নীলফামারীর সৈয়দপুরে করোনাকালীন কঠোর বিধিনিষেধ অমান্য করে ব্যক্তিগত গাড়ি নিয়ে বেরিয়েছিলেন সৈয়দপুরের বিশিষ্ট ব্যবসায়ী আলতাফ হোসেনের বড় ছেলে আতিফ আলতাফ।
গাড়িসহ আসিফ ভ্রাম্যমাণ আদালতের সামনে পড়ায় দেওয়া হয় জরিমানা। কিন্তু জরিমানার টাকা পরিশোধ না করেই তিনি গাড়ি নিয়ে সটকে পড়েন।তারপর ধাওয়া করে এক পুলিশ কর্মকর্তা তাঁকে থামান। ক্ষিপ্ত হয়ে তিনি গাড়ি থেকে নেমে ওই পুলিশ কর্মকর্তাকে মারধর করেন। পিটিয়ে তাঁর পোশাক ছিঁড়ে দেওয়া হয়।
ঘটনাটি ঘটেছে নীলফামারীর সৈয়দপুর পৌর শহরে শুক্রবার রাত ৮:৩০ মিনিটের দিকে। মারধরের শিকার পুলিশ কর্মকর্তার নাম আতাউর রহমান। তিনি সৈয়দপুর থানায় পরিদর্শক (তদন্ত) হিসেবে কর্মরত।
সৈয়দপুর থানার পরিদর্শক (তদন্ত) আতাউর রহমানের সঙ্গে ঘটনাস্থলে কথা বললে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এ সময় তাঁর পোশাক ছেঁড়া থাকতে দেখতে পাওয়া যায়।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান জানান, কঠোর বিধিনিষেধে ভ্রাম্যমাণ আদালত অমান্য, পুলিশের গায়ে হাত তোলা ও লকডাউন ভাঙার মতো একাধিক অপরাধ সংঘটিত করেছেন আতিফ। তাঁকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তাঁর বিরুদ্ধে নিয়মিত মামলা করা হবে।