• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন

এমন জনপ্রতিনিধি চাই না, যাকে এলাকায় দেখতে পাবো না: মাহি

Reporter Name / ১৬৫ Time View
Update : রবিবার, ১৫ জানুয়ারী, ২০২৩

নিজস্ব প্রতিবেদক:
চিত্রনায়িকা মাহিয়া মাহি বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর, নাচোল, ভোলাহাট) আসনে নৌকার মনোনয়ন দিয়েছেন মুহা. জিয়াউর রহমান আঙ্কেলকে। তিনি অত্যন্ত একজন ভালো মনের মানুষ। আমাদের এমন কোন জনপ্রতিনিধির প্রয়োজন নেই, যাকে আমরা কোনদিন এলাকায় দেখতে পাবো না। এমন কাউকে প্রয়োজন নেই, যার সাথে দেখা করার আগে তার সহকারীর অনুমতি নিতে হবে। জিয়াউর রহমান আঙ্কেল এদিক থেকে অত্যন্ত ভালো মনের মানুষ। যেকোন ব্যক্তি যেকোন মুহূর্তে তার সাথে দেখা করতে পারে, কথা বলতে পারেন।

রবিবার (১৫ জানুয়ারী) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের নাচোল পৌরসভার কল্যাননগর গ্রীনল্যান্ড পার্ক সংলগ্ন একটি মাঠে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আলহাজ্ব সামসুদ্দিন সরকার মেমোরিয়াল ফাউণ্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন তিনি। মাহিয়া মাহির শশুর আলহাজ্ব সামসুদ্দিন সরকারের নামের এই স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে নাচোল উপজেলার প্রায় ৪৫০ জন অসহায় দরিদ্র খেটে-খাওয়া দিনমজুর শ্রেণীর নারী-পুরুষের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

উপস্থিত নারী-পুরুষের উদ্দেশ্য এসময় মাহিয়া মাহি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জিয়াউর রহমানকে নৌকা দিয়েছেন, আমাদের দায়িত্ব তাকে ভোট দিয়ে জয়যুক্ত করা। কারন তিনি আমাদের হয়ে আমাদের মা-বোনদের জন্য কাজ করবেন। আগামী ০১ ফেব্রুয়ারী অনুষ্ঠিত উপ-নির্বাচনের দিন বাসায় কেউ বসে থাকবেন না, সবাই মিলে কেন্দ্রে গিয়ে নৌকায় ভোট দিবেন। আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই আসন উপহার দিতে চাই।

তিনি আরও বলেন, শীতবস্ত্র বিতরনের এই প্রোগ্রামটি শুধু আজকের জন্যই না, বছরের এক দিন এসে শীতবস্ত্র বিতরণ করে চলে যাব এমনটা না। আমি চাই, আমার এলাকার যেসব মা-বোনেরা রয়েছে, তাদের জন্য কিছু করতে। আপনারা নিজেরা স্বাবলম্বী হয়ে যাতে প্রত্যেক বছর ১০-২০ জন ব্যক্তিকে এমনভাবে সহায়তা করতে পারেন, এমনটা চাই। নারীদের স্বাবলম্বী হতে গেলে প্রয়োজন উপযুক্ত জনপ্রতিনিধি, যারা আপনাদের জন্য কিছু করবে।

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহিয়া মাহি বলেন, আলহাজ্ব শামসুদ্দিন ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকের এই আয়োজন। আমি আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া জানায়, তিনি অনেক ভালো মানুষ ছিলেন, অনেক মেহনতি মানুষের নেতা ছিলেন। আমরা জানি, যে কৃষক ভালো হয়, তার ফসলও ভালো হয়। যদিও আমি আমার শ্বশুরকে দেখতে পাইনি, কিন্তু তার ছেলেকে দেখে আমি বুঝতে পারি তিনি কত ভালো মানুষ ছিলেন। আমি অনেক ভাগ্যবতী এমন একজন মানুষকে জীবনসঙ্গী হিসেবে পেয়েছি।

তিনি আরও বলেন, আমার স্বামী রাকিব সরকারের কারনে মানুষের জন্য কিছু করতে পারছি। তার কারনে আমার দ্বারা একাজ করা সম্ভব হচ্ছে এবং তিনি একাজে আমাকে অনেক সাপোর্ট করছেন। এজন্য তাকে অনেক অনেক ধন্যবাদ। ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এই আয়োজনে অনেক সহযোগিতা করেছে। তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। তারা এমন সুন্দর ব্যবস্থাপনা করেছেন। তারা সহযোগিতা না করলে এটা আয়োজন করা অনেক কঠিন হয়ে যেত।

পরে বিকেলে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ৫০০ অসহায়, হত দরিদ্র এতিম শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন মাহিয়া মাহি। গোমস্তাপুর উপজেলার বংপুর স্কুলে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় তিনি বলেন, আমি এখানে এসে দেখলাম চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের রাস্তা-ঘাট চিকিৎসাসেবা অনেক পিছিয়ে। তাই এলাকার উন্নায়ন করতে হলে আগামী ১ ফেব্রুয়ারি সবাই নৌকায় ভোট দিবেন।

এসময় আরও উপস্থিত ছিলেন, চিত্রনায়িকা মাহির স্বামী আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির সদস্য ও সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা রাকিব সরকারসহ ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca