বদলগাছী(নওগাঁ)প্রতিনিধিঃ
নওগাঁর বদলগাছী উপজেলার সবচেয়ে বড় গরুর হাট কোলাহাটটি উপজেলা নির্বাহী অফিসার আল্পনা ইয়াসমিন এর ঐকান্তিক প্রচেষ্টায় প্রায় দেড় বছর পর সর্বোচ্চ মূল্যে ইজারা হলো। জানা যায়, ১৪২৬ বঙ্গাব্দে হাটটি ইজারা হয়েছিল। তৎকালীন হাটের ইজারাদার কর্তৃক হাইকোর্টে একটি মামলার কারনে হাটটি ১৪২৭ বঙ্গাব্দে ইজারা দিতে পারেনি উপজেলা প্রশাসন। এমনকি চলতি ১৪২৮ বঙ্গাব্দের ৪ মাস অতিবাহিত হলেও হাটটি অজ্ঞাত কারনে ইজারা হয়েছিল না। বর্তমান উপজেলা নির্বাহী অফিসার আল্পনা ইয়াসমিন অত্র উপজেলায় যোগদানের পর বিষয়টি জানার পর তিনি শক্তহাতে বিষয়টি সমাধানের চেষ্টা চালিয়ে যান। আজ ১৭ আগষ্ট উক্ত কোলাহাটের ইজারার দিন ধার্য্য ছিল। দরপত্র দাখিলের মাধ্যমে নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার পাটনা গ্রামের মোঃ মছির উদ্দীনের পুত্র মোঃ এনামুল হক ৭১ লক্ষ ৩২ হাজার ৭ শত ১১ টাকা মূল্য দিয়ে হাটটি ইজারা প্রাপ্ত হন। হাটটির সরকারি ইজারা মূল্য ছিল ৫৪ লক্ষ ৮৬ হাজার ৪ শত ৩২ টাকা। উপজেলা নির্বাহী কর্মকর্তা আল্পনা ইয়াসমিন এর দৃঢ় মনোবল আর পদক্ষেপের ফলে সরকার লক্ষ লক্ষ টাকা রাজস্ব পেলো। তার এই পদক্ষেপে এলাকার সচেতন মহল তাঁর ভূয়সী প্রশংসা করেন।