• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন

টানা ৬৫ দিন সূর্য উঠবে না যে শহরে

Reporter Name / ২৫ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের সর্ব উত্তরের শহর উৎকিয়াগভিকে আগামী ১৯ নভেম্বর থেকে শুরু হচ্ছে দীর্ঘ ‘পোলার নাইট’। এ সময় টানা ৬৫ দিন সূর্যের দেখা পাবেন না শহরটির বাসিন্দারা। আগামী বছরের ২৩ জানুয়ারি আবার দিগন্তের ওপরে সূর্য উঠবে সেখানে।

পোলার নাইটের সময় দিনের বেলাতেও সূর্য দিগন্তের নিচে অবস্থান করে। তবে সবচেয়ে অন্ধকার সময়েও দুপুরের দিকে দক্ষিণ আকাশে কিছুটা আলোর আভা দেখা যায়। ফলে পুরো সময়জুড়ে শহরটি সম্পূর্ণ অন্ধকারে ডুবে থাকে না।

২৩ জানুয়ারি স্থানীয় সময় দুপুর ১টার কিছুক্ষণ পর সূর্যোদয় হবে। তবে সেদিন সূর্য আকাশে থাকবে মাত্র প্রায় এক ঘণ্টা। এরপর আবার অস্ত যাবে সূর্য।

উৎকিয়াগভিক সুমেরু বৃত্তের প্রায় ৩২০ মাইল উত্তরে অবস্থিত। চুকচি ও বিউফোর্ট সাগরের সংযোগস্থলের কাছাকাছি শহরটির অবস্থান। আলাস্কার মূল ভূখণ্ডের সঙ্গে শহরটির কোনো স্থায়ী সড়ক যোগাযোগ নেই। অ্যাঙ্কোরেজ কিংবা ফেয়ারব্যাংকস থেকে বিমানে সেখানে যেতে হয়।

দীর্ঘ অন্ধকার ও তীব্র শীতের মধ্যেও উৎকিয়াগভিকের স্বাভাবিক জীবনযাত্রা থেমে থাকে না। জানুয়ারিতে শহরটির গড় সর্বোচ্চ তাপমাত্রা শূন্য ডিগ্রি ফারেনহাইটের প্রায় পাঁচ ডিগ্রি নিচে থাকে।

শহরটিতে পাঁচ বছর বসবাস করা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কির্স্টেন আলবার্গ জানিয়েছেন, পোলার নাইটের সময় প্রচণ্ড ঠান্ডা মোকাবিলায় গরম পোশাকে শরীর পুরোপুরি ঢেকে বাইরে বের হতে হতো তাঁকে। শহর ছেড়ে যাওয়ার পর তিনি সেখানকার নর্দার্ন লাইটস এবং রাতের অন্ধকারে শহরের আলোর ঝলকানি খুব মিস করতেন।

২০২৩ সালে অ্যাকুওয়েদারকে দেওয়া এক সাক্ষাৎকারে আলবার্গ বলেন, পোলার নাইট নিয়ে স্থানীয়দের মধ্যে রোমাঞ্চ কাজ করে। তাঁর ভাষায়, ‘এটা নিয়ে সবাই রোমাঞ্চিত থাকে। আপনারও মনে হবে, এটি দারুণ এক অভিজ্ঞতা।’

উৎকিয়াগভিকে বেড়ে ওঠা আলোকচিত্রী ইবেন ডব্লিউ হপসন ২০২৫ সালে ইউনিল্যাডকে বলেন, দীর্ঘ শীত ও অন্ধকারেও স্থানীয়দের দৈনন্দিন কাজকর্ম চলতে থাকে। সাংস্কৃতিক কর্মকাণ্ডের পাশাপাশি কাজ, সেলাই, শিকার ও মাছ ধরার মধ্য দিয়ে ব্যস্ত সময় কাটান বাসিন্দারা।

শহরটির বাসিন্দা ম্যালকম নোবেল আলাস্কা পাবলিক মিডিয়াকে বলেন, সূর্য ফিরে এলে উৎকিয়াগভিকের পরিবেশে বড় পরিবর্তন আসে। মানুষের মুখে আনন্দ ফুটে ওঠে, সবাই বাইরে বেরিয়ে আসতে চান।

২৩ জানুয়ারি সূর্য ওঠার পর প্রথম দিন আলো থাকবে প্রায় এক ঘণ্টা। তবে এরপর দিনের দৈর্ঘ্য দ্রুত বাড়তে থাকবে। জানুয়ারির শেষ দিনে, অর্থাৎ মাত্র আট দিন পর, দুপুর ১২টার আগেই সূর্য উঠবে এবং প্রায় চার ঘণ্টা দিগন্তের ওপরে অবস্থান করবে।

প্রতি বছর পৃথিবীর অক্ষের হেলানো অবস্থান ও সূর্যের চারদিকে পৃথিবীর পরিক্রমণের কারণে মেরু অঞ্চলে এমন দীর্ঘ সময় সূর্যোদয় হয় না। এই প্রাকৃতিক ঘটনাই ‘পোলার নাইট’ নামে পরিচিত।

সূত্র: অ্যাকুওয়েদার


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca