ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জে ভোটকেন্দ্র থেকে এজেন্টকে বের করে দেওয়ার অভিযোগ এনে ভোট শুরুর চার ঘণ্টা পর বেলা ১২ টায় ভোট বর্জন করেছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী। বুধবার (০৫ জানুয়ারি) দুপুর ১২টায় সদর উপজেলার রানিহাটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী মোহা. জাকারিয়া নির্বাচন বর্জনের বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় বিএনপি ও জামায়াত সমর্থিত প্রার্থীর বিরুদ্ধে তিনি নৌকা প্রতীকের এজেন্টদের জোর করে বের করে দেওয়ার অভিযোগ করেন। মোহা. জাকারিয়া বলেন, ভোট শুরুর পর থেকে আমার বাড়ি ঘিরে রাখা হয়েছে। ০১ ও ০৯ নং ওয়ার্ডমছাড়া বাকি সব ওয়ার্ডে আমার নৌকা প্রতীকের এজেন্টদের জোরপূর্বক বের করে দেওয়া হয়েছে।
নৌকা প্রতীকের প্রার্থী আরও বলেন, কয়েক দিন আগে থেকেই প্রশাসনকে এই আশঙ্কা ও নিরাপত্তাহীনতার কথা জানিয়েছিলাম। তারা আমাকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণের আশ্বাস দিয়েছিলেন। কিন্তু আজ সকাল থেকেই এজেন্ট বের করে দেওয়ার বিষয়ে পুলিশ ও নির্বাচন কর্মকর্তাকে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। পরে দুপুর ১২টায় নির্বাচন কর্মকর্তা আমাকে ফোন দিয়ে এজেন্ট পাঠানোর কথা বলেন। এই সময়ে এজেন্ট পাঠিয়ে কি করব? তাই ভোট বর্জনের সিদ্ধান্ত নিয়েছি।
জেলা নির্বাচন কর্মকর্তা মোতাওয়াক্কিল রহমান জানান, নৌকা প্রতীকের প্রার্থী জাকারিয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনাস্থলে গিয়েছিলাম। পরে তাকে এজেন্ট পাঠানোর কথা বললেও এজেন্ট আসেননি। এরপর আমার সাথে আর কেউ কোনো যোগাযোগ করেনি। সদর উপজেলার ১৪টি ইউনিয়নে শান্তিপূর্ণভাবে ভোট চলছে বলে দাবি করেন জেলা নির্বাচন কর্মকর্তা।
উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ১৪ ইউনিয়ন পরিষদে বুধবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ চলছে। চেয়ারম্যান পদে ৬৬ জন, ইউপি সদস্য পদে ৫৪৯ জন এবং সংরক্ষিত মহিলা ইউপি সদস্য পদে ১৭৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার ২ লাখ ৬৭ হাজার ৪৩৫ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৩৫ হাজার ২৪১ জন ও নারী ভোটার ১ লাখ ৩২ হাজার ১৯৪ জন। ১৪ ইউনিয়নের মোট ভোটকেন্দ্র ১৩৪ টি।