• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনাম
পুরনো সিমে কি 5G ইন্টারনেট চালানো সম্ভব? নতুন সিম লাগবে কি না জেনে নিন বৃত্তির সুযোগসহ ইউরোপে মাস্টার্স, আবেদন করতে পারবেন বাংলাদেশিরাও মাত্র ১৫০ টাকায় ৩০ দিনের আনলিমিটেড ইন্টারনেট,গ্রামে পৌঁছে যাচ্ছে স্বাধীন WiFi সেবা চীনে সম্পূর্ণ বিনা মূল্যে মাস্টার্সের সুযোগ, আবেদন করতে পারবেন বাংলাদেশিরাও বাজার থেকে বিদায় টিভিএস জুপিটার স্পেশাল এডিশন, কেন বন্ধ হলো? দক্ষিণ কোরিয়ার আকাশসীমার কাছে রুশ যুদ্ধবিমান, উত্তেজনার মধ্যে নতুন ঘটনা একই খরচে আরও দ্রুত ইন্টারনেট: বিটিসিএলের নতুন অফার ঘোষণা এল নিনোর প্রভাবে বিশ্বজুড়ে বাড়ছে ঝুঁকি, খরা-জলোচ্ছ্বাসে বিপর্যয়ের শঙ্কা বিসিএসের আদলে শিক্ষক নিয়োগ পরীক্ষা, বড় পরিবর্তনের পরিকল্পনা সরকারের মাছ খেলেও শরীরে ঢুকতে পারে ফিতাকৃমি, বাঁচবেন যেভাবে

বৃত্তির সুযোগসহ ইউরোপে মাস্টার্স, আবেদন করতে পারবেন বাংলাদেশিরাও

Reporter Name / ২৩ Time View
Update : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

ইউরোপের চার দেশের চারটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ দিচ্ছে আন্তর্জাতিক যৌথ মাস্টার্স প্রোগ্রাম ‘গ্লোবাল মাইন্ডস’। দুই বছর মেয়াদি এ প্রোগ্রামে সামাজিক ও সাংস্কৃতিক মনোবিজ্ঞান, বৈচিত্র্য, অন্তর্ভুক্তি, অভিবাসন এবং আন্তসাংস্কৃতিক সম্পর্ক বিষয়ে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ রয়েছে। বাংলাদেশের শিক্ষার্থীরাও এ প্রোগ্রামে আবেদন করতে পারবেন। ২০২৭ শিক্ষাবর্ষে ভর্তির জন্য আবেদন গ্রহণ চলছে। আবেদন করা যাবে ২০২৭ সালের ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত।

প্রোগ্রামটির পূর্ণ নাম ‘মাস্টার্স ইন দ্য সাইকোলজি অব গ্লোবাল মোবিলিটি, ইনক্লুশন অ্যান্ড ডাইভারসিটি ইন সোসাইটি’। এটি সামাজিক ও সাংস্কৃতিক মনোবিজ্ঞানভিত্তিক দুই বছর মেয়াদি আন্তর্জাতিক যৌথ মাস্টার্স প্রোগ্রাম। এতে মোট ১২০ ইউরোপীয় ক্রেডিট (ইসিটিএস) রয়েছে। পুরো প্রোগ্রামের পাঠদান ইংরেজি ভাষায় পরিচালিত হবে।

প্রোগ্রামটির অন্যতম বৈশিষ্ট্য হলো একাধিক দেশের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ। শিক্ষার্থীরা বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ে পড়ার পাশাপাশি অভিবাসন, সামাজিক বৈষম্য, সাংস্কৃতিক বৈচিত্র্য, মানবাধিকার, অন্তর্ভুক্তি ও আন্তগোষ্ঠী সম্পর্কের মতো বিষয়ে জ্ঞান অর্জন করতে পারবেন।

চার দেশের চার বিশ্ববিদ্যালয়

প্রোগ্রামটির অংশীদার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে পর্তুগালের আইএসসিটিই—ইউনিভার্সিটি ইনস্টিটিউট অব লিসবন, পোল্যান্ডের এসডব্লিউপিএস ইউনিভার্সিটি, নরওয়ের ইউনিভার্সিটি অব অসলো এবং আয়ারল্যান্ডের ইউনিভার্সিটি অব লিমেরিক। এসব বিশ্ববিদ্যালয়ের নিজস্ব শিক্ষা ও গবেষণার পরিবেশ আন্তর্জাতিক প্রোগ্রামটিকে সমৃদ্ধ করেছে।

পর্তুগালের রাজধানী লিসবনে অবস্থিত আইএসসিটিই সামাজিক ও সাংস্কৃতিক মনোবিজ্ঞানের পাশাপাশি বিভিন্ন বিষয়ে শিক্ষা ও গবেষণার সুযোগ দেয়। পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে অবস্থিত এসডব্লিউপিএস ইউনিভার্সিটি সামাজিক বিজ্ঞান, অর্থনীতি, ব্যবস্থাপনা ও মনোবিজ্ঞানসহ বিভিন্ন বিষয়ে পরিচিত একটি বেসরকারি প্রতিষ্ঠান।

নরওয়ের রাজধানী অসলোতে অবস্থিত ইউনিভার্সিটি অব অসলো দেশটির প্রথম বিশ্ববিদ্যালয়। ১৮১১ সালে প্রতিষ্ঠিত এ সরকারি বিশ্ববিদ্যালয়ে মানবাধিকার, অভিবাসন ও সংঘাত বিষয়ে শিক্ষা ও গবেষণার অভিজ্ঞতা রয়েছে। অন্যদিকে, আয়ারল্যান্ডের লিমেরিক শহরে অবস্থিত ইউনিভার্সিটি অব লিমেরিক ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হয়। শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনী কার্যক্রমের পাশাপাশি কর্মমুখী শিক্ষার সংযোগের জন্য প্রতিষ্ঠানটির পরিচিতি রয়েছে।

দুটি শিক্ষাপথে পড়ার সুযোগ

২০২৭-২০২৯ শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের জন্য দুটি স্টাডি পাথ বা শিক্ষাপথ চালু থাকবে। প্রথমটি ‘কালচার অ্যান্ড ডাইভারসিটি’। এ শিক্ষাপথে প্রথম সেমিস্টার পর্তুগালের আইএসসিটিইতে এবং পরবর্তী সেমিস্টার আয়ারল্যান্ডের ইউনিভার্সিটি অব লিমেরিকে পড়ার সুযোগ থাকবে। সামাজিক বৈষম্য, সাংস্কৃতিক পরিচয় ও বিভিন্ন জনগোষ্ঠীর পারস্পরিক সম্পর্ক এ শিক্ষাপথের মূল বিষয়।

দ্বিতীয় শিক্ষাপথের নাম ‘ইনক্লুশন অ্যান্ড হেলথ’। এতে মনোবিজ্ঞান, অভিবাসী জনগোষ্ঠীর অভিজ্ঞতা এবং সামাজিক অন্তর্ভুক্তির বিষয়গুলো গুরুত্ব পাবে। আগের ‘মোবিলিটি অ্যান্ড সোসাইটি’ শিক্ষাপথটি ২০২৭ শিক্ষাবর্ষ থেকে চালু থাকছে না।

প্রোগ্রামের প্রথম বছরে নির্ধারিত পাঠক্রম অনুযায়ী পড়াশোনা করতে হবে। দ্বিতীয় বছরে একটি সেমিস্টারে ইন্টার্নশিপ এবং শেষ সেমিস্টারে গবেষণাভিত্তিক মাস্টার্স থিসিস সম্পন্ন করতে হবে। তবে ২০২৭-২০২৯ শিক্ষাবর্ষে আগের মতো চারটি বিশ্ববিদ্যালয় মিলিয়ে সব ধরনের চলাচলের সুযোগ থাকছে না। শিক্ষার্থীদের নির্ধারিত শিক্ষাপথ অনুসরণ করতে হবে।

বৃত্তি ও আর্থিক সুবিধা

আগের শিক্ষাবর্ষগুলোতে গ্লোবাল মাইন্ডস ইরাসমাস মুন্ডুস প্রোগ্রামের অধীনে শিক্ষার্থীদের জন্য পূর্ণ বৃত্তি ও আংশিক অর্থায়নের ব্যবস্থা ছিল। তবে ২০২৭-২০২৯ শিক্ষাবর্ষের জন্য বিশ্ববিদ্যালয়গুলোর পক্ষ থেকে নিশ্চিত পূর্ণ টিউশন ফি মওকুফ, মাসিক ভাতা কিংবা যাতায়াত খরচের প্রতিশ্রুতি নেই।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশের শিক্ষার্থীদের পুরো দুই বছরের প্রোগ্রামে অংশগ্রহণ ফি ১৮ হাজার ৬০০ ইউরো। তবে শিক্ষার্থীরা চাইলে নিজ উদ্যোগে অন্যান্য বৃত্তি বা বাহ্যিক অর্থায়নের জন্য আবেদন করতে পারবেন। রোটারি স্কলারশিপ ও গ্লোবাল স্টাডি অ্যাওয়ার্ডসের মতো অর্থায়নের সুযোগও বিবেচনা করা যেতে পারে।

আবেদনের যোগ্যতা

এ প্রোগ্রামে আবেদন করতে আগ্রহীদের মনোবিজ্ঞান, সমাজবিজ্ঞান বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। স্নাতক পর্যায়ে কমপক্ষে দ্বিতীয় শ্রেণির সম্মান বা সমমানের ফল থাকতে হবে। পাশাপাশি সামাজিক বিজ্ঞান ও গবেষণাপদ্ধতি বিষয়ে ন্যূনতম ১০০ ইসিটিএস ক্রেডিট অথবা সমমানের শিক্ষাগত অভিজ্ঞতা থাকতে হবে।

মনোবিজ্ঞানে আগে থেকে ডিগ্রি থাকা বাধ্যতামূলক নয়। তবে সংশ্লিষ্ট বিষয়ে একাডেমিক জ্ঞান থাকতে হবে। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আবেদনকারীর যোগ্যতা যাচাই করবে।

আবেদনের সময় শিক্ষার্থীদের একাডেমিক সনদ ও ট্রান্সক্রিপ্ট, ইংরেজি ভাষায় দক্ষতার সনদ, পাসপোর্ট অথবা জন্মনিবন্ধন সনদের কপি ইউরোপাস ফরম্যাটে জীবনবৃত্তান্ত এবং প্রয়োজনীয় অন্যান্য কাগজপত্র জমা দিতে হবে। কোনো কাগজপত্র ইংরেজিতে না থাকলে সেগুলোর স্বীকৃত ইংরেজি অনুবাদ জমা দিতে হবে।

এ ছাড়া আবেদনকারীদের কেন এ বিষয়ে পড়তে আগ্রহী, প্রোগ্রামটি তাঁদের ভবিষ্যৎ লক্ষ্য ও পেশাগত জীবনের সঙ্গে কীভাবে সম্পর্কিত—এসব বিষয় তুলে ধরে একটি বিবৃতি দিতে হবে।

আবেদন করবেন যেভাবে

আগ্রহী শিক্ষার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন শুরু হয়েছে ২৬ অক্টোবর ২০২৬ থেকে। আবেদনের শেষ সময় ২৭ ফেব্রুয়ারি ২০২৭। আবেদনকারীদের প্রথমে প্রোগ্রামের নির্দেশনা ভালোভাবে পড়ে নিতে হবে। এরপর ইউনিভার্সিটি অব লিমেরিকের অনলাইন আবেদনপোর্টালে গিয়ে প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে।

আবেদনের সময় প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করে আবেদন ফি হিসেবে ৫০ ইউরো জমা দিতে হবে। আবেদন ও বিস্তারিত তথ্য জানা যাবে গ্লোবাল মাইন্ডসের ওয়েবসাইটে: https://global-minds.eu/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca