• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন

ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার, নকল ভেজাল প্রতিরোধ এবং নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে দেশব্যাপী অভিযান:৩৪টি জেলায় ৭৭টি প্রতিষ্ঠানকে ১০ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা

Reporter Name / ২৯ Time View
Update : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে মূল্য স্থিতিশীল রাখা এবং পণ্যের স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করতে এবং নকল-ভেজাল খাদ্যপণ্য প্রতিরোধসহ নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে দেশব্যাপী বিশেষ তদারকি কার্যক্রম পরিচালনা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

ঢাকা মহানগরসহ দেশের ৩৪টি জেলায় অধিদপ্তর কর্তৃক পরিচালিত এ অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ৭৭টি প্রতিষ্ঠানকে মোট ১০ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার অধিদপ্তরের ৪৮টি টিম একযোগে পাইকারি ও খুচরা পর্যায়ের ব্যবসাপ্রতিষ্ঠানগুলোতে এ অভিযান পরিচালনা করে।

বাজারে ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য পরিস্থিতি ও সরবরাহ ব্যবস্থা পর্যবেক্ষণ, ব্যবসাপ্রতিষ্ঠানে হালনাগাদ মূল্যতালিকা প্রদর্শন, নির্ধারিত মূল্যের অধিক দামে পণ্য বিক্রয়, ওজন ও পরিমাপে কারচুপি, মেয়াদোত্তীর্ণ পণ্য ও ওষুধ বিক্রয় প্রতিরোধ, নকল ও ভেজাল পণ্যের উৎপাদন ও বিক্রয় প্রতিরোধ এবং হোটেল-রেস্তোরাঁয় সংশ্লিষ্ট বিধিবিধান প্রতিপালন নিশ্চিত করতে এ তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।

এ ছাড়া অভিযানকালে ব্যবসায়ীদের পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি, অযৌক্তিক মজুদ এবং সরবরাহে প্রতিবন্ধকতা সৃষ্টি থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে দৃশ্যমান স্থানে হালনাগাদ মূল্যতালিকা প্রদর্শন এবং সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিত করতে সতর্ক করা হয়।

উল্লেখ্য, অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব আব্দুল্লাহ আল ইমরানের নেতৃত্বে চাঁদপুরের বাবুরহাট বাজারে একটি তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে শুঁটকি মাছে কৃত্রিম রং মিশিয়ে বিক্রয়, পচা ও নষ্ট শুঁটকি বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ এবং অস্বাস্থ্যকর পরিবেশে শুঁটকি সংরক্ষণের বিষয়টি শনাক্ত করা হয়। এ অপরাধে উত্তম কুমার সরকারকে ১০ হাজার টাকা, আমিন পাটোয়ারীকে ৫ হাজার টাকা এবং একতা ট্রেডার্সকে ৫ হাজার টাকাসহ মোট ২০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এ সময় পচা ও নষ্ট শুঁটকি মাছ এবং ব্যবহৃত রং ধ্বংস করা হয়। অভিযানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে।

অপরদিকে, অধিদপ্তরের গাজীপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব আফসানা পারভীনের নেতৃত্বে এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের সহযোগিতায় গাজীপুরের কোনাবাড়ী এলাকায় ফিডের দোকানগুলোতে পরিচালিত তদারকিমূলক অভিযানে মূল্যতালিকা প্রদর্শন না করা এবং প্রয়োজনীয় লাইসেন্স ব্যতীত ফিড বিক্রয়ের অপরাধে একটি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

অভিযানে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভোক্তা ও ব্যবসায়ীদের মধ্যে লিফলেট ও প্যাম্ফলেট বিতরণ এবং প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।এ সময় সংশ্লিষ্ট বিভাগ ও জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, স্বাস্থ্য পরিদর্শক, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এবং সংশ্লিষ্ট শিল্প ও বণিক সমিতির প্রতিনিধিরা বাজার তদারকি কার্যক্রমে সহযোগিতা করেন।

ভোক্তাদের প্রয়োজনের অতিরিক্ত পণ্য ক্রয় করে কৃত্রিম সংকট সৃষ্টি না করা এবং পণ্য ক্রয়ের আগে মূল্যতালিকা, সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ যাচাই করার পরামর্শ দিয়েছে অধিদপ্তর। একই সঙ্গে সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিত করে পণ্য ক্রয় করা এবং ক্রয়ের সময় বিক্রেতার নিকট থেকে ভাউচার সংগ্রহের জন্য অনুরোধ করা হয়েছে।

পণ্য ক্রয়ে কোনো অনিয়ম বা প্রতারণার সম্মুখীন হলে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হটলাইন ১৬১২১-এ অভিযোগ জানানোর জন্য ভোক্তাদের অনুরোধ করা হয়েছে।

বাজারে শৃঙ্খলা, ন্যায্যমূল্য এবং নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাদ্য নিশ্চিতকরণ ও নকল-ভেজাল খাদ্যপণ্য প্রতিরোধে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ ধরনের বাজার তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca