হাবিবুল বারি হাবিব : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নিজের ক্রয়কৃত জমি জবর দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে জেলার শিবগঞ্জ পৌরসভার ১ নাম্বার ওয়ার্ড দেবীনগর এলাকায়। সরেজমিনে গেলে ভুক্তভোগী মো: হাবিবুর রহমান ও মো: আলমগীর হোসেন জানান, আমরা প্রায় ৩০ বছর আগে এলাকার মৃত শামসুদ্দিন হাজীর বাড়ির পাশে ৪ কাঠা জমি ক্রয় করি। এতদিন যাবৎ তারা আমাদের জমির উপর দিয়েই যাতায়াত করে আসছিল। এখন প্রায় ১ মাস পূর্বে আমরা আমাদের প্রয়োজনে নিজেদের জমিতে সীমানা বেড়া দিতে গেলে মৃত শামসুদ্দিন হাজীর ছেলে শিবগঞ্জ উচ্চবিদ্যালয়ের শিক্ষক রাশিদুল ইসলাম ও তার ভাই শরিফুল ইসলাম অবৈধভাবে বাধা প্রদান করে। এক পর্যায়ে তারা আমাদের উপর আক্রমণ করে এবং আমার বাম পায়ের হাড় ফেটে যায়। এর বিচার চেয়ে শিবগঞ্জ থানায় অভিযোগ চলমান থাকার পরেও বর্তমানে তারা বাইরে থেকে লোকজন নিয়ে এসে জোরপূর্বক আমাদের সীমানা বেড়া ভেঙে ফেলে এবং জবর দখলের চেষ্টা করে। কিছুদিন আগে শিবগঞ্জ পৌরসভা কর্তৃক বিষয়টি সমাধানের জন্য জমি মাপের উদ্যোগ গ্রহন করলেও প্রতিপক্ষ কোন সাড়া না দেয়ায় শিবগঞ্জ পৌরসভা ব্যর্থ হয়। আজ ৫ই মে ২০২২ বৃহস্পতিবার তারা আবার শিবগঞ্জ থানা পুলিশকে মিথ্যা তথ্য দিয়ে হয়রানির উদ্দেশ্যে ডেকে আনে তবে শিবগঞ্জ থানা পুলিশ সরেজমিনে এসে বিষয়টি তদন্ত করে উভয় পক্ষকে জমি মাপ করে সমাধানের পরামর্শ দেন। এদিকে সরেজমিন পরিদর্শনকারী শিবগঞ্জ থানা পুলিশের এএসআই মো: মোশাররফ হোসেন বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি, যেহেতু বিষয়টি জমিজমা সংক্রান্ত, সেহেতু উভয়পক্ষকে দ্রুত মাপ জোখের ব্যবস্থা করে তা সমাধানের পরামর্শ দেয়া হয়েছে। তবে, প্রতিপক্ষ মৃত শামসুদ্দিন হাজীর ছেলে রাশিদুল ইসলাম ও শফিকুল ইসলাম জানান, আমদের জমির সীমানা তাদের ক্রয়কৃত জমির ভিতরে ৩ হাত মতো যাবে বলেই আমরা তাদের সীমানা বেড়া দিতে বাধা প্রদান করেছি। এদিকে উভয় পক্ষের পাল্টাপাল্টি বক্তব্যের বিপরীতে এলাকাবাসীর নিকট বিষয়টি সম্পর্কে জানতে চাইলে এলাকাবাসী জানান, প্রায় ৩০ বছর পূর্বে জমি ক্রয় করার পর যে সীমানা নির্ধারণ করে দেয়া হয়েছিল সেটাই সঠিক এবং সেই মাপ অনুযায়ীই হাবিবুর রহমান তাদের সীমানা বেড়া নির্মাণ করেছে। কিন্তু প্রতিপক্ষ যে দাবীতে তাদের বেড়া সরিয়ে দিচ্ছে সেটি উদ্দেশ্য প্রণোদিত ও অযৌক্তিক।