• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন

প্রচারে নেই ভারত, জলবায়ু আলোচনায় বড় প্রভাব নয়াদিল্লির

Reporter Name / ২৬ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এ প্রকাশ্য প্রচার-প্রচারণায় ভারতের উপস্থিতি কম। তুরস্কের আন্তালিয়ায় চলমান সম্মেলনে দেশটির নিজস্ব কোনো প্রদর্শনী প্যাভিলিয়ন নেই। সরকারি প্রতিনিধিদলেও রয়েছেন তুলনামূলক কমসংখ্যক সদস্য। তবে প্রদর্শনী হলের বাইরে আলোচনার টেবিলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বিশ্বের তৃতীয় বৃহত্তম গ্রিনহাউস গ্যাস নিঃসরণকারী দেশটি।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ব্লুমবার্গের ১৮ নভেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, সম্মেলনে ভারতের নিবন্ধিত সরকারি প্রতিনিধিদলের সদস্যসংখ্যা প্রায় ১৫২। এই সংখ্যা বাংলাদেশ, পাকিস্তান ও নেপালের প্রতিনিধিদলের চেয়েও কম।

২০২৮ সালে জাতিসংঘের জলবায়ু সম্মেলন আয়োজনের প্রস্তাব প্রত্যাহার এবং কার্বন নিঃসরণ কমানোর লক্ষ্যমাত্রায় তুলনামূলক কম উচ্চাকাঙ্ক্ষী অবস্থানের কারণে ভারতের জলবায়ু কূটনীতিতে পিছিয়ে যাওয়ার ধারণা তৈরি হয়েছে। তবে পর্দার আড়ালে উন্নয়নশীল দেশগুলোর স্বার্থসংশ্লিষ্ট আলোচনায় সক্রিয় রয়েছে নয়াদিল্লি।

ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়, উন্নয়নশীল দেশগুলোর জন্য আরও বেশি জলবায়ু অর্থায়ন এবং শিল্পোন্নত দেশগুলোর দ্রুত ও অধিক হারে কার্বন নিঃসরণ কমানোর দাবিতে ভারত সোচ্চার। ধনী দেশগুলোর কাছ থেকে অর্থায়ন ও প্রযুক্তি হস্তান্তরের সুনির্দিষ্ট প্রতিশ্রুতি ছাড়া উন্নয়নশীল দেশগুলোর ওপর নতুন কোনো বাধ্যবাধকতা চাপিয়ে দেওয়ার বিরোধিতা করছে দেশটি।

কপ-৩১ সম্মেলনে বুধবার দেওয়া ভাষণে ভারতের পরিবেশমন্ত্রী ভূপেন্দর যাদব বলেন, উন্নয়নশীল দেশগুলোকে জলবায়ু পদক্ষেপ এবং উন্নয়নের ন্যায্য অধিকার, শোভন জীবনযাত্রার মান, স্বাস্থ্য ও শিক্ষার মধ্যে যেকোনো একটি বেছে নিতে বলা যায় না। অবশিষ্ট সীমিত কার্বন বাজেটের ন্যায্য হিস্যা পাওয়ার বিষয়ে কোনো আপস করা হবে না বলেও মন্তব্য করেন তিনি।

সম্মেলনের দুটি গুরুত্বপূর্ণ বিতর্কেও রয়েছে ভারতের অবস্থান। এর একটি হলো জলবায়ু পরিবর্তনসংক্রান্ত আন্তঃসরকারি প্যানেল (আইপিসিসি)-এর পরবর্তী গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক মূল্যায়ন প্রতিবেদন প্রকাশের সময়সীমা। অন্যটি হলো ২০৩৫ সালের মধ্যে বৈশ্বিক চূড়ান্ত জ্বালানি চাহিদায় বিদ্যুতের অংশ ৩৫ শতাংশে উন্নীত করার প্রস্তাব।

রাশিয়া ও সৌদি আরবের সঙ্গে মিলে ২০২৮ সালের মধ্যে আইপিসিসির তিনটি গুরুত্বপূর্ণ বিজ্ঞান প্রতিবেদন সম্পন্ন ও প্রকাশের প্রস্তাবিত সময়সীমার বিরোধিতা করছে ভারত। এই প্রতিবেদনগুলো প্যারিস চুক্তির লক্ষ্য অর্জনে বিশ্ব কতটা এগিয়েছে, তার পরবর্তী মূল্যায়নে গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করতে পারে। তবে বিরোধীদের যুক্তি, নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়নশীল দেশগুলোর গবেষণা ও অবদান যথাযথভাবে অন্তর্ভুক্ত করা কঠিন হবে।

অন্যদিকে, ভারত ও চীনসহ কয়েকটি দেশের সমন্বয়ে গঠিত ‘লাইক-মাইন্ডেড ডেভেলপিং কান্ট্রিজ’ (এলএমডিসি) জোট ২০৩৫ সালের মধ্যে বৈশ্বিক চূড়ান্ত জ্বালানি চাহিদায় বিদ্যুতের অংশ ৩৫ শতাংশে উন্নীত করার লক্ষ্যমাত্রা নিয়ে আপত্তি জানিয়েছে। জোটটির অবস্থান হলো, উন্নয়নশীল দেশগুলোর ওপর একতরফাভাবে এমন লক্ষ্যমাত্রা চাপিয়ে দেওয়া উচিত নয়। বিশেষ করে অর্থায়ন ও প্রযুক্তি সহায়তার নিশ্চয়তা ছাড়া নতুন কোনো বাধ্যবাধকতা গ্রহণে তারা রাজি নয়।

জলবায়ুবিষয়ক থিংক ট্যাংক ইথ্রিজি (E3G)-এর জ্যেষ্ঠ নীতি উপদেষ্টা নকুল শর্মা মনে করেন, ভারতের এই অবস্থানকে জলবায়ু কূটনীতি থেকে সরে যাওয়া হিসেবে দেখা ঠিক হবে না। তাঁর মতে, উন্নয়নশীল দেশগুলোর বিভিন্ন জোটে ভারত এখনো প্রভাবশালী কণ্ঠস্বর।

ব্লুমবার্গের প্রতিবেদনে আরও বলা হয়, প্রকাশ্য প্রচারণায় কম উপস্থিতি থাকলেও সম্মেলনের বিভিন্ন আলোচনায় অংশ নিচ্ছে ভারত। পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদব জাপান ও সুইডেনের সঙ্গে উদ্যোগ ঘোষণা করেছেন। পাশাপাশি ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা ও চীনকে নিয়ে গঠিত বেসিক (BASIC) জোটের প্রতিনিধিদের সঙ্গেও আলোচনা করেছেন তিনি।

বিশ্লেষকদের মতে, জলবায়ু সম্মেলনে ভারতের ভূমিকা বুঝতে শুধু প্যাভিলিয়ন বা প্রতিনিধিদলের সদস্যসংখ্যা বিবেচনা করলে চলবে না। অর্থায়ন, প্রযুক্তি হস্তান্তর, নিঃসরণ কমানোর লক্ষ্যমাত্রা এবং উন্নয়নশীল দেশগুলোর অধিকার নিয়ে আলোচনায় নয়াদিল্লির অবস্থানও গুরুত্বপূর্ণ। ফলে প্রকাশ্যে প্রচার কম থাকলেও কপ-৩১-এর নীতিনির্ধারণী আলোচনায় ভারতের প্রভাব অব্যাহত রয়েছে।

সূত্র: ব্লুমবার্গ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca