চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জে তৃতীয় লিঙ্গের (হিজড়া) জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। সোমবার (১৬ জানুয়ারী) দুপুরে নাচোল পৌরসভার কল্যাননগর গ্রীনল্যান্ড পার্ক সংলগ্ন আম বাগানে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। আলহাজ্ব সামসুদ্দিন সরকার মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে দুই শতাধিক হিজড়ার মাঝে মাহি এসব শীতবস্ত্র বিতরণ করেন।
চাঁপাইনবাবগঞ্জের সদর, গোমস্তাপুর, নাচোল, ভোলাহাট উপজেলার তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর মাঝে শশুরের নামের স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাহিয়া মাহি এসব শীতবস্ত্র বিতরণ করেন।
এসময় বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহিয়া মাহি বলেন, সমাজে অবহেলিত ছিল তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর মানুষেরা। এতোদিন তারা নায্য অধিকার থেকে বঞ্চিত ছিলো। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের জীবনমান ও সামাজিক মর্যাদা রক্ষায় বিভিন্ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করেছেন। তাদেরকে ভোটাধিকার প্রয়োগ করার অধিকার দিয়েছেন। তাদেরকে প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন।
উপস্থিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর উদ্দেশ্যে মাহি আরও বলেন, আপনাদের জন্য প্রধানমন্ত্রী অনেক কিছুই করেছেন। যা আপনারা অবগত রয়েছেন। তাই প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন। তাঁর প্রতীক নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন, আবারও আপনাদের সেবা করার সুযোগ দিবেন। আগামীতে নৌকার মনোনয়ন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়ে আপনাদের জন্য কাজ করতে চাই।
চাঁপাইনবাবগঞ্জ জেলার হিজড়া নেত্রী ববিতা খাতুন বলেন, আমাদের খুব ভালো লাগছে। এতোবড় নায়িকা, অথচ আমাদেরকে ডেকে নিজ হাতে শীতবস্ত্র তুলে দিয়েছেন। আমাদের সাথে কথা বলেছেন, গল্প করেছেন। আমাদের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা, দুর্ভোগের কথা শুনেছেন। পুরো জেলার সকল হিজরাদের এক জায়গায় করেছেন। এমন ব্যতিক্রমী উদ্যোগ নেয়ার জন্য তাকে অনেক ধন্যবাদ।
এসময় আরও উপস্থিত ছিলেন, চিত্রনায়িকা মাহির স্বামী আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির সদস্য ও সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা রাকিব সরকার, নাচোল উপজেলা ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।