• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশে নতুন Suzuki Dzire আনল উত্তরা মোটরস থাকছে ৬ এয়ারব্যাগ পুরনো সিমে কি 5G ইন্টারনেট চালানো সম্ভব? নতুন সিম লাগবে কি না জেনে নিন বৃত্তির সুযোগসহ ইউরোপে মাস্টার্স, আবেদন করতে পারবেন বাংলাদেশিরাও মাত্র ১৫০ টাকায় ৩০ দিনের আনলিমিটেড ইন্টারনেট,গ্রামে পৌঁছে যাচ্ছে স্বাধীন WiFi সেবা চীনে সম্পূর্ণ বিনা মূল্যে মাস্টার্সের সুযোগ, আবেদন করতে পারবেন বাংলাদেশিরাও বাজার থেকে বিদায় টিভিএস জুপিটার স্পেশাল এডিশন, কেন বন্ধ হলো? দক্ষিণ কোরিয়ার আকাশসীমার কাছে রুশ যুদ্ধবিমান, উত্তেজনার মধ্যে নতুন ঘটনা একই খরচে আরও দ্রুত ইন্টারনেট: বিটিসিএলের নতুন অফার ঘোষণা এল নিনোর প্রভাবে বিশ্বজুড়ে বাড়ছে ঝুঁকি, খরা-জলোচ্ছ্বাসে বিপর্যয়ের শঙ্কা বিসিএসের আদলে শিক্ষক নিয়োগ পরীক্ষা, বড় পরিবর্তনের পরিকল্পনা সরকারের

দক্ষিণ কোরিয়ার আকাশসীমার কাছে রুশ যুদ্ধবিমান, উত্তেজনার মধ্যে নতুন ঘটনা

Reporter Name / ২০ Time View
Update : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

দক্ষিণ কোরিয়ার আকাশ প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চলে রাশিয়ার কয়েকটি সামরিক বিমান প্রবেশের ঘটনায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। মঙ্গলবার পূর্ব সাগরের ওপর দিয়ে উড়ে আসা বিমানগুলো শনাক্ত হওয়ার পর সতর্কতামূলক ব্যবস্থা নেয় দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। তবে বিমানগুলো দেশটির সার্বভৌম আকাশসীমা লঙ্ঘন করেনি বলে জানিয়েছে সিউল।

বুধবার দক্ষিণ কোরিয়ার কর্তৃপক্ষ জানায়, প্রথমে উত্তর কোরিয়ার একটি সন্দেহভাজন বিমান ওই এলাকায় প্রবেশ করেছে বলে জরুরি সতর্কবার্তা দেওয়া হয়েছিল। পরে তথ্য সংশোধন করে জানানো হয়, বিমানগুলো উত্তর কোরিয়ার নয়, রাশিয়ার ছিল।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, উত্তর কোরিয়ার কোনো সামরিক বিমান দক্ষিণ কোরিয়ার আকাশসীমা লঙ্ঘন করলে দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা আরও বাড়তে পারত। দুই কোরিয়ার মধ্যে এখনো আনুষ্ঠানিকভাবে যুদ্ধাবস্থার অবসান ঘটেনি।

সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়েছে। এর মধ্যে দুই দেশের মধ্যবর্তী অসামরিকীকৃত অঞ্চলে স্থলমাইন বিস্ফোরণে দক্ষিণ কোরিয়ার তিন সেনা আহত হন।

এ ঘটনার পর মঙ্গলবার সকাল ৮টার দিকে উত্তর গিয়ংসাং প্রদেশের উলেউংদো দ্বীপে জরুরি সতর্কবার্তা জারি করা হয়। বার্তায় বলা হয়, উত্তর কোরিয়ার সন্দেহভাজন একটি বিমান বিপৎসীমা অতিক্রম করে ওই এলাকায় প্রবেশ করেছে। পরে সকাল ৭টা ৫৮ মিনিটে বিমান হামলার সতর্কতা প্রত্যাহার করে সবাইকে স্বাভাবিক কার্যক্রমে ফিরে যাওয়ার অনুরোধ জানানো হয়।

প্রায় ৪০ মিনিট পর প্রাদেশিক কর্তৃপক্ষ আগের তথ্য সংশোধন করে জানায়, বিমানগুলো উত্তর কোরিয়ার নয়, রাশিয়ার। তবে ভুল তথ্যের ভিত্তিতে কেন প্রথমে সতর্কবার্তা জারি করা হয়েছিল, সে বিষয়ে কর্তৃপক্ষ কোনো ব্যাখ্যা দেয়নি। দক্ষিণ কোরিয়ার কয়েকটি প্রধান সংবাদমাধ্যমও প্রাথমিক তথ্যের ভিত্তিতে সংবাদ প্রকাশের পর তা সংশোধন করে।

পরে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানায়, রাশিয়ার বিমান দেশটির সার্বভৌম আকাশসীমায় প্রবেশ করেনি। এ ঘটনায় উত্তর কোরিয়ার কোনো বিমানও জড়িত ছিল না। সামরিক বাহিনীর এক বিবৃতিতে গণমাধ্যমে প্রকাশিত উত্তর কোরিয়ার সন্দেহভাজন উড়োজাহাজ আকাশসীমা লঙ্ঘনের খবরকে সঠিক নয় বলে উল্লেখ করা হয়।

দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রাশিয়ার বিমানগুলো পূর্ব সাগরের ওপর দিয়ে দেশটির আকাশ প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চলে প্রবেশ করেছিল। এই সাগর জাপান সাগর নামেও পরিচিত। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী যুদ্ধবিমান মোতায়েনসহ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সময় রুশ বিমানগুলো ওই এলাকা ছেড়ে চলে যায়।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, রাশিয়ার সামরিক বিমানগুলো দক্ষিণ কোরিয়ার সার্বভৌম আকাশসীমার খুব কাছাকাছি চলে এসেছিল। এ কারণে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে জরুরি বার্তা জারি করা হয়।

ঘটনার প্রতিবাদ জানাতে মঙ্গলবার বিকেলে রাশিয়ার প্রতিরক্ষা অ্যাটাশেকে তলব করার পরিকল্পনার কথা জানায় দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মুখপাত্র চুং বিনা সাংবাদিকদের বলেন, এ ঘটনায় রাশিয়ার কাছে কড়া প্রতিবাদ জানানো হবে।

আকাশ প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চল কোনো দেশের সার্বভৌম আকাশসীমার অংশ নয়। নিরাপত্তার স্বার্থে কোনো দেশের দিকে এগিয়ে আসা উড়োজাহাজের পরিচয় শনাক্ত ও গতিবিধি পর্যবেক্ষণের জন্য এ ধরনের অঞ্চল নির্ধারণ করা হয়। সাধারণত এসব অঞ্চলে প্রবেশের আগে সামরিক বিমানকে সংশ্লিষ্ট দেশকে জানানোর প্রত্যাশা করা হয়। তবে আন্তর্জাতিক আইনে আগাম জানানোর বাধ্যবাধকতা নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca