• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন

বীরগঞ্জে গাছ লাগানোকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত ১

Reporter Name / ৩১৫ Time View
Update : রবিবার, ১ আগস্ট, ২০২১

মোঃ তোফাজ্জল হোসেন, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে রাস্তার ধারে গাছ লাগানোকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মো. আফছার আলী (৫২)নামে একজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তার ছোট ভাই মো. আনোয়ারুল ইসলাম (৪৫)। নিহত আফছার আলী ও আহত মো. আনোয়ারুল ইসলাম উপজেলার ভোগনগর ইউনিয়নের এলাইগাঁও গ্রামের মৃত লাল চান্দের ছেলে। শুক্রবার দুপুর ২টায় উপজেলার ভোগনগর ইউনিয়নের এলাইগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। আহত মো. আনোয়ারুল ইসলাম জানান, বৃহস্পতিবার বাড়ীর পাশে রাস্তার ধারে বেশ কিছু ইউক্লিপটাস গাছের চারা রোপন করেন তিনি। শুক্রবার সকালে প্রতিবেশি দবির উদ্দিনের ছেলে মো. তরিকুল ইসলাম (৪২) রোপনকৃত গাছের চারাগুলি তুলে নিয়ে যায়। এতে বাধা প্রদান করলে তরিকুলের পরিবারের লোকজন তাকে মারধর করে। পরে বিয়য়টি তিনি লিখিত ভাবে বীরগঞ্জ থানাকে অবহিত করেন। এরপর দুপুরে জুম্মার নামাজ পড়ে মসজিদ হতে বাড়ী ফেরার পথে মো. তরিকুল ইসলামের নেতৃত্বে পরিবারের লোকজন তার এবং তার বড় ভাই আফছার আলীর উপর লাঠি-সোটা দিয়ে হামলা চালায়। এতে দুই ভাই গুরুত্বর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক আফছার আলীকে মৃত ঘোষনা করেন বলে তিনি জানান। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার ডা: মো. তানভীর তালুকদার জানান, হাসপাতালে আসার আগেই আফছার আলীর মৃত্যু হয়েছে। ময়না তদন্ত ছাড়া এই মুহুর্তে মৃত্যুর প্রকৃত কারণ বলা সম্ভব নয়। এ ঘটনায় মো. আনোয়ারুল ইসলাম নামে একজনকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে। ঘটনার পর থেকে মো. তরিকুল ইসলাম সপরিবারে পলাতক থাকায় তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। এ ব্যাপারে বীরগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আব্দুল ওয়ারেছ বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। অপরাধীদের গ্রেফতারে পুলিশ অভিযান শুরু করেছে। বীরগঞ্জ থানার ওসি মো. আব্দুল মতিন প্রধান জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। আফছার আলীর ছেলে ফাইয়ান বাদী হয়ে শুক্রবার রাতে ৮ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেন। মামলা নং ২২, তাং-৩০-০৭-২০২১ইং।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca