সুজন চৌহান, বগুড়া সদর প্রতিনিধি:
বগুড়ায় মহাসড়কে চলন্ত অবস্থায় একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (১২ এপ্রিল) সকাল আটটার দিকে বগুড়ার সি ব্লক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তবে দ্রুত যাত্রীরা নেমে যাওয়ায় বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে কুড়িগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসা ‘কুড়িগ্রাম ট্রাভেলস’ নামের একটি বাস সি ব্লক এলাকায় পৌঁছালে হঠাৎ সেটিতে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, প্রাথমিক ধারণামতে বাসটির ব্যাটারি থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
শাজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আবু জাররা জানান, আগুন লাগার সাথে সাথেই বাসের যাত্রীরা নিরাপদে নেমে যেতে সক্ষম হন। এতে কেউ আহত হননি, তবে বাসের একটি অংশ বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনার সময় বাসে ঠিক কতজন যাত্রী ছিলেন তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।