বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর বদলগাছীতে সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ড না থাকায় চরম দুর্ভোগ ও জটিলতায় পড়েছেন উপজেলার শত শত সেবাগ্রহীতা। বদলীজনিত কারণে সাবেক এসিল্যান্ড জনাব পলাশ উদ্দিন ৭/৯/২৬ ইং তারিখ কর্মস্থল ত্যাগ করার পর থেকে দীর্ঘদিন ধরে পদটি শূন্য রয়েছে। ফলে নামজারি (খারিজ), খাজনা খারিজের শুনানি, মিস কেস এবং সাধারণ ভূমি সেবাসহ আনুষঙ্গিক দাপ্তরিক কাজ প্রায় স্থবির হয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ৮টি ইউনিয়নের জমিজমা সংক্রান্ত যাবতীয় গুরুত্বপূর্ণ কাজ নিয়ন্ত্রিত হয় এই ভূমি অফিস থেকেই। কিন্তু দীর্ঘদিন ধরে কর্মকর্তা না থাকায় প্রতিদিন শত শত মানুষ দূর-দূরান্ত থেকে অফিসে এসে ঘুরে যাচ্ছেন। বিশেষ করে সাধারণ কৃষক, জমি ক্রয়-বিক্রয়কারী এবং জরুরি প্রয়োজনে নামজারি করতে আসা মানুষগুলো পড়েছেন সবচেয়ে বেশি বিপাকে।
এসিল্যান্ডের স্বাক্ষর না থাকায় শতাধিকের বেশি নামজারি আবেদন আটকে রয়েছে। ফলে সাধারণ মানুষ নির্ধারিত সময়ের মধ্যে জমি খারিজ করতে পারছেন না। নামজারি সম্পন্ন না হওয়ায় অনেকে জমি রেজিস্ট্রি বা কেনাবেচা করতে পারছেন না। এতে জরুরি অর্থনৈতিক বা পারিবারিক প্রয়োজনে জমি বিক্রি করতে গিয়ে মানুষ চরম বিপদে পড়ছেন।
এছাড়াও নিয়মিত শুনানি না হওয়ায় মিস কেস ও জমি সংক্রান্ত বিবাদের নিষ্পত্তি ঝুলে গেছে। এছাড়া দূর থেকে এসে বারবার ফিরে যাওয়ায় সেবাগ্রহীতাদের বাড়তি যাতায়াত খরচ ও সময় নষ্ট হচ্ছে।
অফিসে আসা একাধিক সেবাগ্রহীতা ক্ষোভ প্রকাশ করে জানান, "একটি খারিজের আবেদনের অনুমোদনের জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করছি। অফিসে আসলে বলা হয় 'স্যার নেই'। কতদিন এভাবে ঘুরে ঘুরে হয়রানি হতে হবে তা কেউ বলতে পারছে না।"
এ বিষয়ে ভূমি অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মীরা জানান, সহকারী কমিশনার (ভূমি) না থাকায় চূড়ান্ত অনুমোদন বা স্বাক্ষর সংক্রান্ত ফাইলগুলো সই করা সম্ভব হচ্ছে না। তবে চিঠিপত্র আদান-প্রদান ও অন্যান্য দৈনন্দিন কাগজপত্র গোছানোর কাজ চালু রাখা হয়েছে। নতুন কর্মকর্তা যোগদান করলেই দ্রুত জমে থাকা ফাইলগুলোর দ্রুত নিষ্পত্তি করা সম্ভব হবে।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনি বলেন, এসিল্যান্ড কবে আসবে জানিনা। এসিল্যান্ডের অনুপস্থিতিতে আপনি নামজারিসহ জরুরী কাজগুলো করলে জনভোগান্তি কমতো কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দেখি কয়েকদিন পর থেকে আমি নিজেই নামজারিসহ অন্যান্য কাজ করবো।
সরকারের রাজস্ব আদায় ও জনসাধারণের ভোগান্তি নিরসনে বদলগাছী উপজেলায় জরুরি ভিত্তিতে নতুন সহকারী কমিশনার (ভূমি) নিয়োগে এলাকবাসি ঊর্ধ্বতন প্রশাসনিক কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।