বিপ্লবী ইলা মিত্রের স্মৃতিবিজড়িত চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় ডাক্তারখানা’র ১৬৯তম শাখার যাত্রা শুরু হয়েছে। শুক্রবার বিকেল ৫টায় উপজেলা মেডিকেল গেটের বিপরীতে হাজী মার্কেটের মেহেরজান মেমোরিয়াল মেডিকেয়ার ডক্টর’স চেম্বারে ‘বাংলাদেশ সোসাইটি অফ জেনারেল ফিজিশিয়ানস’ এর তত্ত্বাবধানে চিকিৎসক দম্পতি ডা. মো. আসাদুর রহমান বিপ্লব ও ডা. নাসরিন আকতার ববি’র পরিচালনায় ডাক্তারখানা’র ১৬৯তম শাখার উদ্বোধন করা হয়েছে। এ সময় গ্রামীণ সুবিধাবঞ্চিত মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প ও স্বাস্থ্য বিষয়ক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় অংশ নেন- নাচোল উপজেলা চেয়ারম্যান মোহা. আব্দুল কাদের, নাচোল পৌর মেয়র আব্দুর রশিদ ঝালু খান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. মতিউর রহমান, নাচোল ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জনসাধারণ।
এসময় সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত থেকে মতবিনিময় করেন পাঁকাচরের প্রয়াত সমাজসেবী মেহেরজান বেগমের সন্তান শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও পাঁকাচরের সাবেক ইউপি চেয়ারম্যান এ্যাডভোকেট মো. আতাউর রহমান।
প্রসঙ্গত, উন্নত দেশের স্বাস্থ্যসেবা মডেল আমাদের দেশে প্রতিষ্ঠার মাধ্যমে অপ্রয়োজনীয় চিকিৎসা ব্যয় ও অপচিকিৎসা থেকে সাধারণ রোগীদেরকে বাঁচানোর লক্ষ্যে ‘বাংলাদেশ সোসাইটি অফ জেনারেল ফিজিশিয়ানস’ দীর্ঘদিন ধরে দেশব্যাপী ডাক্তারখানা’র মাধ্যমে প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদান করে আসছে। যার মধ্য দিয়ে দেশের গ্রামীণ জনপদের মানুষদের মাঝে কাঙ্খিত চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার কাজ করছে একঝাঁক প্রতিশ্রুতিশীল তরুণ চিকিৎসক।