টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইল সদর উপজেলার কাকুয়া ইউনিয়নের যমুনা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।
আজ বৃহস্পতিবার দুপুরে ইউনিয়নের গোপালকেউটিল এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এ মানববন্ধনে বক্তব্য রাখেন নাহিদ মিয়া, সুবহান আলী, লিটন মিয়া, বারেক মিয়া, আতাউর রহমান, লুৎফর রহমান প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন যাবত যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে প্রভাবশালী একটি মহল। এতে হুমকির মুখে পড়েছে যমুনার পাড়ের ফসলি জমি। বিষয়টি নিয়ে প্রতিবাদ জানালে উল্টো প্রাণ নাশের হুমকি দেয় প্রভাবশালীরা।
তাই অবৈধ বালু উত্তোলন বন্ধে জেলা প্রশাসকসহ উর্ধতন কর্তৃপক্ষে হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী।