ঝিনাইদহ পহেলা বৈশাখের আনন্দ মুহূর্তেই বিষাদে রূপ নিল ঝিনাইদহের মধুহাটি ইউনিয়নের ‘নব-দোয়ার’ মেলায়। মেলায় ঘুরতে এসে বখাটে কিশোর গ্যাংয়ের হাতে নৃশংস হামলার শিকার হয়েছেন মিরাজ (২২) নামে এক যুবক। নিজের আপন বোনকে ইভটিজিং ও শ্লীলতাহানির হাত থেকে বাঁচাতে গিয়ে বখাটেদের রোষানলে পড়েন তিনি। বর্তমানে তিনি ঝিনাইদহ সদর হাসপাতালে গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ১লা বৈশাখ উপলক্ষে আয়োজিত মেলায় হলিধানি ইউনিয়নের বাশের দাইড় গ্রামের মৃত আইনাল হোসেনের ছেলে মিরাজ তার ছোট বোন সুমাইয়াকে নিয়ে ঘুরতে যান। মেলা প্রাঙ্গণে স্থানীয় কিশোর গ্যাং লিডার শীহাব ও সোহাগের নেতৃত্বে একদল বখাটে সুমাইয়াকে উদ্দেশ্য করে কুরুচিপূর্ণ মন্তব্য করতে থাকে এবং একপর্যায়ে তার শরীরে স্পর্শ করার অপচেষ্টা চালায়।
বোনকে হেনস্তা হতে দেখে ভাই মিরাজ তাৎক্ষণিক প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে কিশোর গ্যাং লিডার শিহাব ও সোহাগের নেতৃত্বে ২০-২৫ জনের একটি সংঘবদ্ধ দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মিরাজের ওপর ঝাঁপিয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মাদকাসক্ত এই কিশোরv গ্যাংয়ের সদস্যরা বাঁশের লাঠি, ইট, লোহার রড এবং ধারালো ‘সেভেন গিয়ার’ চাকু দিয়ে মিরাজকে এলোপাথাড়ি আঘাত করতে থাকে। বখাটেদের প্রচণ্ড মারধরে ঘটনাস্থলেই জ্ঞান হারিয়ে ফেলেন মিরাজ। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার শরীরে একাধিক গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে এবং অবস্থা আশঙ্কাজনক।
এই ঘটনায় তীব্র ক্ষোভ ও বিচার চেয়ে ঝিনাইদহ জেলা পুলিশ সুপারের (এসপি) নিকট সহযোগিতা চেয়েছেন মিরাজের বড় বোন। এছাড়াও তিি আহাজারি করে তিনি বলেন:
”এই দেশে কি নারীরা স্বাধীন নয়? প্রকাশ্য মেলায় কেন আমাদের লাঞ্ছিত হতে হবে? আমার ভাই শুধু আমাদের সম্মান বাঁচাতে গিয়েছিল, আজ সে হাসপাতালের বিছানায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আমি অবিলম্বে শীহাব ও সোহাগসহ ওই মাদকাসক্ত গ্যাংয়ের সকল সদস্যের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”