চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত ৯ মাসে চাঁপাইনবাবগঞ্জ জেলা লিগ্যাল এইড অফিসে বিকল্প পদ্ধতিতে বিরোধ নিষ্পত্তি হয়েছে ৩৪৭১ টি। এছাড়াও ক্ষতিপূরণ ও পাওনা টাকা আদায় করে বিচারপ্রার্থীদের নিকট প্রদান করা হয়েছে ৩ কোটি ৮৮ লক্ষ ৪৩ হাজার ২০৪ টাকা। গত ৯ মাসে বিকল্প পদ্ধতিতে বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে মোট ৩৬৮৭ টি আবেদন দাখিল করা হয়েছে। রবিবার বিকালে জেলা লিগ্যাল এইড অফিসার মোঃ আবু সাঈদ এসব তথ্য জানান।
তিনি আরো জানান, গত ৯ মাসে নিয়মিত আদালতে দায়েরকৃত মোট ৫৩৩ টি মামলায় আইনগত সহায়তা প্রদান করা হয়েছে এবং সম্পূর্ণ বিনা খরচে আইনগত পরামর্শ প্রদান করা হয়েছে ২৫৫২ জন বিচারপ্রার্থীকে। আইনগত সহায়তা সেবা প্রদান সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গত ৯ মাসে তৃণমূল পর্যায়ে সভা-সেমিনারসহ ২৭ টি সচেতনামূলক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। সরেজমিনে নালিশী জমি পরিদর্শণের মাধ্যমে নিষ্পত্তি করা হয়েছে অসংখ্য বিরোধ।
উল্লেখ্য যে, বিগত ২০২৪ সালে বিকল্প পদ্ধতিতে নিষ্পত্তি হয়েছিলো ২০৬ টি বিরোধ এবং আবেদন দাখিল হয়েছিলো ২৩৯ টি। ২০২৫ সালের মার্চ মাসের মাঝামাঝি সময়ে বর্তমান লিগ্যাল এইড অফিসার মোঃ আবু সাঈদ লিগ্যাল এইড অফিসে যোগদানের পর সরেজমিনে নালিশী জমি পরিদর্শণ অন্তে বিরোধ নিষ্পত্তি ও তৃণমূল পর্যায়ে লিগ্যাল এইড সম্পর্কে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে বিচারপ্রার্থী মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পেতে থাকে। এ বছর বিকল্প পদ্ধতিতে বিরোধ নিষ্পত্তি বেড়ে দাঁড়ায় ৮০০ তে এবং ১০০০ টি আবেদন দাখিল হয়। বর্তমানে জেলা লিগ্যাল এইড অফিসে লিগ্যাল এইড অফিসারের পাশাপাশি আরো ৩ জন স্পেশাল মেডিয়েটর কাজ করছেন এবং সম্প্রতি জেলা লিগ্যাল এইড অফিসে একজন চীফ লিগ্যাল এইড অফিসারকে নিয়োগ প্রদান করা হয়েছে। তিনিও খুব শীঘ্রই যোগদান করবেন।