্রোনজাতীয় কোনো যন্ত্র হতে পারে বলে মনে করেন। তবে এর অস্বাভাবিক আকৃতি ও চলাচল তাঁকে এখনো ভাবিয়ে তুলছে। ঘটনার সময় আশপাশে অন্য কেউ সেটি দেখেছেন কি না, খোঁজ করেও কোনো প্রত্যক্ষদর্শী পাননি বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca