• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
শাহজালালে সাড়ে ৭ কেজি স্বর্ণের পেস্টসহ আটক ৩ পাগলা মসজিদের দানের অর্থ কোথায় এবং কীভাবে খরচ হয় ইরানে হামলা নিয়ে অবস্থান স্পষ্ট করলেন না ভ্যান্স এনটিআরসিএর বিরুদ্ধে জাল সনদ দেওয়ার অভিযোগ, শিক্ষক নিয়োগে কমিটির পক্ষে সেলিম ভূঁইয়া চাঁদের কৃত্রিম মাটিতে ফলল আলু, মহাকাশে খাদ্য উৎপাদনে নতুন সম্ভাবনা পাকিস্তানে কমল পেট্রোলের দাম শীতের ছোঁয়ায় বদলে যাচ্ছে নোবিপ্রবি, ক্যাম্পাসজুড়ে অন্যরকম আমেজ রিয়াদ লক্ষ্য করে তিন ক্ষেপণাস্ত্র, ধ্বংসের দাবি সৌদির নাচোলে বিএনপির উদ্যোগে মোটরসাইকেল শোডাউন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত আইসিজের রায়ে রোহিঙ্গাদের আশা, প্রত্যাবাসন এখনো অনিশ্চিত

২৮টি ট্রেন চলার সক্ষমতা: ১১ হাজার কোটি টাকার রেলপথে চলছে মাত্র ১০টি

Reporter Name / ৩৬ Time View
Update : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

১১ হাজার ৩৩৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত কক্সবাজার রেলপথে প্রতিদিন ২৮টি ট্রেন চলাচলের সক্ষমতা রয়েছে। কিন্তু বাস্তবে এই পথে চলছে মাত্র ১০টি ট্রেন। দেশের অন্যতম প্রধান পর্যটন শহর কক্সবাজারে রেল যোগাযোগ চালুর পর যাত্রীদের আগ্রহ বাড়লেও তিন বছরেও প্রকল্পের পরিকল্পিত ট্রেন চলাচলের লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি বাংলাদেশ রেলওয়ে।

২০২৩ সালের ১ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে এই রেলপথে ট্রেন চলাচল শুরু হয়। শুরু থেকেই পর্যটক ও সাধারণ যাত্রীদের কাছে জনপ্রিয়তা পেয়েছে রেলপথটি। তবে প্রয়োজনীয় ইঞ্জিন ও কোচের অভাবে ট্রেনের সংখ্যা বাড়ানো যাচ্ছে না। ফলে নিরাপদ ও স্বস্তিদায়ক যাতায়াতের বিকল্প হিসেবে পর্যটকদের অনেককেই সড়কপথের ওপর নির্ভর করতে হচ্ছে।

রেলওয়ের কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, কক্সবাজার রেলপথে প্রতিদিন ১৪ জোড়া বা ২৮টি ট্রেন চালানোর সক্ষমতা রয়েছে। বর্তমানে চলছে পাঁচ জোড়া ট্রেন। এর মধ্যে ঢাকা থেকে দুই জোড়া বিরতিহীন এবং এক জোড়া আন্তনগর ট্রেন চলাচল করে। চট্টগ্রাম থেকেও ট্রেন চলাচল করছে। একটি র‌্যাক বা ইঞ্জিন ও বগির সমন্বয়ে তৈরি একটি ট্রেন সেট ব্যবহার করে চট্টগ্রাম থেকে দুই জোড়া ট্রেন পরিচালনা করা হয়। এতে অনেক সময় ট্রেনের সময়সূচিতে বিঘ্ন ঘটে।

চট্টগ্রাম থেকে চলাচলকারী ট্রেনটির আসন ও সেবার মান নিয়েও যাত্রীদের অভিযোগ রয়েছে। বিশেষ করে ট্রেনটিতে শীতাতপনিয়ন্ত্রিত কোনো কেবিন বা আসন না থাকায় চট্টগ্রামের অনেক যাত্রী এতে ভ্রমণে আগ্রহী হন না। সর্বশেষ গত ২৬ অক্টোবর ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচলকারী মহানগর এক্সপ্রেসকে কক্সবাজার পর্যন্ত সম্প্রসারণ করা হয়েছে।

কক্সবাজার রেলপথের বাণিজ্যিক সম্ভাবনার চিত্রও উঠে এসেছে রেলওয়ের আয়ের হিসাবে। ২০২৫-২৬ অর্থবছরে রেলওয়ের পূর্বাঞ্চলের আন্তনগর ট্রেনগুলো থেকে প্রায় ৯৪৭ কোটি টাকা ভাড়া আদায় হয়। এর মধ্যে কক্সবাজার রুটে চলাচলকারী চার জোড়া ট্রেন থেকে আয় হয়েছে ১৪০ কোটি ৭০ লাখ টাকা। যা পূর্বাঞ্চলের আন্তনগর ট্রেনগুলোর মোট আয়ের প্রায় ১৫ শতাংশ।

ওই অর্থবছরে এই চার জোড়া ট্রেনে যাতায়াত করেছেন ২৩ লাখ ৮০ হাজার যাত্রী। প্রতিদিন গড়ে প্রায় ৬ হাজার ৫২১ জন যাত্রী এই রুটে চলাচল করেছেন। পরবর্তী সময়ে মহানগর এক্সপ্রেস যুক্ত হওয়ায় এ রুটে আয় আরও বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তবে প্রয়োজনীয় ইঞ্জিন ও কোচের অভাবে সেই সম্ভাবনা পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না।

রেলওয়ের পূর্বাঞ্চলের নিয়মিত ট্রেন পরিচালনার জন্য ১১৫ থেকে ১১৯টি ইঞ্জিন প্রয়োজন। কিন্তু বর্তমানে সচল রয়েছে ৭০ থেকে ৭৫টি। ইঞ্জিনের এই সংকটের কারণে মাঝেমধ্যে বিভিন্ন পথে ট্রেন চলাচল বন্ধ রাখতে হয়। কক্সবাজার রুটে নতুন ট্রেন চালু করার পরিকল্পনাও বাধাগ্রস্ত হচ্ছে।

রেলওয়ের পূর্বাঞ্চলের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওপিএস) মোহাম্মদ সফিকুর রহমান বলেন, কক্সবাজার রেলপথে যাত্রীদের প্রচুর চাপ রয়েছে। এ পথে নতুন ট্রেন চালু করা এবং বিদ্যমান রুটের কয়েকটি ট্রেন কক্সবাজার পর্যন্ত সম্প্রসারণ করা প্রয়োজন। তাঁদেরও এ বিষয়ে চেষ্টা রয়েছে। কিন্তু পর্যাপ্ত ইঞ্জিন ও কোচ না থাকায় পরিকল্পনা অনুযায়ী ট্রেন পরিচালনা করা সম্ভব হচ্ছে না।

রেলওয়ের কর্মকর্তারা জানান, চাঁদপুর, সিলেট ও ময়মনসিংহ থেকে চট্টগ্রাম পর্যন্ত চলাচল করা কয়েকটি ট্রেন কক্সবাজার পর্যন্ত সম্প্রসারণের সুযোগ রয়েছে। এতে সংশ্লিষ্ট জেলাগুলোর সঙ্গে কক্সবাজারের যোগাযোগ বাড়বে। পাশাপাশি পর্যটকদের যাতায়াত সহজ হবে এবং বিভিন্ন অঞ্চলের পর্যটন ও অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আসতে পারে।

রেলওয়ের পূর্বাঞ্চলের প্রধান বাণিজ্যিক ব্যবস্থাপক (সিসিএম) সুজিত কুমার বিশ্বাস বলেন, কক্সবাজার রেলপথে ট্রেনের চাহিদা ব্যাপক। তবে অন্যান্য রুটেও ট্রেন পরিচালনা করতে হয়। শুধু একটি রুটকে অগ্রাধিকার দেওয়া সম্ভব নয়। ইঞ্জিন ও কোচ কেনার প্রক্রিয়া চলছে। সেগুলো রেলের বহরে যুক্ত হলে কক্সবাজার রুটে আরও ট্রেন চালানোর পরিকল্পনা রয়েছে।

পরিকল্পিত চট্টগ্রাম ফোরামের সহসভাপতি ও পরিবহনবিশেষজ্ঞ প্রকৌশলী সুভাষ বড়ুয়া বলেন, শুধু রেললাইন নির্মাণ করলেই হবে না; ওই লাইনে ট্রেন চালাতে কত ইঞ্জিন, কোচ ও জনবল প্রয়োজন, তারও হিসাব করা দরকার ছিল। কক্সবাজার রেলপথ নির্মাণের সময় এসব বিষয়ে যথাযথ পরিকল্পনা করা হয়নি। পরিকল্পনার অভাবে যাত্রীরা যেমন বঞ্চিত হচ্ছেন, তেমনি রেলওয়েও রাজস্ব আয় বাড়ানোর সুযোগ হারাচ্ছে। সূত্র:প্রথম আলো


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca