• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন

নির্বাচনে বিপুল অর্থ খরচ করে অনুতপ্ত মাস্ক

Reporter Name / ২২ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান প্রার্থীদের পক্ষে বিপুল অর্থ ব্যয় করে এখন নিজেকে ‘বেশ বোকা’ মনে হচ্ছে বলে মন্তব্য করেছেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। নির্বাচনে দলটির বড় ধরনের পরাজয়ের পর নিজের ব্যয়ের কার্যকারিতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

বুধবার (১৮ নভেম্বর) নিউইয়র্ক টাইমসের ডিলবুক সামিটে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাস্ক। তিনি বলেন, এত অর্থ ব্যয় করেও প্রত্যাশিত ফল না পাওয়ায় তাঁর এমন মনে হচ্ছে। সময়কে পেছনে ফিরিয়ে নেওয়ার সুযোগ থাকলে সম্ভবত কম অর্থ ব্যয় করতেন।

তবে মাস্কের দাবি, তাঁর অর্থায়ন না থাকলে রিপাবলিকান প্রার্থীদের ফলাফল আরও খারাপ হতে পারত। একই সঙ্গে তিনি স্বীকার করেন, যুক্তরাষ্ট্রের নির্বাচনে শুধু বিপুল অর্থ ব্যয় করলেই জয় নিশ্চিত করা যায় না।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান প্রার্থীদের সমর্থনে প্রায় ৫০ কোটি ডলার ব্যয় করেছেন মাস্ক। টেক্সাসে রিপাবলিকানদের নিয়ন্ত্রণ ধরে রাখতেও বড় অঙ্কের অর্থ বিনিয়োগ করেন তিনি। রাজ্যটিতে টেসলা ও স্পেসএক্সের কার্যক্রম রয়েছে। দুই প্রতিষ্ঠানের যৌথ চিপ উৎপাদন প্রকল্পের পরিকল্পনাও রয়েছে সেখানে।

তবে নির্বাচনে মাস্কের অর্থায়ন প্রত্যাশিত ফল এনে দিতে পারেনি। ডেমোক্র্যাটরা কংগ্রেসের প্রতিনিধি পরিষদ ও সিনেট—উভয় কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। টেক্সাসের গভর্নর নির্বাচনে রিপাবলিকান প্রার্থী গ্রেগ অ্যাবটকে হারিয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জিনা হিনোজোসা।

টেক্সাসের সিনেট নির্বাচনেও মাস্কের সমর্থিত রিপাবলিকান প্রার্থী কেন প্যাক্সটন পরাজিত হয়েছেন। তাঁকে হারিয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জেমস টালারিকো। এ ফলাফল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্যও রাজনৈতিক ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত মাস্ক নির্বাচনে রিপাবলিকানদের জয় নিশ্চিত করতে বড় অঙ্কের অর্থ ব্যয় করেছিলেন।

ডিলবুক সামিটে নিজের রাজনৈতিক অবস্থান নিয়েও কথা বলেন মাস্ক। তিনি বলেন, ‘আমি মাগা সমর্থক নই।’ ট্রাম্পের ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ আন্দোলনকে সংক্ষেপে মাগা বলা হয়।

মাস্কের ভাষ্য, রিপাবলিকান পার্টির নির্দিষ্ট কিছু নীতির প্রতি অন্ধ আনুগত্যকেই যদি মাগা সমর্থন বোঝায়, তাহলে তিনি তা করেন না। তাঁর মতে, দুই রাজনৈতিক দলেরই ইতিবাচক ও নেতিবাচক দিক রয়েছে।

এর আগে অবশ্য মাস্ক নিজেকে মাগা সমর্থক হিসেবে পরিচয় দিয়েছেন। এমনকি ২০২৪ সালের নির্বাচনী প্রচারের সময় নিজেকে ‘ডার্ক গথিক মাগা’ বলেও উল্লেখ করেছিলেন তিনি। এবারের নির্বাচনের পর তাঁর বক্তব্যে সেই অবস্থান থেকে কিছুটা দূরত্ব তৈরির ইঙ্গিত দেখা যাচ্ছে।

টেক্সাসের নতুন গভর্নর জিনা হিনোজোসার অধীনে রাজ্যের নীতিনির্ধারণী কার্যক্রম ভালো থাকবে বলেও মন্তব্য করেন মাস্ক। হিনোজোসাকে তিনি মধ্যপন্থি হিসেবে উল্লেখ করেন এবং বলেন, তাঁকে চরম বামপন্থি মনে করেন না।

নিউইয়র্ক টাইমসের তথ্য অনুযায়ী, হিনোজোসা টেক্সাসে নতুন ডেটা সেন্টার নির্মাণের ওপর স্থগিতাদেশ বহাল রাখার পক্ষে। বিষয়টি মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও প্রযুক্তি ব্যবসার পরিকল্পনার সঙ্গে সম্পর্কিত হওয়ায় আলোচনায় এসেছে।

সামিটে নিজের এআই পরিকল্পনা নিয়েও কথা বলেন মাস্ক। তিনি জানান, এআই প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের স্পেসএক্সের কাছ থেকে কম্পিউটিং সক্ষমতা ভাড়া নেওয়া অব্যাহত রাখার সম্ভাবনা খুব বেশি। প্রতিষ্ঠানটি এ সক্ষমতা আরও উল্লেখযোগ্য পরিমাণে বাড়াতে চায়।

রয়টার্সের সাম্প্রতিক প্রতিবেদনের বরাতে বলা হয়েছে, অ্যানথ্রপিক স্পেসএক্সের কাছে অতিরিক্ত ১০ গিগাওয়াট কম্পিউটিং সক্ষমতা চাইতে পারে। মাস্কের মতে, এটিই সবচেয়ে সম্ভাব্য পরিস্থিতি।

সূত্র: আল জাজিরা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca