চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর মাস পর্যন্ত ৯ মাসে চাঁপাইনবাবগঞ্জ জেলা লিগ্যাল এইড অফিসে বিকল্প পদ্ধতিতে বিরোধ নিষ্পত্তি হয়েছে ৪৩৪৪ টি। এছাড়াও ক্ষতিপূরণ ও পাওনা টাকা আদায় করে বিচারপ্রার্থীদের নিকট প্রদান করা হয়েছে ৪ কোটি ৭৮ লক্ষ ৮০ হাজার ৫৩৫ টাকা। গত ১০ মাসে বিকল্প পদ্ধতিতে বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে মোট ৪,৪৩৪ টি আবেদন দাখিল করা হয়েছে। রবিবার বিকালে জেলা লিগ্যাল এইড অফিসার মোঃ আবু সাঈদ এসব তথ্য জানান।
তিনি আরো জানান, গত নয় মাসে নিয়মিত আদালতে দায়েরকৃত মোট ৬১২ টি মামলায় আইনগত সহায়তা প্রদান করা হয়েছে এবং সম্পূর্ণ বিনা খরচে আইনগত পরামর্শ প্রদান করা হয়েছে ২,৮০৮ জন বিচারপ্রার্থীকে। আইনগত সহায়তা সেবা প্রদান সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গত ১০ মাসে তৃণমূল পর্যায়ে সভা-সেমিনারসহ ২৭ টি সচেতনামূলক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। সরেজমিনে নালিশী জমি পরিদর্শণের মাধ্যমে নিষ্পত্তি করা হয়েছে অসংখ্য বিরোধ। বর্তমানে জেলা লিগ্যাল এইড অফিসে চীফ লিগ্যাল এইড অফিসার, জেলা লিগ্যাল এইড অফিসারের পাশাপাশি আরো ২ জন স্পেশাল মেডিয়েটর কাজ করছেন।