নওগাঁ, বাংলাদেশ গ্লোবাল: রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মুজিবর রহমান নামে এক মৃত ব্যক্তির পাশে কান্নারত তাঁর শিশু কন্যার ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। আজ মঙ্গলবার (৬ জুলাই) সকালে ভিডিওটি নওগাঁ জেলা প্রশাসনের নজরে আসে।
ভিডিও দেখে পোরশা উপজেলার নিতপুর ইউনিয়নের কলনীবাজার গ্রামের মৃত মুজিবর রহমানের বাড়ি খুঁজে বের করে স্থানীয় প্রশাসন। পরে প্রশাসনের পক্ষ থেকে নগদ ১০ হাজার টাকা এবং পাশাপাশি একটি মুদি দোকান করে দেয়ার আশ্বাস দেয়া হয়।
মৃত মুজিবুর রহমানের স্ত্রী তানজিলা জানান, বেশ কিছুদিন ধরে জ্বর ও শ্বাস কষ্ট হচ্ছিল তাঁর স্বামীর। এরপর স্থানীয় পল্লী চিকিৎসক, পাশের একটি ক্লিনিক এবং পরবর্তীতে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে তাঁকে সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন চিকিৎসকরা। সোমবার (৫ জুলাই) সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর সেখানে ভর্তির আগেই তাঁর মৃত্যু হয়। এসময় বাবাকে হারিয়ে লাশের পাশেই বসে কান্না করছিল আমার ছোট মেয়েটি। সেই ভিডিও পাশের একজন মানুষ ভিডিও করে ফেসবুকে দেন।
এ বিষয়ে নওগাঁর জেলা প্রশাসক হারুন অর রশিদ সাংবাদিকদের জানান, সকালে ভিডিওটি ফেসবুকে দেখার পর আমি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে তাঁর বাড়ি খুঁজে বের করে পরিবারের খোঁজ-খবর নিতে বলি। পরে সকাল সাড়ে ১১টার দিকে মৃত মুজিবুর রহমানের বাড়ি খুঁজে বের করে তাঁর পরিবারের খোঁজ খবর নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
তিনি আরো বলেন, মৃত ব্যক্তির পরিবারে স্ত্রী, ছোট দু’টি কন্যা সন্তান এবং ১০ বছর বয়সী একটি ছেলে রয়েছে। পরিবারটি অসহায় এবং আয়ের অন্য কোন উৎস না থাকায় তাৎক্ষণিক তাঁর স্ত্রী তানজিলার হাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ ১০ হাজার টাকা ও একটি মুদি দোকান করে দেয়ার আশ্বাস প্রদান করা হয়েছে।
সূত্র:বাংলাদেশ গ্লোবাল