শহিদুল ইসলাম ঝিনাইদহ মহেশপুর থেকেঃ-
ঝিনাইদহের মহেশপুর উপজেলার কেশবপুর গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হাফিজুর রহমান (৪০) নামের এক ইজিবাইক চালককে পিটিয়ে হত্যা করেছে এক মোটরসাইকেল চালক। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত আটটার দিকে। নিহত হাফিজুর মহেশপুর উপজেলার স্বরূপপুর ইউনিয়নের চাপাতলা গ্রামের মৃত সাত্তার মিয়ার ছেলে।
এবিষয়ে মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, শুক্রবার রাত ৮ টার দিকে হাফিজুর রহমান ইজিবাইক নিয়ে দত্তনগর বাজার থেকে বাড়ি ফিরছিল। পথে কেশবপুর মোড়ে পৌঁছালে সেখানে রাস্তার পাশে থাকা একটি মোটর সাইকেলে ধাক্কা লাগে। এরই জের ধরে মোটর সাইকেলের চালক খালিদ হাসানের সাথে হাফিজুরের বাক-বিতন্ডা হয়। এক পর্যায়ে খালিদ হাসান হাফিজুর রহমানকে লাঠি দিয়ে মারধর শুরু করে। এতে হাফিজুর রহমান মারাক্তক আহত হলে খালিদ নামের ঐ ব্যক্তি তাকে ফেলে পালিয়ে যায়। স্থানীয় লোকজন সেখান থেকে হাফিজুরকে উদ্ধার করে পার্শবর্তি জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া পথে তার মৃত্যু হয়। ওসি আরো বলেন, এ ঘটনার সাথে যে বা যারা জড়িত তাদেরকে থাকুক না কেন তাকে আটকের অভিযান চলছে। অভিযুক্ত খালিদ হাসান কেশবপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে।