• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
অপরাধমুক্ত লালমনিরহাট গড়ার প্রত্যয়ে ৩ হাজার স্বেচ্ছাসেবক নিয়ে রাজপথে ত্রাণমন্ত্রী দুলু বাহরাইনে মার্কিন রাডার লক্ষ্য করে ৬ ড্রোনের দাবি ইরানের মদিনা অঞ্চলে ড্রোন ভূপাতিতের দাবি সৌদি জোটের, অস্বীকার হুথিদের ইরানকে ধ্বংস করতে তিন দিন লাগবে, দাবি ট্রাম্পের ‘টিম ন্যাশনালিস্ট ভয়েস’-এর রাজশাহী বিভাগীয় সহ-সাধারণ সম্পাদক হলেন বাগমারার কামরুল হাসান নুরুল মোল্লা কর্মকর্তার পদে আবারও শিক্ষক, শারীরিক শিক্ষা দপ্তরের পরিচালক হলেন প্রক্টর শেষ বলে হৃদয়ের বিদায়, তবুও বাংলাদেশের পক্ষে ১ম দিন ইরানে কর্মীবাহী বাস উল্টে নিহত ১২, আহত ১৬ গফরগাঁওয়ে গভীর রাতে তাঁতী লীগ নেতাকে গ্রেপ্তার পতেঙ্গার হত্যা মামলার প্রধান আসামি কক্সবাজারে গ্রেপ্তার

বর্জ্য থেকেও সোনা ফলে: রায়পুরে নারিকেলের ছোবড়ায় শতাধিক পরিবারের সচ্ছলতা

Reporter Name / ২৫ Time View
Update : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

একসময়ে গ্রামবাংলার বাড়ির কোণে পড়ে থাকা মূল্যহীন বর্জ্য হিসেবে গণ্য হতো নারিকেলের ছোবড়া। সময়ের পরিক্রমায় সেই পরিত্যক্ত ছোবড়াই এখন লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার হায়দরগঞ্জ বাজার এলাকার গ্রামীণ অর্থনীতির অন্যতম চালিকাশক্তিতে পরিণত হয়েছে। কোনো ধরনের সরকারি পৃষ্ঠপোষকতা ছাড়াই সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে এখানে গড়ে উঠেছে নারিকেলের ছোবড়া প্রক্রিয়াজাতকরণের একাধিক ক্ষুদ্র কারখানা। এই শিল্পকে ঘিরে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জীবিকা নির্বাহ করছেন স্থানীয় ৮ থেকে ১০টি উদ্যোক্তা পরিবার এবং শতাধিক নারী-পুরুষ শ্রমিক। তবে সহজ শর্তে ঋণ, আধুনিক প্রযুক্তি ও বাজারসংযোগের অভাবে সম্ভাবনাময় এই খাতটি কাঙ্ক্ষিত বাণিজ্যিক প্রচার-প্রসার পাচ্ছে না।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, দেশের বিভিন্ন প্রান্ত থেকে কাঁচা ও শুকনো নারিকেল সংগ্রহ করে রায়পুরে আনা হয়। কারখানার শ্রমিকরা নারিকেল থেকে ছোবড়া ছাড়িয়ে মেশিনে মাড়াই করেন এবং রোদে শুকিয়ে ৪০ থেকে ৫০ কেজি ওজনের বেল বা গাঁট তৈরি করেন। আগে কেবল সোফা, জাজিম ও গদি তৈরিতে এর ব্যবহার সীমাবদ্ধ থাকলেও বর্তমানে আধুনিক কৃষি ও উদ্যানতত্ত্বে এর চাহিদা বহুগুণ বেড়েছে। বিশেষ করে ছাদবাগান, নার্সারি ও চারা উৎপাদনে মাটির বিকল্প ও আর্দ্রতা ধরে রাখতে ব্যবহৃত কোকোপিট ও কোকোফাইবার তৈরির প্রধান কাঁচামাল হিসেবে এটি ব্যবহৃত হচ্ছে। ফলে স্থানীয় বাজার ছাড়িয়ে রপ্তানি বাণিজ্যেও এর বড় সুযোগ তৈরি হয়েছে।

সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, বছরজুড়ে কাঁচামালের সরবরাহ ও কাজের প্রবাহ সমান না থাকায় শ্রমিকদের আয়ে বড় ধরনের অনিশ্চয়তা রয়েছে। দক্ষ শ্রমিক আব্দুল করিম দিনে ১ হাজার ৮০০ থেকে ২ হাজার নারিকেলের ছোবড়া প্রক্রিয়াজাত করে প্রায় ১ হাজার ৮০০ টাকা আয় করেন। তবে কাজ কমে গেলে আয় তলানিতে নামে।

অন্যদিকে, মেশিনে মাড়াইয়ের পর ছোবড়া শুকানোর কাজ করে গ্রামীণ নারীরা স্বাবলম্বী হচ্ছেন। নারী শ্রমিক আমেনা বেগম জানান, সকাল ৮টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত কাজ করে তিনি দৈনিক ৩৫০ টাকা মজুরি পান। ১৮ বছর ধরে এই পেশায় থাকা আবুল হোসেন জানান, বছরের অন্তত ছয় মাস নিরবচ্ছিন্ন কাজ না থাকলে সংসার চালাতে বাধ্য হয়ে অন্য পেশায় যেতে হয়।

হায়দরগঞ্জ বাজারের ২৫ বছরের অভিজ্ঞ ব্যবসায়ী আলাউদ্দিন বাচ্চু বলেন, “কাঁচামাল সংগ্রহ, মজুরি, পরিবহন ও সংরক্ষণ ব্যয় সামলাতে আমাদের প্রতিনিয়ত আর্থিক ঝুঁকিতে থাকতে হয়। বছরের মাত্র ছয় মাস ভালো ব্যবসা হয়। ব্যাংকঋণ বা সরকারি সহায়তা না থাকায় ব্যবসা বড় করা যাচ্ছে না।” আমীর ট্রেডার্সের স্বত্বাধিকারী আমীর হোসেনের মতে, দেশজুড়ে কোকোপিটের ব্যাপক চাহিদা থাকলেও মূলধন ও আধুনিক যন্ত্রপাতির অভাবে তারা ক্ষুদ্র পরিসরে কাজ চালাতে বাধ্য হচ্ছেন।

কৃষি ও অর্থনীতি বিশ্লেষকদের মতে, পরিবেশবান্ধব পণ্য হিসেবে আন্তর্জাতিক বাজারে কোকোপিট ও কোকোফাইবারের বিপুল চাহিদা রয়েছে। তবে বৈশ্বিক বাজারে প্রবেশ করতে হলে পণ্যের মান নিয়ন্ত্রণ, আর্দ্রতা পরিমাপ, পরিচ্ছন্ন প্রক্রিয়াজাতকরণ এবং আধুনিক প্যাকেজিং নিশ্চিত করতে হবে। শিল্প সংশ্লিষ্টরা মনে করেন, এই খাতকে ক্ষুদ্র ও কুটিরশিল্পের আওতায় এনে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সমন্বিত উদ্যোগ নেওয়া জরুরি। স্বল্পসুদে ঋণ ও কারিগরি প্রশিক্ষণ পেলে রায়পুরের এই শিল্প দেশের রপ্তানি আয়ে নতুন খাত হিসেবে যুক্ত হতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca