বাণিজ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়ের নির্দেশনায় এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে দেশব্যাপী চালের উপর অভিযান পরিচালনা করা হয়। এর অংশ হিসেবে ঢাকা মহানগরীর যাত্রাবাড়ী থানাধীন কাজলা ও কলাপট্টি এলাকায় অভিযান পরিচালনা করেন ঢাকা জেলা কার্যালয়ের অফিস প্রধান মোঃ আব্দুল জব্বার মন্ডল এবং প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শরিফুল ইসলাম। অভিযান পরিচালনাকালে চালের মূল্য তালিকা প্রদর্শন না করা, মূল্য তালিকায় প্রদর্শনকৃত মূল্য অপেক্ষা অধিক মূল্যে চাল বিক্রি করা, ক্যাশ মেমো সংরক্ষণ না করা, পূর্বের দরের ক্রয়কৃত চালে ১ দিনের ব্যবধানে মূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধি করা ইত্যাদি অপরাধে কাজলা এলাকার কুতুবদিয়ার মেসার্স মুছা রাইস এজেন্সিকে ৫০ হাজার টাকা, মেসার্স খাদ্য ভান্ডারকে ৫০ হাজার টাকা, মেসার্স কাজী ট্রেঢার্সকে ২০ হাজার টাকা এবং কলাপট্টি এলাকার মেসার্স হাজী নয়ন ট্রেডার্সকে ৫০ হাজার টাকা এবং মেসার্স করিম রাইস এজেন্সিকে ৫০ হাজার টাকাসহ ৫ প্রতিষ্ঠানকে সর্বমোট ২ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।