মো: আল-মাহফুজ শাওন, খুলনা:
খুলনার শিববাড়ি মোড়ে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগে ফাহাদ হোসেন (২৪) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার (১১ নভেম্বর) ভোররাতে নগরীর শিববাড়ি মোড় থেকে তাকে আটক করা হয়।
আটক ফাহাদ হোসেন নগরীর ১৯ নম্বর শেখপাড়া এলাকার হাসান উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোররাতে একটি মোটরসাইকেলে করে তিন যুবক শিববাড়ি মোড়ে আসে। একপর্যায়ে তাদের মধ্যে একজন জুলাই স্মৃতিস্তম্ভের কাছে যায়। তার গতিবিধি সন্দেহজনক মনে হলে স্থানীয় কয়েকজন তাকে তল্লাশি করেন। এ সময় তার কাছ থেকে বোতলভর্তি পেট্রোল ও পটকা সদৃশ কিছু বস্তু উদ্ধার করা হয়।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই যুবককে থানায় নিয়ে যায়। এদিকে জনতা ও পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর দুই যুবক মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।
সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম জানান, ঘটনাস্থলে তিনজন যুবক ছিল। একজনকে আটক করা হয়েছে এবং পালিয়ে যাওয়া অপর দুজনের বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।