• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
প্রতিষ্ঠান বাড়ছে, শিক্ষার্থী কমছে, কারিগরি শিক্ষায় বড় সংকট কাহারোলে আগাম আলুর গাছ পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কৃষকরা কোচ আনচেলত্তিকে সরাসরি দেশ ছাড়তে বললেন ব্রাজিলিয়ান কিংবদন্তি তিন জরুরি নোটিশসহ আজ বসছে সংসদের অধিবেশন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৪৯ বোতল এস্কাফ সিরাপ জব্দ ইউক্রেন যুদ্ধে রাশিয়ার সাড়ে ৪ লাখ সেনা নিহতের দাবি জঙ্গলে মাটির নিচে মিলল ৫ কেজি স্বর্ণ, ইনফ্লুয়েন্সার গ্রেপ্তার পর্তুগালের ম্যাচে হঠাৎ মেসির উপস্থিতি, সমর্থকদের প্রতিক্রিয়ায় উত্তপ্ত গ্যালারি নিষেধাজ্ঞার সময় শেষ হওয়ার পরও ইলিশে পেটে পাওয়া যাচ্ছে ডিম : কি বলছে গবেষকরা হার্ট ফেইলিওরের ঝুঁকি বুঝবেন যেসব শারীরিক পরিবর্তনে

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার সাড়ে ৪ লাখ সেনা নিহতের দাবি

Reporter Name / ১৯ Time View
Update : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার অন্তত ৪ লাখ ৫০ হাজার নাগরিক নিহত হয়েছেন, যাঁদের অধিকাংশই দেশটির সামরিক বাহিনীর সদস্য বলে দাবি করা হয়েছে। রাশিয়ার রাষ্ট্রীয় পরিসংখ্যান সংস্থা রসস্ট্যাটের ফাঁস হওয়া নথি বিশ্লেষণ করে এ হিসাব জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস। গত আগস্ট পর্যন্ত সময়ের তথ্যের ভিত্তিতে এ সংখ্যা নির্ধারণ করা হয়েছে। তবে নথিগুলোর সত্যতা ও পূর্ণাঙ্গতা নিয়ে এখনো প্রশ্ন রয়েছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে চার হাজারের বেশি বিদেশি নাগরিক রয়েছেন। তাঁদের মধ্যে উজবেকিস্তান, তাজিকিস্তান, নেপাল, কলম্বিয়া ও নাইজেরিয়ার নাগরিকও রয়েছেন। তাঁরা রাশিয়ার পক্ষে যুদ্ধে অংশ নিয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে।

গত ১ নভেম্বর বেলারুশের সাইবার পার্টিজানস এবং ইউক্রেনের সাইলেন্ট ক্রো নামের দুটি হ্যাকার গোষ্ঠী রসস্ট্যাটের নেটওয়ার্কে প্রবেশের দাবি করে। পরে তারা সংস্থাটির তথ্য বলে দাবি করা নথি প্রকাশ করে এবং কয়েকটি সংবাদমাধ্যমের কাছে সরবরাহ করে। রসস্ট্যাট জানিয়েছে, গত ২৯ অক্টোবর থেকে ১ নভেম্বরের মধ্যে তাদের ওপর সাইবার হামলা হয়েছিল। তবে সংস্থাটির দাবি, কোনো সুরক্ষিত তথ্য চুরি বা ফাঁস হওয়ার প্রমাণ তারা পায়নি।

ফিন্যান্সিয়াল টাইমসের বিশ্লেষণ অনুযায়ী, ফাঁস হওয়া নথিতে প্রায় ৪ লাখ ১০ হাজার মৃত্যুকে সরাসরি যুদ্ধসংশ্লিষ্ট হিসেবে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া যুদ্ধে অংশ নেওয়ার বয়সী আরও প্রায় ৪২ হাজার পুরুষের মৃত্যুর তথ্য রয়েছে, যাঁদের মরদেহ উদ্ধার না হলেও আদালতের মাধ্যমে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছে। সংবাদমাধ্যমটির অনুসন্ধানে সম্মুখযুদ্ধের এলাকা বা এর আশপাশে নিহত আরও প্রায় ১২ হাজার ব্যক্তির তথ্য পাওয়া গেছে। সব মিলিয়ে নিহতের সংখ্যা অন্তত ৪ লাখ ৫০ হাজার বলে ধারণা করা হচ্ছে।

তবে রাশিয়ায় মৃত্যুর তথ্য নিবন্ধনে কয়েক মাস, এমনকি কয়েক বছর পর্যন্ত সময় লাগতে পারে। বিলম্বে নিবন্ধিত মৃত্যুর হিসাব যুক্ত হলে গত আগস্ট পর্যন্ত প্রকৃত নিহতের সংখ্যা প্রায় ৫ লাখ ৫০ হাজারে পৌঁছাতে পারে বলে ফিন্যান্সিয়াল টাইমসের বিশ্লেষণে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে আভদিভকা ও পোকরভস্ক অঞ্চল ঘিরে। এসব এলাকায় প্রায় ১ লাখ ২০ হাজার রুশ সেনা নিহত হয়েছেন বলে হিসাব করা হয়েছে। এ ছাড়া বাখমুত এলাকায় নিহত হয়েছেন আরও প্রায় ৪৮ হাজার। ২০২৪ সালে আভদিভকা দখলের পর রুশ বাহিনী দোনেৎস্ক অঞ্চলের পোকরভস্কের দিকে অগ্রসর হয়। দীর্ঘ লড়াইয়ের পর ২০২৬ সালের শুরুতে শহরটি দখলের দাবি করে রাশিয়া। এর আগে ২০২৩ সালের মে মাসে বাখমুতের নিয়ন্ত্রণ নেয় রুশ বাহিনী ও ওয়াগনার গোষ্ঠী।

যুদ্ধে নিহত রুশ নাগরিকদের বয়সের হিসাবেও পরিবর্তন দেখা গেছে। যুদ্ধের প্রথম বছরে নিহতদের গড় বয়স ছিল ৩৪ বছর। ২০২৫ সালে তা বেড়ে ৪০ বছরে দাঁড়ায়। নিহতদের মধ্যে ৩৫ থেকে ৪৪ বছর বয়সীদের সংখ্যা সবচেয়ে বেশি। এ বয়সসীমার প্রায় ১ লাখ ৫৮ হাজার পুরুষ নিহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

রাশিয়ার দরিদ্র ও সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলগুলোতে প্রাণহানির হার তুলনামূলক বেশি বলে ফিন্যান্সিয়াল টাইমসের বিশ্লেষণে উঠে এসেছে। সাইবেরিয়ার বুরিয়াত জনগোষ্ঠীর বসবাস বেশি এমন জাবাইকালস্কি অঞ্চলে প্রায় ১২ হাজার ৩০০ জন নিহত হয়েছেন। অঞ্চলটির প্রতি ৮০ জনে একজনের মৃত্যুর সমান এই সংখ্যা। এ ছাড়া বাশকোর্তোস্তান অঞ্চলে নিহতের সংখ্যা প্রায় ১৫ হাজার ৮০০। সেখানে বাশকির ও ভলগা তাতারসহ বিভিন্ন সংখ্যালঘু জনগোষ্ঠীর বসবাস রয়েছে।

বিদেশি নাগরিকদের প্রাণহানির হিসাবেও ভিন্নতা রয়েছে। ফিন্যান্সিয়াল টাইমসের হিসাবে, রাশিয়ার হয়ে যুদ্ধে অংশ নেওয়া বিদেশি নাগরিকত্বধারী অন্তত ৪ হাজার ১৪১ জন নিহত হয়েছেন। অন্যদিকে ব্লুমবার্গের হিসাবে, রাশিয়ার বাইরে জন্ম নেওয়া ব্যক্তিদেরও অন্তর্ভুক্ত করলে এ সংখ্যা ১১ হাজার ৩৩৫। নিহত বিদেশিদের মধ্যে উজবেকিস্তানের ৮০৭ জন, তাজিকিস্তানের ৫৯৮ জন, নেপালের ৪৪ জন এবং কলম্বিয়ার ৯৮ জন রয়েছেন। আফ্রিকার বিভিন্ন দেশের প্রায় ৩৪০ নাগরিকও প্রাণ হারিয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বিদেশিদের রুশ বাহিনীতে যোগ দেওয়ার পেছনে অর্থের প্রলোভন কাজ করছে বলে অভিযোগ করেছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। গত সেপ্টেম্বর প্রকাশিত সংস্থাটির এক প্রতিবেদনে বলা হয়, ব্রাজিল, কলম্বিয়া, শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার অনেক নাগরিককে ভালো বেতনের বেসামরিক চাকরির প্রস্তাব দিয়ে রাশিয়ায় নেওয়া হয়েছিল। পরে তাঁদের সেনাবাহিনীতে যোগ দিতে বাধ্য করা হয় বলে অভিযোগ রয়েছে। অনলাইন চাকরির বিজ্ঞাপন ও স্থানীয় নিয়োগকারী এজেন্টদের মাধ্যমে বিদেশিদের আকৃষ্ট করার কথাও প্রতিবেদনে বলা হয়েছে।

কেনিয়ার গোয়েন্দা কর্মকর্তাদের দাবি, দেশটির এক হাজারের বেশি নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ দেওয়া হয়েছে। তাঁদের মাসে প্রায় ২ হাজার ৭১৫ ডলার বেতন এবং সর্বোচ্চ ৯ হাজার ৩০৯ ডলার বোনাস দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।

তবে বিদেশি নাগরিকদের জোর করে যুদ্ধে পাঠানোর অভিযোগ অস্বীকার করে আসছে মস্কো। অন্যদিকে রসস্ট্যাটের নথি ফাঁসের দাবি এবং তা থেকে পাওয়া হতাহতের হিসাব নিয়ে স্বাধীনভাবে পূর্ণাঙ্গ যাচাই এখনো সম্ভব হয়নি।

সূত্র: ফিন্যান্সিয়াল টাইমস, আল জাজিরা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca