• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন

চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের কর্মবিরতি, বন্ধ কনটেইনার ওঠানামা

Reporter Name / ২৫ Time View
Update : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম

চট্টগ্রাম বন্দরের গুরুত্বপূর্ণ দুটি কনটেইনার টার্মিনাল নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চিটাগাং কনটেইনার টার্মিনালে (সিসিটি) শ্রমিকদের কর্মবিরতিতে বন্ধ হয়ে গেছে পণ্য ওঠানামা কার্যক্রম। গ্র্যাচুইটিসহ বিভিন্ন আর্থিক সুবিধা পরিশোধের দাবিতে আজ ১৭ নভেম্বর(মঙ্গলবার) সকাল সাড়ে ৯টা থেকে এ কর্মসূচি শুরু করেন শ্রমিকেরা। এতে বন্দরের কনটেইনার হ্যান্ডলিং কার্যক্রমে অচলাবস্থা সৃষ্টি হয়েছে।
কর্মবিরতির কারণে জাহাজ থেকে আমদানি পণ্যভর্তি কনটেইনার নামানো এবং রপ্তানি পণ্যভর্তি কনটেইনার জাহাজে তোলার কাজ বন্ধ রয়েছে। পাশাপাশি বন্দর থেকে আমদানি পণ্য খালাস ও পরিবহন কার্যক্রমও ব্যাহত হচ্ছে। দুই টার্মিনালের ক্রেন বন্ধ রেখে জেটিতে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন শত শত শ্রমিক। তাঁদের সঙ্গে যোগ দিয়েছেন জেনারেল কার্গো বার্থের (জিসিবি) শ্রমিকেরাও।
শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এনসিটি ও সিসিটিতে কাজ করলেও টার্মিনাল পরিচালনার দায়িত্ব পরিবর্তনের প্রক্রিয়ায় তাঁদের চাকরি ও আর্থিক পাওনা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিশেষ করে গ্র্যাচুইটিসহ অন্যান্য পাওনা পরিশোধের বিষয়ে কোনো নিশ্চয়তা দেওয়া হচ্ছে না।
জেটিতে কর্মরত এক ক্রেন অপারেটর জানান, কাগজে-কলমে এনসিটি ও সিসিটি চিটাগাং ড্রাইডকের মাধ্যমে পরিচালিত হলেও বাস্তবে এসব টার্মিনালে কাজ করছেন সাইফ পাওয়ারটেকের নিয়োজিত শ্রমিকেরা। চিটাগাং ড্রাইডক বন্দর থেকে পরিচালনাসংক্রান্ত অর্থ গ্রহণ করে সাইফ পাওয়ারটেককে দেয়। পরে প্রতিষ্ঠানটি শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করে।
তিনি বলেন, এনসিটির পরিচালনার দায়িত্ব সাইফ পাওয়ারটেকের কাছ থেকে চলে যাওয়ার পর এবার সিসিটিও প্রতিষ্ঠানটির হাতছাড়া হচ্ছে। এতে দীর্ঘদিন ধরে কর্মরত শ্রমিকেরা তাঁদের গ্র্যাচুইটি ও অন্যান্য আর্থিক সুবিধা পাওয়া নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন। এসব পাওনা পরিশোধের বিষয়ে বন্দরের পরিচালক (পরিবহন) গোলাম মোহাম্মদ সারোয়ারুল ইসলামকে একাধিকবার জানানো হলেও কার্যকর কোনো সমাধান পাওয়া যায়নি। এ কারণে বাধ্য হয়ে কর্মবিরতিতে যেতে হয়েছে।
আরেক ক্রেন অপারেটর জানান, সর্বশেষ টার্মিনাল অপারেটর সাইফ পাওয়ারটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সোমবার শ্রমিকদের সঙ্গে বৈঠক করেন। তবে বৈঠকে তাঁদের দাবি-দাওয়া নিয়ে কোনো সমাধান আসেনি। ফলে কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেন শ্রমিকেরা।
এ বিষয়ে বক্তব্য জানতে বন্দরের পরিচালক (পরিবহন) গোলাম মোহাম্মদ সারোয়ারুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। বন্দরের সৈয়দ রেফায়েত হামিমের সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি।
বন্দর সূত্র জানায়, চট্টগ্রাম বন্দরের মোট কনটেইনার ওঠানামার প্রায় ৬২ শতাংশ সম্পন্ন হয় এনসিটি ও সিসিটির মাধ্যমে। এর মধ্যে এনসিটির অবদান প্রায় ৪৫ শতাংশ এবং সিসিটির প্রায় ১৬ শতাংশ। ফলে টার্মিনাল দুটির কার্যক্রম দীর্ঘ সময় বন্ধ থাকলে আমদানি-রপ্তানি বাণিজ্য, জাহাজের অবস্থানকাল এবং বন্দরের সামগ্রিক পণ্য পরিবহন ব্যবস্থায় বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা রয়েছে।
উল্লেখ্য, এনসিটি পরিচালনার দায়িত্ব দুবাইভিত্তিক বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার জন্য সরকারের সঙ্গে কনসেশন চুক্তি হয়েছে। দরপত্র ছাড়াই সরকার-টু-সরকার (জিটুজি) ভিত্তিতে এ চুক্তি সম্পন্ন করা হয়। আগামী কয়েক মাসের মধ্যে টার্মিনালটি ডিপি ওয়ার্ল্ডের কাছে হস্তান্তরের কথা রয়েছে। এর আগ পর্যন্ত চিটাগাং ড্রাইডকের মাধ্যমে এনসিটি পরিচালনা করছে বন্দর কর্তৃপক্ষ।
অন্যদিকে, সিসিটি পরিচালনার দায়িত্ব সৌদি আরবভিত্তিক রেড সি গেটওয়ে টার্মিনালকে দেওয়ার প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে সরকার। এত দিন টার্মিনালটি পরিচালনা করে আসছিল সাইফ পাওয়ারটেক লিমিটেড। নভেম্বরের প্রথম সপ্তাহে প্রতিষ্ঠানটির সঙ্গে পরিচালনা চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর চিটাগাং ড্রাইডকের মাধ্যমে সিসিটি পরিচালনার প্রক্রিয়া চূড়ান্ত করা হচ্ছে।
টার্মিনাল পরিচালনার দায়িত্ব পরিবর্তনের এ সময়ে শ্রমিকদের পাওনা পরিশোধ ও চাকরির ভবিষ্যৎ নিশ্চিত না হওয়ায় অসন্তোষ দেখা দিয়েছে। সংশ্লিষ্টদের আশঙ্কা, দ্রুত এ সংকটের সমাধান না হলে দেশের প্রধান সমুদ্রবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রমে এর নেতিবাচক প্রভাব আরও বাড়তে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca