সিরাজগঞ্জের সলঙ্গা থানা এলাকায় অভিযান চালিয়ে ২৫৫ গ্রাম হেরোইনসহ মোঃ শাহিনুর (৩২) নামে এক মাদক সরবরাহকারীকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১২।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) সকাল সাড়ে ৮টার দিকে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন সাতটিকরী তালতলা গ্রামে হামিম হাইওয়ে হোটেলের সামনে ঢাকা-রাজশাহী মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
এসআরবি-১২, সিরাজগঞ্জের অধিনায়কের দিকনির্দেশনায় তথ্যপ্রযুক্তির সহায়তায় সদর কোম্পানির একটি আভিযানিক দল মাদকবিরোধী এ অভিযান চালায়।
গ্রেফতার শাহিনুর জয়পুরহাট জেলার কালাই থানার দাউদিয়া আশুরাই গ্রামের মোঃ আব্দুল হান্নানের ছেলে।
এসআরবি সূত্রে জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহিনুর দীর্ঘদিন ধরে রাজশাহী সীমান্ত এলাকা থেকে হেরোইন সংগ্রহ করে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় পরিবহন ও সরবরাহের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
এ ঘটনায় গ্রেফতার আসামির বিরুদ্ধে সিরাজগঞ্জের সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এসআরবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।