গোমস্তাপুর: কয়েক দিন পরই হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। আর এ নিয়ে চরম ব্যস্ত সময় পার করছে হিন্দুরা। এ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় ৩০ টি পূজা মন্ডপে চলছে শেষ মুহূর্তে প্রতিমা তৈরীর কাজ।
তাদের দেবী দূর্গাকে স্বাগত জানাতে প্রতিমা তৈরী ও মন্দির সাজসজ্জায় শিল্পীরা দেশের বিভিন্ন অঞ্চল থেকে চুক্তিতে এসে ব্যস্ত সময় পার করছেন এখন। সময় যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে তাদের ব্যস্ততা। আগামী ১১ অক্টোবর মহাষষ্ঠী পূজা থেকে মন্ডপে মন্ডপে বেজে উঠবে ঢাক-ঢোল আর কাসার শব্দ। পাঁচ দিনের উৎসবের পর ১৫ অক্টোবর প্রতিমা বিসর্জনের পর ঘটবে এর সমাপ্তি।
উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ ঘুরে দেখা যায়, কাঁদা, মাটি, বাঁশ, খড়, সুতলি দিয়ে শৈল্পিক ছোঁয়ায় তিল তিল করে গড়ে উঠা তাদের দেবী দূর্গার প্রতিমা তৈরীতে দিন-রাত ব্যস্ত সময় পার করছেন প্রতিমা তৈরীর কারিগররা।
মহন্ত স্ট্রেটের মহন্ত মহারাজ ক্ষিতিষ চন্দ্র আচারী জানান, মাটির কাঠামো নির্মানের মূল কাজ ইতিমধ্যেই শেষ করেছেন শিল্পীরা। এখন বাকি রং তুলির ছোঁয়ায় প্রতিমার রুপ-যৌবনা ফিরিয়ে আনার মূল কাজ।
এদিকে গোমস্তাপুর উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক ডলার কুমার সাহা বলেন, আশা করছি ৩০ টি পূজা মন্ডপগুলোতে সুন্দর ও সুষ্ঠভাবে পূজা উদযাপন হবে এটাই কামনা করছি। সরকারীভাবে কেমন বরাদ্দ আসবে না আসবে এখনো বলা যাচ্ছে না। ইতিমধ্যেই সমস্ত পূজা মন্ডপের প্রস্তুতির কাজ চলছে।
গোমস্তাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) দিলীপ কুমার দাস জানান, প্রত্যেকটি পূজা মন্ডপে সুন্দর ও সুষ্ঠভাবে পূজা সম্পন্ন করার লক্ষ্যে যা যা করা দরকার সব ধরনের প্রস্তুতি নিয়েছি।
এ বিষয়ে গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান জানান, উপজেলা প্রশাসন থেকে আমরা সার্বিক প্রস্তুতি নিয়েছি যাতে সুষ্ঠভাবে এ উৎসব সম্পন্ন হবে।