• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন

স্থগিত হলো পোশাকশ্রমিকদের মজুরি বোর্ডের তৃতীয় সভা

Reporter Name / ১৬ Time View
Update : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিক ও কর্মচারীদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত করা হয়েছে। অনিবার্য কারণ দেখিয়ে সোমবার (১৬ নভেম্বর) অনুষ্ঠিতব্য এ সভা স্থগিতের সিদ্ধান্ত জানানো হয়েছে। সভার নতুন তারিখ পরে জানানো হবে।

সোমবার সকালে বোর্ড সচিব রাইসা আফরোজের পাঠানো এক নোটিশে এ তথ্য জানানো হয়। নোটিশে বলা হয়েছে, এদিন বেলা ১১টায় শ্রম অধিদপ্তরে অনুষ্ঠেয় মজুরি বোর্ডের তৃতীয় সভা অনিবার্য কারণে আদিষ্ট হয়ে স্থগিত করা হলো। শিগগিরই সভার নতুন তারিখ জানিয়ে দেওয়া হবে।

এদিনের সভায় মালিকপক্ষের নতুন মজুরি কাঠামোর প্রস্তাব দেওয়ার কথা ছিল। এর আগে গত ৯ নভেম্বর অনুষ্ঠিত বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দেয়। তবে সেদিন মালিকপক্ষ তাদের প্রস্তাব দিতে পারেনি। এজন্য তাদের চার কার্যদিবস সময় দেওয়া হয়েছিল। সে অনুযায়ী সোমবারের সভায় মালিকপক্ষ প্রস্তাব দেবে বলে জানিয়েছিল তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ।

বেতন বৃদ্ধির দাবিতে তৈরি পোশাক খাতে শ্রমিক অসন্তোষের মধ্যে গত ১ নভেম্বর সরকার ন্যূনতম মজুরি বোর্ড পুনর্গঠনের পাশাপাশি পোশাকশিল্পের জন্য নতুন বোর্ড গঠন করে। এরপরও ঢাকার মিরপুর, সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে শ্রমিকদের বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনা ঘটে।

পরিস্থিতির মধ্যে গত ৪ নভেম্বর মজুরি বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় ডিসেম্বর থেকে নতুন বেতন কাঠামো কার্যকরের ঘোষণা দেওয়া হলে শ্রমিকদের কাজে ফেরার প্রবণতা দেখা যায়।

এদিকে চলতি বছর শ্রম আইন সংশোধনের মাধ্যমে শ্রমিকদের নিম্নতম মজুরি পুনর্নির্ধারণের সময়সীমা পাঁচ বছর থেকে কমিয়ে তিন বছর করা হয়েছে। ফলে নির্ধারিত সময়ের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত করার বিষয়টি পোশাকশিল্পের শ্রমিক ও মালিক—উভয় পক্ষের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

তৈরি পোশাকশ্রমিকদের সর্বশেষ ন্যূনতম মজুরি ঘোষণা করা হয়েছিল ২০২৩ সালের নভেম্বরে। ওই মজুরি পরের মাস অর্থাৎ ডিসেম্বর থেকে কার্যকর হয়। তখন শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছিল। এতে মজুরি বেড়েছিল ৫৬ দশমিক ২৫ শতাংশ।

সেই হিসাবে পোশাক খাতের বর্তমান নিম্নতম মজুরির মেয়াদ চলতি নভেম্বর মাসে শেষ হওয়ার কথা। নতুন মজুরি কাঠামো নির্ধারণে মালিকপক্ষের প্রস্তাব এবং বোর্ডের পরবর্তী বৈঠকের সিদ্ধান্ত এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca