• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
পঞ্চগড়ে কাজীদের কলমবিরতি, বন্ধ বিয়ে নিবন্ধন ইউরোপীয় বাধা পেরোতে পারছে না ব্রাজিল, বাড়ছে হতাশা ‘বেঁচে ফিরব কি না জানি না’, চিঠিতে ইমরান ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের ভ্যাট অব্যাহতির প্রস্তাব অর্থমন্ত্রীর ভেড়ামারায় ব্রিধান ১০৩ জাতের ‘ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন’ অনুষ্ঠিত নামাজ না পড়ায় নাতি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ নানা শ্বশুরের রাবির ভর্তি পরীক্ষায় আবেদনের যোগ্যতা প্রকাশ, কোন শাখায় কত জিপিএ লাগবে? বেরোবিতে ছাত্রদল নেতার বিরুদ্ধে দরজা আটকে দুই কর্মচারীকে মারধরের অভিযোগ, গুরুতর অবস্থায় হাসপাতালে একজন ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রৌমারীতে শহীদ মুক্তিযোদ্ধাদের নাম ফলক মুছে দেওয়ার প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

৪০০ বিশেষজ্ঞের অংশগ্রহণে ঢাকায় বসছে ইসলামিক ফিন্যান্স সামিট

Reporter Name / ৩৩ Time View
Update : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

দেশের ইসলামী ব্যাংকিং, তাকাফুল এবং শরীয়াহভিত্তিক অর্থায়ন খাতের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক সম্মেলন ‘বাংলাদেশ ইসলামিক ফিন্যান্স সামিট ২০২৬’ (বিআইএফএস ২০২৬) আগামী ২৪ নভেম্বর রাজধানীর হোটেল র‍্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেনে অনুষ্ঠিত হতে যাচ্ছে। সিটি ইসলামিকের সৌজন্যে আয়োজিত এ সম্মেলনের দ্বিতীয় আসরে কেন্দ্রীয় ব্যাংক ও নিয়ন্ত্রক সংস্থার নীতিনির্ধারক, ইসলামী ব্যাংকের শীর্ষ নির্বাহী, শরীয়াহ বিশেষজ্ঞ, তাকাফুল অপারেটর, সম্পদ ব্যবস্থাপক ও আন্তর্জাতিক প্রতিনিধিসহ প্রায় ৪০০ জন বিশেষজ্ঞ অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।

মূল সামিটকে কেন্দ্র করে ২২ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত চার দিনব্যাপী ‘বিআইএফএস উইক ও আউফি ক্যাপাসিটি বিল্ডিং উইক ২০২৬’ আয়োজন করা হয়েছে। এবারের সম্মেলনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘ট্রাস্ট, রিফর্ম অ্যান্ড গ্রোথ: স্কেলিং শরীয়াহ কমপ্লায়েন্ট ফিন্যান্স ইন বাংলাদেশ’। বাংলায় যার অর্থ—আস্থা, সংস্কার ও প্রবৃদ্ধি: বাংলাদেশে শরীয়াহসম্মত অর্থায়নের সম্প্রসারণ।

আয়োজকদের লক্ষ্য, ইসলামী আর্থিক খাতে চলমান কাঠামোগত সংস্কার, গ্রাহকদের আস্থা পুনরুদ্ধার এবং আন্তর্জাতিক মানদণ্ডের আলোকে এ খাতকে আরও শক্তিশালী করার বিষয়ে কার্যকর আলোচনা ও সুপারিশ তৈরি করা।

আন্তর্জাতিক প্রতিষ্ঠান এডিএল গ্রুপের তত্ত্বাবধানে বাংলাদেশের শরীয়াহ পরামর্শক প্রতিষ্ঠান আইএফএ কনসালটেন্সি লিমিটেড এবং মালয়েশিয়াভিত্তিক এডিএল অ্যাডভাইজরি যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করছে। কৌশলগত সহযোগী হিসেবে রয়েছে ইসলামী আর্থিক প্রতিষ্ঠানের বৈশ্বিক মানদণ্ড নির্ধারণকারী সংস্থা আউফি (AAOIFI) এবং সিআইইএস (CIES)।

এর আগে ২০২৫ সালের নভেম্বরে ঢাকায় প্রথমবারের মতো এ সামিট অনুষ্ঠিত হয়। ওই আয়োজনে প্রায় ৩০০ দেশি-বিদেশি প্রতিনিধি অংশ নিয়েছিলেন।

সামিটের অন্যতম রূপকার, আইএফএ কনসালটেন্সির সহপ্রতিষ্ঠাতা এবং এডিএল অ্যাডভাইজরির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মুফতি ইউসুফ সুলতান বলেন, বাংলাদেশের ইসলামিক ফিন্যান্স খাত বর্তমানে গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে রয়েছে। এ খাতে টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে প্রাতিষ্ঠানিক সুশাসন, স্বচ্ছতা এবং আন্তর্জাতিক শরীয়াহ মানদণ্ডের যথাযথ বাস্তবায়ন প্রয়োজন। বিআইএফএস ২০২৬-এর মাধ্যমে দেশীয় নিয়ন্ত্রক সংস্থা, ব্যাংকার ও আন্তর্জাতিক শরীয়াহ বিশেষজ্ঞদের একত্র করে বৈশ্বিক অভিজ্ঞতা কাজে লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

আইএফএ কনসালটেন্সির প্রতিষ্ঠাতা ও পরিচালক মুফতি আব্দুল্লাহ মাসুম বলেন, গত বছরের প্রথম আসরের সাফল্যের পর এবার আরও বৃহৎ পরিসরে সম্মেলন আয়োজন করা হচ্ছে। ব্যাংকিং ও তাকাফুল খাতের পেশাজীবীদের দক্ষতা বাড়াতে আউফির সরাসরি তত্ত্বাবধানে বিশেষায়িত কর্মশালার ব্যবস্থা রাখা হয়েছে। সম্মেলন থেকে পাওয়া নীতিগত সুপারিশ ও ‘বিআইএফএস রেজল্যুশনস ২০২৬’ শরীয়াহভিত্তিক অর্থায়ন খাতের সংস্কারে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।

চার দিনব্যাপী আয়োজনের প্রথম দুই দিন, অর্থাৎ ২২ ও ২৩ নভেম্বর অনুষ্ঠিত হবে ‘আউফি ক্যাপাসিটি বিল্ডিং প্রোগ্রাম’। এতে শরীয়াহ গভর্ন্যান্স, শরীয়াহসম্মত ডকুমেন্টেশন, সুকুক, ইসলামিক তারল্য ব্যবস্থাপনা এবং আউফি অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডের ওপর চারটি বিশেষায়িত কর্মশালা থাকবে। প্রতিদিন ৮০ থেকে ১২০ জন পেশাজীবী এতে অংশ নেবেন। অংশগ্রহণকারীদের আন্তর্জাতিক আউফি সনদ দেওয়ার কথা রয়েছে।

তৃতীয় দিন ২৪ নভেম্বর অনুষ্ঠিত হবে মূল সামিট। এতে বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, বিডা এবং জাতীয় রাজস্ব বোর্ডের শীর্ষ প্রতিনিধিদের অংশগ্রহণে ‘রেগুলেটরস রাউন্ডটেবিল’ অনুষ্ঠিত হবে। এ ছাড়া ইসলামী পুঁজিবাজার, সুকুক, শরীয়াহ গভর্ন্যান্স এবং প্রচলিত ব্যাংক থেকে ইসলামী ব্যাংকে রূপান্তরের অভিজ্ঞতা নিয়ে একাধিক প্যানেল আলোচনা হবে। এদিন ‘বাংলাদেশ ইসলামিক ফিন্যান্স আউটলুক ২০২৬’ শীর্ষক প্রতিবেদনও প্রকাশ করা হবে।

চতুর্থ দিন ২৫ নভেম্বর অনুষ্ঠিত হবে ‘বিআইএফএস তাকাফুল ফোরাম’। এতে ১০০ থেকে ১৫০ জন বিশেষজ্ঞ অংশ নিয়ে বাংলাদেশের ইসলামী বীমা বা তাকাফুল খাতের নীতিমালা, ব্যবসায়িক মডেল ও শরীয়াহ পরিপালন নিয়ে আলোচনা করবেন এবং সুপারিশমালা তৈরি করবেন।

সম্মেলনে আন্তর্জাতিক বক্তাদের মধ্যে থাকবেন আউফি শরীয়াহ বোর্ডের চেয়ারম্যান শাইখ মুফতি মুহাম্মদ তাকি উসমানি, মালয়েশিয়ার সালিহিন শরীয়াহ অ্যাডভাইজরির প্রধান নির্বাহী কর্মকর্তা ড. আহসিন লাহসাসনা, আমমেটলাইফ তাকাফুলের শরীয়াহ কমিটির চেয়ারম্যান মোহাম্মদ সালিহিন দেরিস এবং মাসফিলের ম্যানেজিং পার্টনার ড. শারাফুদ্দিন সোওয়েলসহ আরও অনেকে।

আয়োজকদের প্রত্যাশা, এ সম্মেলনের মাধ্যমে বাংলাদেশের ইসলামী অর্থায়ন খাতের চ্যালেঞ্জ মোকাবিলা, প্রাতিষ্ঠানিক সুশাসন জোরদার এবং বৈশ্বিক বিনিয়োগ আকর্ষণের বিষয়ে কার্যকর দিকনির্দেশনা পাওয়া যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca