• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন

অপ্রয়োজনীয় হর্ন, আতশবাজি ও নির্মাণকাজের শব্দ নিয়ন্ত্রণে অভিযানের নির্দেশ হাইকোর্টের

Reporter Name / ২২ Time View
Update : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

অপ্রয়োজনীয় হর্ন, আতশবাজি ও নির্মাণকাজের শব্দ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। শব্দদূষণ নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আইন ও বিধিমালা অনুযায়ী কার্যকর পদক্ষেপ নিতে বলা হয়েছে। একই সঙ্গে জনসচেতনতা বাড়াতে বিভিন্ন গণমাধ্যমে প্রচারণা চালানোর নির্দেশও দিয়েছেন আদালত।

রোববার (১৫ নভেম্বর) জনস্বার্থে দায়ের করা একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এসব নির্দেশনা দেন।

আদালতের নির্দেশনায় বলা হয়েছে, শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২৫-এর ৬ বিধি এবং সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৪৫ ধারা অনুসারে অপ্রয়োজনীয় হর্ন বাজানো বন্ধে নিয়মিত অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করতে হবে। এ ছাড়া নীরব এলাকায় যথাযথ চিহ্ন ও সাইনবোর্ড স্থাপন এবং এসব এলাকার জনগোষ্ঠীর প্রতিনিধিত্বকারী সংগঠনগুলোর সঙ্গে আনুষ্ঠানিক যোগাযোগ ও মতবিনিময়ের ব্যবস্থা করতে বলা হয়েছে।

নীরব এলাকার পাশাপাশি যানবাহনের চালক, নির্মাণকাজের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি এবং শব্দদূষণের সম্ভাব্য উৎসগুলোর বিষয়ে জনসচেতনতা তৈরির নির্দেশ দিয়েছেন আদালত। এ জন্য বিভিন্ন কর্মসূচি আয়োজনের পাশাপাশি মোবাইল ফোনে বিশেষ বার্তা পাঠানোর কথাও বলা হয়েছে।

শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালার ৮ বিধি অনুসারে আতশবাজি ও পটকার ব্যবহার নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি শব্দদূষণসংক্রান্ত অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তির জন্য বিশেষ ও স্বচ্ছ ব্যবস্থা চালুর কথা বলেছেন আদালত। অভিযোগ গ্রহণের জন্য হটলাইন চালু এবং অভিযোগ ও গৃহীত পদক্ষেপের তথ্য সংরক্ষণে রেজিস্টার রাখার বিষয়টিও নির্দেশনায় রয়েছে।

এ ছাড়া শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালার বিভিন্ন বিধান সম্পর্কে মানুষকে জানাতে রেডিও, টেলিভিশন, সংবাদপত্র ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রচারণা চালাতে বলা হয়েছে।

এসব নির্দেশনা বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছে পুলিশের মহাপরিদর্শক, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান, ঢাকা মহানগর পুলিশের কমিশনার এবং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসকদের। নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি জানিয়ে প্রতি তিন মাস পরপর হাইকোর্টে প্রতিবেদন দাখিল করতে হবে।

রিট আবেদনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে শব্দদূষণ নিয়ন্ত্রণে প্রচলিত আইন ও নীতিমালা যথাযথভাবে বাস্তবায়ন না করার অভিযোগ তুলে ধরা হয়। এর পরিপ্রেক্ষিতে আদালত জানতে চেয়েছেন, শব্দদূষণ নিয়ন্ত্রণে কর্তৃপক্ষের ব্যর্থতা কেন বেআইনি, সংবিধানবিরোধী এবং জননিরাপত্তা ও জনস্বার্থের পরিপন্থী ঘোষণা করা হবে না।

একই সঙ্গে নীরব এলাকা, নির্মাণকাজ, শিল্পপ্রতিষ্ঠান, সামাজিক অনুষ্ঠান, উৎসব ও যানবাহন থেকে সৃষ্ট শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়েও রুল জারি করেছেন আদালত।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. আশরাফ আলী। তাঁকে সহযোগিতা করেন আইনজীবী হাসানুল বান্না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca