• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন

উলিপুর ও চিলমারীতে অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা ১৬ লাখ

Reporter Name / ২০১ Time View
Update : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬

মোঃ সোলায়মান গনি, কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের উলিপুর ও চিলমারী উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে চারটি ভাটার কিলন গুঁড়িয়ে কার্যক্রম সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে প্রশাসন। একই সঙ্গে এসব ভাটার মালিকদের কাছ থেকে মোট ১৬ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) পরিবেশ অধিদপ্তর, কুড়িগ্রাম জেলা কার্যালয়ের উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্টের মাধ্যমে এ অভিযান চালানো হয়। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘনের দায়ে এই ব্যবস্থা নেওয়া হয়।

অভিযান চলাকালে এক্সকেভেটর দিয়ে একের পর এক অবৈধ ইটভাটার কিলন ভেঙে ফেলা হয়। ফলে তাৎক্ষণিকভাবে এসব ভাটার কার্যক্রম বন্ধ হয়ে যায়। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এসব ইটভাটা ফসলি জমি নষ্ট, বায়ুদূষণ এবং পরিবেশের মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছিল।

মোবাইল কোর্ট সূত্রে জানা গেছে, উলিপুর উপজেলার গুনাইগাছ এলাকার মেসার্স একেএম ব্রিকসে ৪ লাখ ৫০ হাজার টাকা, তবকপুরের মেসার্স এইচবিইউ ব্রিকসে ৫ লাখ টাকা, চিলমারীর কিষামাতবানু এলাকার মেসার্স ওয়ারেস ব্রিকসে ২ লাখ ৫০ হাজার টাকা এবং মৌজাখানা এলাকার মেসার্স এসএন ব্রিকসে ৪ লাখ টাকা জরিমানা করা হয়।

ঘটনাস্থলেই পুরো অর্থ আদায় করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজ্জাদ জাহিদ রাতুল। প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন কুড়িগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রেজাউল করিম।

অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় র‍্যাব-১৩, জেলা পুলিশ, আনসার ব্যাটালিয়ন এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা অংশ নেন।

পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রেজাউল করিম বলেন, অবৈধ ইটভাটার বিরুদ্ধে এই অভিযান কেবল শুরু—পরিবেশ ধ্বংসের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। বায়ুদূষণ রোধ ও পরিবেশ রক্ষায় এমন অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca