নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ২৫ নভেম্বর (বুধবার) বিকেল ৪টায় নাচোল রেলওয়ে স্টেশন ফুটবল মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়।
“খেলাই শক্তি, খেলাই বল; মাদক ছেড়ে খেলতে চল”—এই স্লোগানকে সামনে রেখে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়।
ফাইনাল খেলায় পূর্ব মির্জাপুর বন্ধু একাদশ বনাম ভূমি সেবা সহায়তা কেন্দ্র ফুটবল দল অংশগ্রহণ করে। ৫০ মিনিটের পূর্ণাঙ্গ খেলায় পূর্ব মির্জাপুর বন্ধু একাদশকে ১-০ গোলে পরাজিত করে জয় লাভ করে ভূমি সেবা সহায়তা কেন্দ্র ফুটবল দল।
চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাসান ইমতিয়াজের সভাপতিত্বে উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আমিনুল ইসলাম। খেলায় দর্শকদের উদ্দেশ্যে তিনি বলেন, “আমাদের সকলকে খেলাধুলায় সম্পৃক্ত করতে হবে।” তিনি আরও বলেন, “আমার নির্বাচনী আসনের প্রত্যেক ইউনিয়নে সরকারিভাবে জমি অধিগ্রহণের মাধ্যমে একটি করে খেলার মাঠ তৈরি করব, ইনশাআল্লাহ।”
খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাচোল পৌর বিএনপির সাবেক সভাপতি মোঃ মোসাদ্দেকুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষক দলের সদস্য সচিব মোঃ দুরুল হুদা, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নুর কামাল, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তাজাম্মল হক ও কসবা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম,স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হামিদুর রহমান মুকুল সহ উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীবৃন্দ। উক্ত খেলায় সার্বিক সহযোগিতায় ছিলেন খেলা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও নাচোল পৌর যুবদলের সভাপতি নুহু আলম।
খেলার মধ্যবর্তী সময়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।